আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডাগআউটের সামনে পতাকা নিয়ে প্রস্তুত হয়েই ছিল একাদশের বাইরে থাকা বাকি ক্রিকেটাররা। গ্যালারিতেও হাজার পাঁচেক দর্শকের উল্লাস দেখে মনে হচ্ছিলো ম্যাচটা বুঝি মিরপুরেই অনুষ্ঠিত হচ্ছে। তারাও প্রস্তুত ক্রিকেটারদের বিজয়ী ল্যাপ অব অনারের জবাব দিতে।

শেখ পারভেজ জীবনের করা ২৫তম ওভারের পঞ্চম বলে ওমিদ রেহমান যখনই ক্যাচটা তুলে দিলেন মোহাম্মদ শিহাবের হাতে, ওমনি পতাকা নিয়ে দৌড়ে মাঠে প্রবেশ করলেন ডাগআউটে প্রস্তুত থাকা ক্রিকেটাররা। গ্যালারিতে চলছে তখন উল্লাসের ঢেউ। ১৯৫ রানের বিশাল ব্যবধানে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ!

২৮২ রানের বিশাল স্কোর গড়ার পরই বোঝা গিয়েছিল, আরও একটি ম্যাচ জিততে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুধু জয়ই নয়, যুবাদের এশিয়ান ক্রিকেটেও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে জুনিয়র টাইগাররা।

কাজটা বাকি ছিল শুধু বোলারদের। মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন, রোহানাত দৌলা বর্ষণ এবং শেখ পারভেজ জীবনরা সেই কাজটা খুব সহজেই শেষ করে দিলেন। স্বাগতিক আরব আমিরাতকে ২৪.৫ ওভারে অলআউট করলেন মাত্র ৮৭ রানে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিকদের ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে নাম লিখেই চমক দেখিয়েছিল আরব আমিরাত। ফাইনালে উঠে আসা যে কোনো দলই সমীহ পাওয়ার যোগ্য। গ্রুপ পর্বে বাংলাদেশ আরব আমিরাতকে হারালেও ফাইনালের কঠিন পরীক্ষায় স্নায়ুর চাপে কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে থাকবে- সেটাই ছিল গুরুত্বপূর্ণ বিষয়।

কিন্তু আরব আমিরাতের ক্রিকেটাররা যে এমন অসহায় আত্মসমর্পণ করবে, তা হয়তো ঘূর্ণাক্ষরেও কেউ ভাবতে পারেনি। প্রথমে আশিকুর রহমান শিবলির দুর্দান্ত সেঞ্চুরি, এরপর মারুফ মৃধা, রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন এবং শেখ পারভেজ জীবনদের নিয়ন্ত্রিত এবং বিধ্বংসী বোলিংয়ে এশিয়ার সেরার মুটুক উঠলো বাংলাদেশ দলের মাথায়।

আকবর হোসেনের নেতৃত্বে তানজিদ তামিম, তানজিম সাকিব, শরিফুল, তাওহিদ হৃদয়রা জয় করেছিল বিশ্বকাপ। এবার মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে আশিক, জিসান, রিজওয়ান, মৃধা, আহরার এবং জীবনরা জিতলো এশিয়ার স্রেষ্ঠত্বের মুকুট।

২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি আরব আমিরাতের ব্যাটাররা। সর্বোচ্চ ২৫ রান (অপরাজিত) করেন ধ্রুব পারাসার। অক্ষত রাই করেন ১১ রান। আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

মারুফ মৃধা এবং রোহানাত দৌলা বর্ষণ নেন ৩টি কর উইকেট। ২টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন এবং শেখ পারভেজ জীবন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আরব আমিরাতের সামনে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার আশিকুর রহমান শিবলি খেলেছেন ১২৯ রানের অনবদ্য একটি ইনিংস।

এবারের এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করেছেন আশিকুর রহমান শিবলি। এনিয়ে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন অপরাজিত ১১৬ রানের ইনিংস। জাপানের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৫৫ এবং আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলেছেন ৭১ রানের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই ওপেনার জিশান আহমেদের উইকেট হারিয়ে বিপদে পড়ে যুব টাইগাররা। কিন্তু দ্রুতই সামলে নেন আশিকুর রহমান শিবলি এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

দুজনের ১২৫ রানের অনবদ্য জুটি গড়ে তোলেন এই দুজন। ৭১ বলে ৬০ রান করে রিজওয়ান আউট হলেও আশিকুর রহমান সেঞ্চুরির পথে এগিয়ে যান। তার সঙ্গে ব্যাট করতে নেমে ঝড় তোলেন আরিফুল ইসলাম। ৪০ বলে ৫০ রান করে আউট হন তিনি।

শেষ দিকে নিয়মিত বিরতিতে বেশ কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। এমনকি ইনিংস শেষ হওয়ার এক বল আগে আউট হন আশিকুর রহমান শিবলিও। ১৪৯ বলে ১২ বাউন্ডারি এবং ১ ছক্কায় ১২৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৮২ রান।

আরব আমিরাতের হয়ে আয়মান আহমেদ নেন ৫২ রানে ৪ উইকেট। ২ উইকেট নেন ওমিদ রেহমান, ১টি করে উইকেট নেন হার্দিক পাই এবং আম্মার বাদামি।




সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় পাঠান

এশিয়া কাপের বাংলাদেশের ব্যর্থতার ক্ষতে প্রলেপ দিয়েছে ভারতের বিপক্ষে ৬ রানের জয়। শেষ ম্যাচের ওই জয় বাংলাদেশকে নিয়ে গিয়েছে টুর্নামেন্টের ৩য় স্থানে। সেইসঙ্গে ক্রিকেটারদের মাঝেও যুক্ত হয়েছে বাড়তি আত্মবিশ্বাস। লোয়ার অর্ডারে রান আসা, পেসারদের নিয়ন্ত্রিত বোলিং সবমিলিয়ে ক্রিকেটে তাক লাগানো ফলাফল উপহার দিয়েছে বাংলাদেশ।

ফাইনাল শেষে বাংলাদেশের প্রশংসা ঝরলো ভারতীয় সাবেক পেসার ইরফান পাঠানের কণ্ঠেও। বাংলাদেশি গণমাধ্যমকে সাবেক এই পেসার বলেন, ‘বাংলাদেশ ম্যাচ জিতে দেখিয়েছে তারা কী করতে পারে। সাকিব, অন্য স্পিনার এবং পেসাররা ভালো করেছে। ভারত মূল একাদশ নিয়ে খেললে আমি মনে করি তাদের বিপক্ষে কেউই জিততে পারত না।’

 

ব্যাটে বলে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। অধিনায়কত্বেও দেখা গিয়েছিল আত্মবিশ্বাসের ছাপ। সাকিবকে নিয়েও তাই প্রশংসাই করলেন ইরফান, ‘সাকিবকে খেলতে দেখে অনেক ভালো লাগে। সে কোয়ালিটি প্লেয়ার। সে বাংলাদেশের লিডার। তবে আমি বাংলাদেশের কাছ থেকে সামনে আরো ভালো পারফরম্যান্স আশা করি।’

বাংলাদেশের ব্যাপারেও ইরফানের মুখে শোনা গেল আত্মবিশ্বাসের সুর, ‘সাকিব অধিনায়ক হিসেবে ভালো করছে। ভারতের বিপক্ষে জয় তাদেরকে অনেক আত্মবিশ্বাস এনে দেবে। বাংলাদেশ কিন্তু অনেক বছর ধরেই ভালো খেলছে। এখন তাদের ফাস্ট বোলিং ইউনিট অনেক ভালো। কম্বিনেশন ভালো থাকলে সামনে তারা আরো ভালো করতে পারবে।’




আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারের পর আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারীর। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ।

একাদশ থেকে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

লিটন দাস ও তামিম ইকবাল না থাকায় গত ম্যাচে নাঈম শেখের সঙ্গে ওপেন করতে এসেছিলেন অভিষিক্ত তানজিদ তামিম। তবে এক ম্যাচ পরই বাদ দেওয়া হয়েছে তরুণ এই ব্যাটারকে। আজ নাঈমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। ব্যাটিং অর্ডারে তিনে নাজমুল শান্ত, চারে সাকিবের পর ক্রমান্বয়ে রাখা হয়েছে হৃদয়, মুশফিক, শামীম ও আফিফকে।

হারলে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। জিতলেও নিশ্চিত নয় সুপার ফোর। আজ আফগানিস্তানকে হারালেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগান ম্যাচের দিকে। ওই ম্যাচেই নির্ধারণ হবে গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে যাবে কোন দুই দল। তবে সবার আগে আজ আফগান পরীক্ষায় পাস করতে হবে সাকিবদের।

বাংলাদেশ একাদশ

নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।