যোগ্য বিনিয়োগকারীদের এমকে ফুটওয়্যারের শেয়ার বরাদ্দ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির জন্য এমকে ফুটওয়্যার পিএলসির শেয়ার বরাদ্দ সম্পন্ন হয়েছে। স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে এসব শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

সোমবার (১৯ জুন) শেয়ার বরাদ্দ অনুষ্ঠান ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে অনুষ্ঠিত হয়।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, কোম্পানির বিনিয়োগকারীদের জন্য মোট ১০ কোটি টাকার বিপরীতে ৫৫৩ কোটি ৬৬ লাখ টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৫৫.৩৭ গুণ বেশি। প্রতি ২ লাখ টাকা আবেদনের বিপরীতে যোগ্য বিনিয়োগকারীরা ৩৬১টি শেয়ার বরাদ্দ পায়।

উল্লেখ্য, এমকে ফুটওয়্যার পিএলসির সাবস্ক্রিপশন পিরিয়ড ছিল ১১ থেকে ১৫ জুন পর্যন্ত।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ এমকে ফুটওয়্যার পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, ইস্যুয়ার আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের কোম্পানি সচিব মো. রাকিব সাদীসহ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র এমআইএস এন্ড ডেভেলাপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. আব্দুল কাদের খন্দকার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।




এমকে ফুটওয়্যারের কিউআইও আবেদন শুরু ১১ জুন

শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া এমকে ফুটওয়্যার পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানির কিউআইও আবেদন গ্রহণ আগামী ১১ জুন সকাল ১০টা থেকে শুরু হবে। চলবে ১৫ জুন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সোমবার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিএসইসির ৮৫৮তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস, ২০২২ অনুযায়ী এমকে ফুটওয়্যার ১ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১০ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে।

পুঁজি উত্তোলন করে কোম্পানিটি বিদ্যমান যন্ত্রপাতি ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানির ২০২১ সালের ১ জুলাই হতে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী ডাইলুটেড শেয়ারপ্রতি মুনাফ (ইপিএস) ৩.১৯ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) পুনঃমূল্যায়ন ছাড়া ১২.৯৫ টাকা।

এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ হতে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনা ও আন্ডার রাইটারের দায়িত্বে নিয়োজিত রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।