ডিএসইর সার্ভার জটিলতা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্ভার জটিলতায় রবিবার (৫ জানুয়ারি) নির্ধারিত সময়ে লেনদেন শুরু হতে দেরি হয়েছে। প্রতিষ্ঠানটির আইটি কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় ডিএসইর লেনদেন চালু হয়।

যথা সময়ে ট্রেডিং কার্যক্রম চালু করতে না পারায় বিনিয়োগকারী ও বাজারে অংশগ্রহণকারীসহ সবার লেনদেনে ভোগান্তি সৃষ্টি হয়। তাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ডিএসইতে সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ের লেনদেন চালু করা যায়নি। ডিএসইর আইটি টিম সার্ভার জটিলতা নিরসন করার পর বেলা ১১টা ৩০ মিনিটে লেনদেন চালু হয়। দেড় ঘণ্টা লেনদেন বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে ডিএসই রবিবার লেনদেনের সময় কিছুটা বাড়িয়েছে। অর্থাৎ অন্যান্য দিনে ডিএসইতে লেনদেন চলে সকাল ১০টা থেকে ২টা ৩০মিনিট পর্যন্ত। কিন্তু রবিবার ২টা ৩০ মিনিটের পরিবর্তে ২টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন চলে। আর পোস্ট ক্লোজিং চলে ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত।

ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিএসইর সেন্ট্রালাইজড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ডিএসই ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে রবিবার (৫ জানুয়ারি) ট্রেডিং কার্যক্রম চালু করতে বিলম্ব ঘটে।

সমস্যাটি সমাধানের জন্য নির্ধারিত সময়ে সার্বিক লেনদেন স্থগিত রাখা হয়। ডিএসই’র আইসিটি ইঞ্জিনিয়ার এবং ফ্লেক্সট্রেডের সহায়তায় সমস্যাটি সমাধান করে সকাল ১১টা ৩০ মিনিটে লেনদন শুরু হয় এবং লেনদেন কার্যক্রম দুপুর ৩টা পর্যন্ত চলবে মর্মে সিদ্ধান্ত হয়।

যথা সময়ে ট্রেডিং কার্যক্রম চালু করতে না পারায় বিনিয়োগকারী ও বাজারে অংশগ্রহণকারীসহ সবার সাময়িক অসুবিধার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। উল্লেখ্য যে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ডিএসই ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।




প্রস্তাবিত বাজেটকে ডিএসইর অভিনন্দন

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। উন্নয়ন ও উৎপাদনমুখী কার্যক্রমের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করার কৌশল নিয়ে আগামী বাজেট প্রণয়ন করা হয়েছে বলে মনে করেন তিনি।

শনিবার (৮ জুন) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায় ডিএসই।

ডিএসই মনে করে, উন্নয়ন ও উৎপাদনমুখী কার্যক্রমের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করার কৌশল নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, উন্নয়ন ও উৎপাদনমুখী পরিকল্পিত কর্মপন্থা ও ব্যবস্থাপনা কৌশল বাজেটে প্রস্তাব করা হয়েছে। এ জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বাজেট প্রস্তাবনাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৬ জুন) ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ শিরোনামে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি পণ্যের বৈচিত্রকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রান্তিক মানুষের সুযোগ সুবিধা বাড়ানো অগ্রাধিকারসহ সুখী-সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অঙ্গীকারে এ বাজেট পেশ করা হয়।

প্রস্তাবিত এ বাজেট দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট।




শহিদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ডিএসই’র

আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস।  ১৯৭১ সালে এই দিনে মুক্তিযুদ্ধ বিজয়ের উষালগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদর বাহিনী নৃশংসভাবে হত্যা করে বাঙালি জাতির বিবেক, চেতনা, মননশীলতা, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক-এ মাটির শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবীদের।

শহিদ বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবীর প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আজ সকাল ৯টায় ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, মো. শহীদুল ইসলাম, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ এবং জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।-বিজ্ঞপ্তি