কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে পাঁচ লাখ টাকা জরিমানা
আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ না দেয়ায় কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
একইসঙ্গে কোম্পানিটিকে আগামী ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জরিমানার টাকা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে-অর্ডার করে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বেঁধে দেয়া সময়ের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা না হলে পুনরায় কোম্পানিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ২৯ জানুয়ারি বীমা কোম্পানিটির চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে এ পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না দিয়ে কোম্পানিটি বীমা আইন ২০১০ এর ৮০ ধারা লঙ্ঘন করেছে। এই প্রেক্ষিতে কর্তৃপক্ষের ১৭৮তম সভায় বীমা কোম্পানিটির বিষয়ে বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক ৩টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো হলো- ১. বিগত ১ জুলাই ২০২৪ তারিখ হতে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করায় কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা আরোপ; ২. আগামী ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে; ৩. ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা না হলে পুনরায় কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হবে।