শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৩ জনের কারাদণ্ড

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৬ জনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নির্বিঘ্নে আগমন ও প্রস্থান নিশ্চিত করা, বিমানবন্দরের দোকান ও লাউঞ্জের খাবারের মান ও মূল্যতালিকা যাচাই এবং টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখতে রোববারসহ বিগত কয়েক দিন বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিমানবন্দরের নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭(২) ও ৯০ ধারায় ১৫ জনকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া যাত্রী হয়রানির অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে ৩০ দিন এবং অন্য দুজনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিমানবন্দরে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত ও অন্যান্য সেবা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক।




ঋণ কেলেঙ্কারি দায়ে তিন ব্যাংক কর্মকর্তাকে ১০ বছরের সাজা

বিল-ভাউচার টেম্পারিং ও প্রতারণার মাধ্যমে তিন কোটি ৯২ লাখ ১৯ হাজার ১৪ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রাইম ব্যাংকের সাবেক ফেসিলিটি স্টাফ মো. সালমান এফ রহমান ওরফে বাবুসহ তিন কর্মকর্তার ১০ বছর থেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত থেকে এ আদেশ দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

রায়ের আদেশে বলা হয়েছে, প্রাইম ব্যাংকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. শাহজাহান আলী সরকারকে দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পেনাল কোডের ৪৬৭ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ১৪ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। এ জরিমানার অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হলো। বাজেয়াপ্তকৃত টাকা ফৌজদারি কার্যবিধি আইনে ৩৮৬ ধারার ১(ক) উপধারা মোতাবেক আদায়যোগ্য।

অপর আসামি প্রাইম ব্যাংকের সাবেক ফেসিলিটি স্টাফ মো. সালমান এফ রহমান ওরফে বাবু (পলাতক) ও মো. জুলফিকার আলীকে পেনাল কোডের ৪০৯ ধারায় দোষী সাবাস্ত করায় ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পেনাল কোডের ৪৬৭ ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। প্রত্যেক আসামির সব সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

বিল-ভাউচার টেম্পারিং ও প্রতারণার মাধ্যমে তিন কোটি ৯২ লাখ ১৯ হাজার ১৪ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ৯ মার্চ প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ফজলুর রহমান পাটোয়ারী বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলার অপরাধ দুদকের তফসিলভুক্ত হওয়ায় পরবর্তী সময়ে এর তদন্তভার কমিশনে আসে। এরপর তদন্ত কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান আদালতে চার্জশিট দাখিল করেন।