জাতীয় বীমা দিবসে বিশেষ সম্মাননা পেল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

জাতীয় বীমা দিবস ২০২৩ উপলক্ষে বিশেষ সম্মাননা পেল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি গ্রহণ করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ফারজানা চৌধুরী।

এসময় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনও উপস্থিত ছিলেন।

জাতীয় বীমা দিবস ২০২৩ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির সার্বিক অগ্রগতি ও উন্নয়নের জন্য বীমার প্রয়োজনীয়তা অনুধাবন করে ২০২০ সাল থেকে ১ মার্চকে বাংলাদেশের জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন এনং সেই থেকে প্রতি বছর এদিনে পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস। ২০২০ সাল থেকে এই দিনে, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এবং বীমা প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর এই জাতীয় প্ল্যাটফর্মে বীমা খাতে তাদের অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এবছর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ছাড়াও আরো তিনটি বীমা প্রতিষ্ঠান এই বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে।




জাতীয় বীমা দিবস উদযাপনে বীমা কোম্পানিকে আইডিআরএ’র নির্দেশনা

সারাদেশব্যাপী জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপন, দ্রুত বীমা দাবি পরিশোধ ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বীমা প্রতিষ্ঠানসমূহকে ব্যাপক প্রচারণার নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ১৬ ফেব্রুয়ারি কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও সদস্য সচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত একটি চিঠি সকল বীমা কোম্পানি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে প্রেরণ করা হয়।

চিঠিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জাতীয় বীমা দিবস ২০২৩ ‘ক’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে আগামী ১ মার্চ উদযাপিত হবে। এবারের বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতি হিসেবে অংশগ্রহণ করার সম্মতি জ্ঞাপন করেছেন।

জাতীয় বীমা দিবস আগামী ১মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত সেবাপক্ষ হিসেবে পালনের জন্য বীমা প্রতিষ্ঠানসমূহকে কিছু নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়, পূর্বের অপরিশোধিত বীমা দাবি থাকে তা সেবাপক্ষের মধ্যে অতিদ্রুত পরিশোধ করা, লাইফ বীমাকারীর সারভাইভাল বেনিফিট সেবাপক্ষ চলাকালীন সময়ে দ্রুততার সাথে পরিশোধের ব্যবস্থা করা, নন-লাইফ বীমাকারীর ক্ষেত্রে সেবা পক্ষ চলাকালী সময়ে উত্থাপিত বীমা দাবি দ্রুততম সময়ে পরিশোধ করা এবং সেবা পক্ষে প্রদত্ত বিশেষ সেবাসমূহ একটি রেজিস্টারে সংরক্ষণ করে ৩১ মার্চের মধ্যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে কাছে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়, জাতীয় বীমা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রচারণার জন্য বীমা কোম্পানি/কর্পোরেশনের শাখা কার্যালয়সমূহকে ২৮ ফেব্রুয়ারি থেকে ০২ মার্চ পর্যন্ত তিন দিন পর্যন্ত ব্যানার, ফেস্টুন, নিজস্ব উদ্ভাবনী ধারণা কাজে লাগিয়ে সজ্জিতকরণের নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় করে রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সালের ১ মার্চ এটি প্রথম ‘খ’ ক্যাটাগরিতে জাতীয় দিবস হিসেবে পালিত হয়। এবছর জাতীয় বীমা দিবস ‘ক’ শ্রেণীতে পালিত হবে।