যুক্তরাষ্ট্রে অফিস খুলছে এনভয় টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নগরী নিউইয়র্কের ম্যানহাটানে লিয়াজোঁ অফিস খুলছে । কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে বিষয়টি বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, বুধবার (১৫ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভা হয়। ওই সভায় যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে কার্যালয় খোলার বিষয়টি অনুমোদিত হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, ম্যানহাটানের ১ হাজার ৫৬ বর্গফুটের একটি লিয়াজোঁ কার্যালয় খুলবে প্রতিষ্ঠানটি। কার্যালয় ভাড়া, পরিষেবা বিল ও অন্যান্য খরচসহ এই কার্যালয়ের পেছনে মাসে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ হাজার মার্কিন ডলার। বর্তমান বিনিময় হারে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছয় লাখ টাকা।

কোম্পানিটি বলছে, বিদ্যমান বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং বাজার সম্প্রসারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানিটির বিদেশি ক্রেতারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল।

কোম্পানিটি আরো বলছে, নিজস্ব কার্যালয় স্থাপন করা হলে তাতে ক্রেতাদের সঙ্গে যেমন যোগাযোগ বাড়বে, তেমনি যুক্তরাষ্ট্রের বাজারে এনভয়ের বাজার সম্প্রসারণের কাজটিও সহজ হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার যথাযথ অনুমোদনের ভিত্তিতে কার্যালয় খোলার কাজটি সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে কোম্পানিটি।

প্রসঙ্গত, এনভয় টেক্সটাইল ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এটি দেশের পরিবেশবান্ধব কারখানাগুলোর মধ্যে একটি। সর্বশেষ গত বছরের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এদিকে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এদিন দুপুর ১০টায় লেনদেন শুরুর আড়াই ঘণ্টা অর্থাৎ সাড়ে ১২ টায় ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৯০ পয়সা বা ২ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩০ পয়সায়।




সম্পদ পুনর্মূল্যায়ন করবে এনভয় টেক্সটাইলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বৈঠকে সম্পদ পুনর্মুল্যায়ন করার জন্য একটি ভ্যালুয়ার কোম্পানিকে নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানি মূলতঃ তার জমির পুনর্মূল্যায়ন করবে। ময়মনসিংহ জেলার ভালুকা থানার জমিরদিয়া মৌজায় এনভয় টেক্সটাইলসের ৩ হাজার ৯৬৯ দশমিক ৯৭ ডেসিমেল জমি রয়েছে। এই জমিতেই কোম্পানির কারখানা অবস্থিত। এছাড়া রাজধানীর কলাবাগান থানার পশ্চিম পান্থপথে কোম্পানির জমি ও ভবন রয়েছে। এগুলো পুনর্মূল্যায়ন করা হবে।

এনভয় টেক্সটাইলস কর্তৃপক্ষের ভাষ্য, সম্পদ পুনমূল্যায়নের মধ্য দিয়ে কোম্পানিটির প্রকৃত আর্থিক অবস্থার (Financial Position) চিত্র উঠে আসবে।




এনভয় টেক্সটাইলসের এজিএম’র তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, কোম্পানিটির এজিএম আগামী ১৩ মার্চের পবিবর্তে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত এজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে।

 

একইসঙ্গে কোম্পানি এজিএমের স্থান পরিবর্তন করেছে। এজিএমের নতুন স্থান ঢাকার গুলশান এভিনিউয়ের গুলশান শুটিং ক্লাব।

 




এনভয় টেক্সটাইলসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এনভয় টেক্সটাইলসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ১’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি–১’ রেটিং হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।