বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।




লভ্যাংশ ঘোষণা করেছে কৃষিবিদ সিড

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি কৃষিবিদ সিড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.১০ পয়সা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে।

এর আগে রোববার (১৮ সেপ্টেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৪টায় ডিজিটাল প্ল্যাটফর্মে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৭ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৮৫ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।




কৃষিবিদ ফিডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্ম ও বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ঘোষিত বোনাস লভ্যাংশ পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে প্রদান করা হবে।

তথ্য মতে, সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯১ টাকা।

২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৫৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ বিকেল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩ মার্চ নির্ধারণ করা হয়েছে।




এসএমই প্ল্যাটফর্মে ৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ৫টি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অরিজা এগ্রো: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৩৫ টাকায়। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

মাস্টার ফিড এগ্রোটেক: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৯১ টাকায়। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

হিমাদ্রি: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৬২ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে এক হাজার ৮২২.৭৪ টাকায়। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

এমকে ফুটওয়্যার: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৩১ টাকায়। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

মোস্তফা মেটাল: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৬ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.১৫ টাকায়। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।




এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে চায় ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং

দেশের পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে আগ্রহী পোশাক খাতের প্রতিষ্ঠান ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং লিমিটেড। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং লিমিটেড।

সম্প্রতি রাজধানীর বারিধারায় ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র করপোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল। পাশাপাশি প্রতিষ্ঠানটি পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল’র পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার এবং ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র পক্ষে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ.এল.এম. জিয়াউল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র ডিরেক্টর অপারেশনস জুবায়ের বিন জিয়া রুবাবসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

প্রসঙ্গত, ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং লিমিটেডের কারখানা টাঙ্গাইল জেলার করটিয়া উপজেলার তারুটিয়া গ্রামে অবস্থিত। ২০১৪ সালের কোম্পানটির দায়িত্ব নেন ইঞ্জিনিয়ার এ.এল.এম জিয়াউল হক। ২০১৫ সাল থেকে কোম্পানিটি উৎপাদন কার্যক্রম শুরু করে। কোম্পানিটির কটন ইয়ার্ন, টুইস্টেড পলিয়েস্টার ইয়ার্ন ও সুইং থ্রেড ডাইং প্ল্যান্ট রয়েছে।




যোগ্য বিনিয়োগকারীদের এমকে ফুটওয়্যারের শেয়ার বরাদ্দ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির জন্য এমকে ফুটওয়্যার পিএলসির শেয়ার বরাদ্দ সম্পন্ন হয়েছে। স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে এসব শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

সোমবার (১৯ জুন) শেয়ার বরাদ্দ অনুষ্ঠান ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে অনুষ্ঠিত হয়।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, কোম্পানির বিনিয়োগকারীদের জন্য মোট ১০ কোটি টাকার বিপরীতে ৫৫৩ কোটি ৬৬ লাখ টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৫৫.৩৭ গুণ বেশি। প্রতি ২ লাখ টাকা আবেদনের বিপরীতে যোগ্য বিনিয়োগকারীরা ৩৬১টি শেয়ার বরাদ্দ পায়।

উল্লেখ্য, এমকে ফুটওয়্যার পিএলসির সাবস্ক্রিপশন পিরিয়ড ছিল ১১ থেকে ১৫ জুন পর্যন্ত।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ এমকে ফুটওয়্যার পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, ইস্যুয়ার আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের কোম্পানি সচিব মো. রাকিব সাদীসহ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র এমআইএস এন্ড ডেভেলাপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. আব্দুল কাদের খন্দকার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।




এমকে ফুটওয়্যারের কিউআইও আবেদন শুরু ১১ জুন

শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া এমকে ফুটওয়্যার পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানির কিউআইও আবেদন গ্রহণ আগামী ১১ জুন সকাল ১০টা থেকে শুরু হবে। চলবে ১৫ জুন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সোমবার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিএসইসির ৮৫৮তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস, ২০২২ অনুযায়ী এমকে ফুটওয়্যার ১ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১০ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে।

পুঁজি উত্তোলন করে কোম্পানিটি বিদ্যমান যন্ত্রপাতি ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানির ২০২১ সালের ১ জুলাই হতে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী ডাইলুটেড শেয়ারপ্রতি মুনাফ (ইপিএস) ৩.১৯ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) পুনঃমূল্যায়ন ছাড়া ১২.৯৫ টাকা।

এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ হতে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনা ও আন্ডার রাইটারের দায়িত্বে নিয়োজিত রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।




ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ডিএসই সিএসইর সঙ্গে আল-মদিনা ফার্মার চুক্তি

পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এবং আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) ডিএসই টাওয়ার, নিকুঞ্জে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র ডেপুটি ম্যানেজার মো. জাহিদুল ইসলাম এবং আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ডিএসই, সিএসই, আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইস্যুয়ার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবস্ক্রিপশন ৭ মে থেকে শুরু হয়েছে। এ আবেদন গ্রহণ চলবে ১১ মে পর্যন্ত।