ঈদের দিন ছাড়া খোলা থাকবে সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন

কোরবানির ঈদের ছুটির মধ্যে ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন। ঈদ উপলক্ষে ২৫-৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৮ মে) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো আল আমিন শেখ এ তথ্য জানান।

রোববার এ সংক্রান্ত আদেশ জারি করে এনবিআর। এরই মধ্যে দেশের সব কাস্টমস কমিশনারকে এটি জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এ নির্দেশের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সব পক্ষকে জানানো হয়।




গণপরিবহন সংকটে ভোগান্তি ঈদ ফেরত যাত্রীদের

কোরবানির ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী ঢাকা। সরকারি অফিস-আদালত খুলছে রোববার (১৫ জুন)। তাই আজ (শনিবার) সকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামের বাড়িতে যাওয়া মানুষরা। তবে, রাজধানীতে ফিরে গণপরিবহন সংকটের কারণে বেকায়দায় পড়েছেন তারা।

ঢাকার প্রবেশমুখে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, টিটিপাড়াসহ আশপাশের বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো একের পর এক ঢুকছে রাজধানীতে। তবে বাস থেকে নেমেই দুর্ভোগে পড়তে হচ্ছে অনেককেই।

ঢাকায় নামার পর সবচেয়ে বড় সমস্যায় পড়ছেন গণপরিবহন পেতে। বাস কাউন্টারে নামার পর যাত্রীরা দেখছেন, রাজধানীতে চলাচল করা বাসের সংখ্যা খুবই কম। অনেক সময় বাস এলেও তা ছিল যাত্রীতে ঠাসা।

ঈদের পর কর্মদিবস শুরুর আগের দিন হওয়ায় এমনিতেই চাপ বেশি। তার ওপর গণপরিবহনের এই সংকট ঢাকায় ফেরত মানুষের ভোগান্তিকে আরও বাড়িয়ে তুলেছে।

বিভিন্ন বাস কাউন্টার এলাকায় দেখা গেছে, একাধিক পরিবার শিশু ও লাগেজসহ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে রিকশা বা সিএনজি অটোরিকশার দ্বারস্থ হচ্ছেন। তবে ভাড়া বেশি বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

কুমিল্লা থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে আসা ফিরোজা বেগম নামের একজন যাত্রী বলেন, দুপুর ২টায় বাস থেকে নেমেছি। আধা ঘণ্টা দাঁড়িয়েও এখনো বাস পাইনি। ছেলে আর ব্যাগ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। সিএনজিতে ভাড়া বেশি চাচ্ছেন।

একই ধরনের অভিযোগ করেন চট্রগ্রাম থেকে আসা আসাদুল ইসলাম নামের আরেক যাত্রী। তিনি বলেন, শুধু ঢাকায় পৌঁছালেই তো হলো না। বাসা পর্যন্ত যেতে হবে। কিন্তু বাসতো কম। যা চলছে তাতেও সিট নেই।




চামড়া শিল্পখাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী করণীয় নির্ধারণ করেছে সরকার

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে চামড়া শিল্পখাতের সার্বিক উন্নয়নে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদী করণীয় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পাশাপাশি চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রাপ্তির ব্যাপারেও পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।

রোববার (১২ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স’র ৭ম সভায় একথা জানান তিনি।

সভায় মন্ত্রী বলেন, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে চামড়া শিল্পখাতের সার্বিক উন্নয়নে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদী করণীয় নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিগত সহযোগিতাসহ এসব করণীয় বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাসের কথাও জানান তিনি।

সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ টাস্কফোর্সের সদস্যরা অংশগ্রহণ করেন।

মন্ত্রী আরও বলেন, চামড়া শিল্পখাতে সংরক্ষণ সুবিধা বাড়াতে হবে যাতে চামড়া নষ্ট না হয়। চামড়া ব্যবসায়ী/পাইকাররা যাতে পুঁজির সমস্যায় না পড়েন ও সহজ শর্তে ঋণ পান, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোরবানির ঈদে পশুর চামড়া এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠানো হয়ে থাকে। এর সঙ্গে আমাদের ধর্মীয় অনুভূতি জড়িত। তাই কোরবানির চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। তাছাড়া কোরবানির ঈদে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আগের অবস্থা আর নেই। এক্ষেত্রে অনেক উন্নয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ এবং চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংগ্রহ ও সংরক্ষণের জন্য বিজ্ঞাপন/টিভিসি আকারে বিভিন্ন মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা, স্থানীয়ভাবে চামড়া সংগ্রহ এবং পর্যাপ্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য কৌশলগত স্থানে অস্থায়ী সংরক্ষণাগার নির্মাণ, কোরবানির পশুর চামড়ার পাচার রোধ ও চামড়া সংগ্রহের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাগিদ দেওয়া হয়। এ ছাড়া চামড়া পরিবহন কার্যক্রমে কোনো প্রকার চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা বাধার সৃষ্টি যাতে না হয় এবং চামড়া নিয়ে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে যেন কোনো গুজব না ছড়ায় সে বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া চামড়া শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও এতিমখানাগুলোতে বিনামূল্যে লবণ সরবরাহ করতে বিসিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয় সভায়। পাশাপাশি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) প্রতিনিধির অনুরোধে চামড়া ব্যবসায়ীদের ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করার কথাও জানানো হয়।




কোরবানির ঈদ পর্যন্ত নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আন্তর্জাতিক বাজারের যে অবস্থাই হোক আমাদের আগামী দুই থেকে তিন মাস অর্থাৎ কোরবানির ঈদ পর্যন্ত পণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। বিশেষ করে ভোজ্যতেল যথেষ্ট পরিমাণে আমদানি করা হয়েছে বা সাপ্লাই চেইনে রয়েছে। চিনি নিয়েও আমাদের কোনো সমস্যা নাই। চিনি নিয়ে সব মিল মালিক এবং পাইকারি বিক্রেতার আশ্বস্ত করেছেন।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্স সভা শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েও কোনো সমস্যা হবে না। বাজারে কৃষিজ উৎপাদিত পণ্যের বাজার দরও অনেকটা যৌক্তিক পর্যায়ে চলে এসেছে। কিছু পণ্যের যৌক্তিক যে দাম নির্ধারণ করা হয়েছে তার থেকেও কম দামে বিক্রি করা হচ্ছে। এটা রমজানে অনেকের জন্য সাশ্রয়ী।

টিটু বলেন, আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি প্রতিনিধি রয়েছেন। আপনারা জানেন তাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। কীভাবে যৌক্তিক মূল্যটা দীর্ঘসময় ধরে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। আপনারা অবহিত আছেন, পরিবহন তার মধ্যে অন্যতম একটা চ্যালেঞ্জ। সেটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের বিভিন্ন এজেন্সি কাজ করছে। আমরা এনবিআর এর সঙ্গে কথা বলেছি যাতে আগামী বাজেটের আগে আমাদের সব নিত্যপণ্য যেন সারা বছরের জন্য একটা যৌক্তিক পর্যায়ে রাখতে পারি। শেষ মুহূর্তে এসে আমাদের যেনো পরিকল্পনার কারেকশন করতে না হয়। একইসঙ্গে আমাদের আমদানিকারক ও উৎপাদক আছে তাদের জন্য ১২ মাসের একটা পরিকল্পনা হলে সবার জন্য সুবিধা হয়।

তিনি আরও বলেন, টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে যে চাল, চিনি, তেল, ডাল ও ছোলা দেওয়া হচ্ছে এটাতে উপজেলা শহরগুলোতে একটি ইতিবাচক প্রভাব পড়েছে।
সেটার একটা সুফল বাজার পাচ্ছে। একই সঙ্গে বাজারে নতুন সবজি ওঠায় সবজির বাজারেও স্বস্তি লক্ষ্য করছি। যদিও শহরের দু-একটা জায়গায় আপনারা একটু-আধটু সমস্যা খুঁজে পান।