আশ্বাস দিয়েও সকাল থেকে চলছে না চবির শাটল ট্রেন

দুইদিন বন্ধ থাকার পরে আজ রোববারও চলছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের প্রধান যাতায়াত মাধ্যম শাটল ট্রেন। গত বৃহস্পতিবার রাতে শাটল ট্রেনের ছাদে বসে যাতায়াতকালে গাছের সঙ্গে ধাক্কায় ১৭ শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ভাঙচুর ও লোকমাস্টারদের (ট্রেনের চালক) মারধর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য শাটল বন্ধ রাখার নির্দেশ দেন লোকোমাস্টাররা।

তবে সকালে ট্রেন চালু না হলেও বিকেল ৪টা থেকে চালানো হবে বলে উভয় পক্ষের বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার জানিয়েছেন।

এদিকে শুক্র ও শনিবার ট্রেন না চলায় রোববার ট্রেন চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ফলে শাটল চলাচলের বিষয়ে শনিবার সন্ধ্যা ৬টায় রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকে বসে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রুটে শাটল চলাচলের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকের পর শনিবার রাতে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আবিদুর রহমান সমকালকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে রেলওয়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে এখনও আলোচনা চলছে। লোকোমাস্টারসহ বিভিন্ন পক্ষের সআথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে গতকাল রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৌরভ সাহা জয় বলেন, ‘আগামীকাল রোববার (১০ সেপ্টেম্বর) থেকে স্বাভাবিক শিডিউলেই শাটল ট্রেন চলাচল করবে।’

রোববার নগরের বটতলী থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য প্রথম ট্রেনটি ছাড়ার কথা সকাল সাড়ে ৭টায়। সাড়ে ছয়টার দিকে ট্রেনের ইঞ্জিন লাগানোর কাজ শুরু হয়। তবে আজ রোববার সকাল ১০টায় এ সংবাদ লেখা পর্যন্ত ইঞ্জিন লাগানো হয়নি। এতে হাজারো শিক্ষার্থী শাটলের জন্য অপেক্ষা করতে দেখা যায়। পরে তারা বাসে বিশ্ববিদ্যালয়ের পৌঁছানোর চেষ্টা করেন। এদিকে পরীক্ষার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আটটি বাসের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ট্রেন চলাচলের বিষয়ে লোকোমাস্টারদের সঙ্গে আজ সকাল ৭টায় রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নগরের বটতলী স্টেশনে বৈঠকে বসার কথা ছিল। কিছুটা বিলম্বে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সকাল সোয়া ১১টার দিকে জানানো হয়, বিকেল ৪টা থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।

ভূগোল বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. মনির বলেন, ‘আজ আমাদের কোর্স ভাইবা আছে। শাটলের জন্য অপেক্ষা করেও ফেরত এসেছি। পরে বিশ্ববিদ্যালয়ের দেওয়া বাসে এসেছি।’

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী মালিহা সুলতানা বলেন, ‘শাটলের জন্য স্টেশনে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করে ফিরে আসতে হয়েছে। অথচ গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে বলা হয়েছিল শাটল চলবে। এখন বাসে করে যেতে হচ্ছে।’




পদ্মা ব্যাংকের ডিএমডি ও সিবিও পদে যোগ দিলেন ইমতিয়াজ উদ্দিন

পদ্মা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকে এসইভিপি, হেড অব রিটেইল, এসএমই এবং অ্যাগ্রিকালচার ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন।

মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস অনার্স ও এমএসএস সম্পন্ন করেন। পরে এশিয়ান ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে এমবিএ করেন।

দীর্ঘ ২৩ বছরের ব্যাংকিং পথচলায় তিনি রিটেইল ব্যাংকিং, এসএমই, অ্যাগ্রিকালচার ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং ও ব্রাঞ্চ ব্যাংকিং পরিচালনা করে আসছেন।

প্রিমিয়ার ব্যাংক ছাড়াও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, ইবিএল এবং ঢাকা ব্যাংকসহ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে নেতৃস্থানীয় ভূমিকায় কাজ করেছেন তিনি।

তিনি বর্ণিল কর্মময় জীবনে দেশ ও বিদেশে অনেক পেশাগত ও ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নেন।

নতুন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ইমতিয়াজ উদ্দিনের নেতৃত্বে পদ্মা ব্যাংকের কেন্দ্রীয়করণ বিপ্লব আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।




প্রাইম ব্যাংকের ডিএমডি সৈয়দ ওমর তৈয়ব

বেসরকারি প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন সৈয়দ এম ওমর তৈয়ব। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানা‌নো হয়।

এ‌তে বলা হয়, সৈয়দ এম ওমর তৈয়ব সম্প্রতি প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতি প্রাপ্তির পূর্বে ওমর তৈয়ব প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এমএসএমই ব্যাংকিংয়ের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যাংকের এমএসএমই ব্যাংকিং ব্যবসার রূপান্তর ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বর্তমানে তিনি ডেপুটেশনে প্রাইম ব্যাংকের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওমর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এমএসএমই ও কনজ্যুমার ব্যাংকিং বিভাগে নেতৃস্থানীয় ভূমিকায় ২২ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্স ও মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ইএমবিএ সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি তার কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।