৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে পায়রা বন্দরে বিদেশী জাহাজ

তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে একের পর এক বিদেশী জাহাজ ভিড়ছে পায়রা বন্দরে। এমভি সাগর কান্তা নামের একটি মাদার ভেসেল কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পরে কয়লা নিয়ে এটি দিয়ে পঞ্চম জাহাজ ভিড়লো। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের উপ-পরিচালক আজিজুর রহমান।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৬টায় সিঙ্গাপুরের পতাকাবাহী এমডি সাগর কান্তা ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে পায়রা বন্দরে আসে। বর্তমানে জাহাজটিকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসা হচ্ছে।

জানা যায়, ৯.৪৮০ মিটার গভীর ও ১৯৯.৯৮ মিটার দৈর্ঘ্য এবং ৩২.২৬ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে ছেড়ে আসে। জাহাজটি পায়রা বন্দরের আউটারেজ থেকে ইনার অ্যাঙ্কোরেজে আনা হচ্ছে।

উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে এমডি সাগর কান্তা নামে একটি কয়লাবাহী জাহাজ আজ মঙ্গলবার সকালে পায়রা বন্দরে এসে পৌঁছায়। এতে ৩৭ হাজার ১৩৩ টন পহেলা রয়েছে। পায়রা বন্দরের আউটারেজ থেকে জাহাজটি নিয়ে বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে আনা হচ্ছে। এ নিয়ে এ সপ্তাহে দুটি জাহাজ কয়লা নিয়ে এসেছে।

উল্লেখ্য যে, কয়লার অভাবে বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এমভি সাগর কান্তা এটি পঞ্চম জাহাজ। গত রোববার এমভি সুমিত নামে একটি জাহাজ আসে। এর আগে ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল। এছাড়া পাভো ব্রেভ ও অ্যাথেনা নামের আরও তিনটি জাহাজ বন্দরে আসে এবং কয়লা খালাস কার্যক্রম শেষ করে গত ২৫ জুন বিদ্যুৎ উৎপাদন শুরু করে।




কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায় মোংলা বন্দরে পৌঁছেছে। শনিবার (১০ জুন) ভোর ৫টার দিকে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে।

এর আগে ২১ মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। সকাল থেকেই এ জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার বা কোস্টার জাহাজে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া শুরু হয়েছে।

বিদেশি জাহাজ ‘জে হ্যায়’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, কয়লা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায় ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হয়েছে।

এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম.ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এম ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছিল মোংলা বন্দর হয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে।

এদিকে কয়লা সংকটের কারণে গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ৯ জুন বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এই বিদ্যুৎকেন্দ্র দুটি বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদের মধ্যেই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য সুখবর নিয়ে মোংলা বন্দরে ভিড়ে কয়লাবাহী জাহাজ এম ভি জে হ্যায়।