সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা এ অভিযান চালায়। কোস্ট গার্ডের চলমান অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় ১২ মিটার গভীরতায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল, ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ ও ৩৮ জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা ট্রলিং বোট, জাল, মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ রোহিঙ্গাসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১২ টন ইউরিয়া সার ও বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একজন রোহিঙ্গাসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার দিবাগত রাতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন। এ সময় সন্দেহজনক একটি বোটের গতিবিধি নজরে এলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়।

তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করে। এরপর বোটটিতে তল্লাশি চালিয়ে ২৪০ বস্তা ইউরিয়া সার, ১৯০ বস্তা রসুন ও ৯০ বস্তা পেঁয়াজ পাওয়া যায়।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, জব্দ করা ইউরিয়া সারের পরিমাণ ১২ হাজার কেজি, রসুন ৩ হাজার ৮০০ কেজি এবং পেঁয়াজ ৪ হাজার ৫০০ কেজি। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা।

জব্দ করা পণ্য, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।