ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে এমকে ফুটওয়্যার-কুইন সাউথ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো হলো-এমকে ফুটওয়্যার লিমিটেড ও কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লিখিত কোম্পানি দুটি আরও কয়েকটি কোম্পানি মিলে একটি কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করবে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ‘ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি’ (Open Digital Bank PLC)। ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এর মধ্যে এমকে ফুটওয়্যার ৬ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করে ৫ শতাংশ শেয়ারের মালিক হতে চায়। কুইন সাউথ টেক্সটাইল মিলস ১২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে ১০ শতাংশ শেয়ারের মালিক হতে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।




এমকে ফুটওয়্যারের কিউআইওতে আবেদন শুরু

এসএমই বোর্ডের মাধ্যমে পুঁজিবাজারে আসতে যাওয়া এমকে ফুটওয়্যার পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণ শুরু হয়েছে।

রোববার (১১ জুন) সকাল ১০টায় এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ১৫ জুন (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে দশ টাকা অভিহিত মূল্যে বাজার থেকে ১০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়।

এরপর অন্যান্য কার্যক্রম শেষ করে আজ সকাল থেকে কিউআইওর মাধ্যমে ১ কোটি শেয়ার ছেড়ে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা উত্তোলন করছে। পুঁজিবাজার থেকে টাকা নিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয় ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

প্রসপেক্টাস অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৫ পয়সা।