দেশ সেরা হল ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট

দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক সেরা অ্যাসেট ম্যানেজার নির্বাচিত হয়েছে। কোম্পানিটি ২০২২ সালের অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ এ প্রথম স্থান অর্জন করেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিএসইসি আনুষ্ঠানিকভাবে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টসহ বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই পুরস্কার বিতরণ করেছে। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি’র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সুবর্ণজয়ন্তী পুরস্কার প্রাপ্তি সম্পর্কে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান বিএসইসির এই যুগোপযোগী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ পুরস্কার আমাদের নিবেদিতভাবে কাজ করার স্বীকৃতি। এটি আমাদেরকে মিউচুয়াল ফান্ড ও পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে আরও বেশি দায়িত্বশীল করবে।

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান রহমানের নেতৃত্বে ক্যাপিটেক সততার সঙ্গে কমপ্লায়েন্স মেনে তাদের ব্যবসার বিকাশ ও সম্প্রসারণ করছে। এছাড়াও দেশের মিউচ্যুয়াল ফান্ড তথা পুঁজিবাজার-এর উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চতি করতেও কাজ করছে। ফলস্বরূপ, কোভিড-১৯ মহামারী এবং বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ক্যাপিটেক সর্বদা তাদের বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন প্রদান করে আসছে। বর্তমানে ক্যাপিটেকের ব্যবস্থাপনায় তিনটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড পরিচালিত হচ্ছে। কোম্পানিটি ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’ নামে ২০০ কোটি টাকার একটি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড বাজারে আনছে।

উল্লেখ, বিএসইসি গতবছর থেকে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পুরস্কার দিয়ে আসছে। প্রতিষ্ঠানগুলোর এক বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে প্রতি ক্যাটাগরিতে তিনটি করে পুরস্কার দেওয়া হচ্ছে।




পুঁজিবাজারে ২০০ কোটির ফান্ড আনবে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট

দেশের পুঁজিবাজারে ২০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড আনবে দেশের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির নাম- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। ফান্ডটির বৈশিষ্ট্য হলো- মেয়াদি মিউচুয়াল ফান্ড (Close-end Mutual Fund)।

রোববার (১৪ মে) গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ফান্ডের উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক এবং ফান্ডের ট্রাস্টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ফান্ডের স্পন্সর গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পদ ব্যবস্থাপক হিসেবে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডেরও একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি সম্পাদন ও চেক হস্তান্তর অনুষ্ঠানে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ম. মাহফুজুর রহমান ও চিফ অপারেটিং অফিসার সুমিত পাল, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক একেএম সাইফুল মজিদ, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোসলেহ উদ্দীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা) ছাইদুজ্জামান ভূঞা, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) প্রদীপ কুমার সাহা, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান এবং উপমহাব্যবস্থাপক শরিকুল আনামসহ উপস্থিত ছিলেন তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, ফান্ডটির উদ্যোক্তা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক আর ফান্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করবে আইসিবি। ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড হবে ক্যাপিটেক অ্যাসেট পরিচালিত চতুর্থ মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটি সফলভাবে তিনটি বে-মেয়াদি (Open-end) মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে। আর এটি তালিকাভুক্ত হলে আকারের দিক থেকে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড হবে দ্বিতীয় বৃহত্তম মিউচুয়াল ফান্ড।

জানা গেছে, বৈশিষ্ট্যের দিক থেকে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড হবে একটি বর্ধিষ্ণু ফান্ড (Growth Fund)। এই ফান্ডের প্রধান উদ্দেশ্য হলো ক্যাপিটাল গেইন ও নগদ লভ্যাংশের সমন্বিত আয়ের উপর ভিত্তি করে ঝুঁকি সামঞ্জস্যপূর্ণ আয় করা এবং পুঁজিবাজার ও মুদ্রাবাজারে অনুমোদিত উপকরণগুলোতে বিনিয়োগ করে ফান্ডের ইউনিটহোল্ডারদের ভালো লভ্যাংশ প্রদান করা।