ফুল রফতানি করে ৫০ কোটি ডলার আয় সম্ভব: কৃষিমন্ত্রী

ফুল রফতানি করে ৫০ কোটি ডলার আয় করা সম্ভব বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘সারা বিশ্বে ৩৬ বিলিয়ন ডলারের ফুলের বাজার রয়েছে। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলারের বাজার ধরার মতো সুযোগ আমাদের রয়েছে, সে সুযোগ কাজে লাগাতে হবে।’ গতকাল সকালে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সন্নিকটে বেড়িবাঁধে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে নির্মিত পাইকারি ফুলের আধুনিক বাজার ও প্রসেসিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি সামনে আরো বিকশিত হবে। সেখানে ফুল বিরাট ভূমিকা রাখতে পারবে। সেজন্য, ফুলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং তার ব্যাপক সম্প্রসারণ করতে হবে।’ তিনি এ সময় বিজ্ঞানী ও উদ্যানতত্ত্ববিদদের দ্রুত ফুলের আধুনিক জাত ও প্রযুক্তি উদ্ভাবনের নির্দেশ প্রদান করেন।

 

পাইকারি ফুলের বাজারকে কৃষি বিপণনের ক্ষেত্রে মাইলফলক হিসেবে উল্লেখ করে ড. রাজ্জাক বলেন, ‘এ বাজারকে আধুনিক ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করতে হবে। কোনোরকমের অব্যবস্থাপনা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

টাকা পাচার রোধে সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে দেশে ডলারের কিছু ঘাটতি চলছে। এ ঘাটতির পেছনে একদিকে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধি। অন্যদিকে রয়েছে দেশের ভূমিদস্যু, কিছু ব্যবসায়ী ও চাকরিজীবী, যারা অর্থ পাচারের মাধ্যমে দুবাই, কানাডা, মালয়েশিয়ায় বাড়ি কিনেছেন ও সম্পদের মালিক হয়েছেন।’

তিনি বলেন, ‘ভূমিদস্যু, কিছু ব্যবসায়ী ও চাকরিজীবী অর্থ পাচার করে দিনেদুপুরেই দেশটাকে ডাকাতি করছে। এদেরকে রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এদেরকে মোকাবেলা করা খুবই কঠিন। স্থানীয় ও আন্তর্জাতিক চক্র এর সঙ্গে জড়িত। সেজন্য, যারা অর্থ পাচার করে, সম্পদ লুটে বিদেশে নিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এদের হাত থেকে জাতিকে মুক্ত করতে হবে।’

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি বিপণন অধিদপ্তরের সাবেক কর্মকর্তা মাসুদ করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাবুল প্রসাদ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে ফুল ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশে দেড় হাজার কোটি টাকার ফুলের বাজার রয়েছে, যেখানে ১৫ লাখ মানুষ নিয়োজিত।




কৃষি বিপণন অধিদপ্তর ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন ডিজি

কৃষি বিপণন অধিদপ্তর ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগসহ প্রশাসনে ৭ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) এ রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল কালাম আজাদকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম।

এছাড়া ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ এর প্রকল্প পরিচালক কেয়া খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

অন্যদিকে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়মা ইউনুসকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুন নাহার হেনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।