অনিয়ম-দুর্নীতি খুঁজতে খাদ্যমন্ত্রীর অভিযান, গোডাউন সিলগালা

কুষ্টিয়ার খাজানগরে দেশের বৃহত্তম চালের মোকামে অভিযানে নেমেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখছেন মন্ত্রী ও তার টিমের সদস্যরা।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে এই অভিযান চলছে। এ সময় অবৈধভাবে গম মজুত করায় মেসার্স সুবর্ণা অটো ফ্লাওয়ার মিলের গোডাউন সিলগালা করা হয়। এ ছাড়া অবৈধ ধান মজুতের চিত্র পেয়ে আরেকটি মিলের ধানের গোডাউন সিলগালা করা হয়েছে।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

অভিযানে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




প্রতিকেজি সিদ্ধ চালের দাম ৪৪ টাকা : খাদ্যমন্ত্রী

জাতীয় সংসদে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি মৌসুমে ( ২০২৩ ) ধান, সিদ্ধ চাল ও গম সংগ্রহের জন্য সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে। এগুলো হলো, ধান প্রতি কেজি ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা ও গম প্রতি কেজি ৩৫ টাকা।

সোমবার (২৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতার প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্ব করেন।

নোয়াখালীর-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দেশের অধিক বজ্রপাত প্রবণ ১৫টি জেলায় ৩৩৫টি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, দেশের অধিক ঝুঁকিপূর্ণ ১৫ জেলায় বজ্রনিরোধক দণ্ড স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ৬ হাজার ৭৯৩টি বজ্রনিরোধক দণ্ড স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে এগুলো স্থাপন করা হবে বলে জানান তিনি।