৩৬ বছর পর অডিটর পরিবর্তন করল ডিএসই

দীর্ঘ ৩৬ বছর পর অবশেষে অডিটর পরিবর্তন করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এর আগে, স্বচ্ছতা এবং বৈচিত্র্য নিশ্চিত করার জন্য এ কাসেম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দেশের প্রধান স্টক এক্সচেঞ্জের নিরীক্ষক ছিল। ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব-নিকাশ অডিট করার জন্য হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে নিয়োগ করেছে ডিএসই।

গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত ডিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অডিটর পরিবর্তনের অনুমোদন দেয়।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, এজিএমে শেয়ারহোল্ডাররা অডিটর পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন এবং আগামী অর্থবছরের জন্য একজন নতুন অডিটর নিয়োগ করা হয়েছে।

এদিকে, শেয়ারহোল্ডাররাও ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। আগের অর্থবছরে ডিএসই তার শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

ডিএসইর বার্ষিক প্রতিবেদন অনুসারে, শেয়ারবাজারের অস্থিরতা এবং ফ্লোর প্রাইসের কারণে লেনদেন কম হয়েছে। ফলে ২০২২-২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটি রাজস্ব এবং মুনাফায় উল্লেখযোগ্য পতন হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য অর্থবছরে ডিএসইর রাজস্ব ২৫ শতাংশ কমে ২৩৮ কোটি টাকা হয়েছে। কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৮০ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৩৫ শতাংশ কম।




এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের সিইও শরিফুল ইসলাম

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরিফুল ইসলাম চৌধুরী।

বুধবার (৯ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্যদের সম্মতিক্রমে নতুন সিইও নিয়োগ দেওয়া হয়।

এর আগে মো. শরিফুল ইসলাম চৌধুরী কোম্পানিটির উপ-মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিবের দায়িত্বে ছিলেন। তিনি ২০০৭ সালের ১ নভেম্বর এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজার এবং অভ্যন্তরীণ নিরীক্ষা প্রধান হিসাবে যোগদান করেন।

এর আগে, তিনি একটি স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম থেকে সিএ (সিসি) সম্পন্ন করেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে এমবিএ করেছেন। হিসাব, নিরীক্ষা, প্রশাসন এবং কোম্পানি সচিবালয়ের ক্ষেত্রে তার ১৬ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।