৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফরেন্স মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন্স’র জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি (রোববার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।




অবসরে যাচ্ছেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন

ঐচ্ছিক অবসরে যাচ্ছেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। আগামী ২৮ আগস্ট থেকে অবসরে যাচ্ছেন তিনি।

বুধবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে জানানো হয়, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। তার অভিপ্রায় অনুযায়ী সরকারি চাকরি আইন অনুযায়ী ২৮ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসর প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ ২৯ আগস্ট ২০২৩ থেকে ২৮ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল.) মঞ্জুর করা হলো।

তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন বলেও এতে জানানো হয়।




রাজশাহী ও সিলেট সিটিতে বুধবার ব্যাংক বন্ধ

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে আগামী ২১ জুন (বুধবার) নির্বাচনী এলাকায় সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার ( ১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরিভিশন এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ জুনের প্রজ্ঞাপন মোতাবেক রাজশাহী সিটি কর্পোরেশন ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং ৩টি পৌরসভার (নারায়ণগঞ্জ জেলার গোপালদী পৌরসভা, টাংগাইল জেলার বাসাইল পৌরসভা ও বগুড়া জেলার তালোড়া পৌরসভা) সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ২১ জুন বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা ও উপশাখা বন্ধ থাকবে।