৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে সাত বছর মেয়াদি এই বন্ড ইস্যু করা হবে। এর আগে চলতি বছরের প্রথম ছয় মাসে লোকসান থেকে মুনাফায় ফিরেছে ব্যাংকটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে দেওয়া তথ্যমতে, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২২৯তম সভায় ‘এনআরবি ব্যাংক ১ম সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর অনুমোদন দেওয়া হয়।

ব্যাংকটি জানিয়েছে, প্রস্তাবিত বন্ডটির আকার হবে ৩০০ কোটি টাকা। এটি হবে জামানতবিহীন, রূপান্তরযোগ্য নয় এবং সম্পূর্ণরূপে মেয়াদ শেষে পরিশোধযোগ্য। বন্ডটি কুপনযুক্ত ও ভাসমান সুদহারের হবে। সাত বছর মেয়াদি এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে বন্ডটি ইস্যু করা হচ্ছে। তবে বন্ড ইস্যুর কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রয়োজন হবে।

এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে মুনাফায় ফিরেছে এনআরবি ব্যাংক। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ২৪ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি ১ টাকা ৩৭ পয়সার উন্নতি হয়েছে।

প্রথম ছয় মাসের এই পরিবর্তনে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) ফলও ভূমিকা রেখেছে। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছিল। ফলে দ্বিতীয় প্রান্তিকেও শেয়ারপ্রতি ফলাফলে ১ টাকা ৩০ পয়সার উন্নতি হয়েছে।

এ ছাড়া, ২০২৬ সালের ৩০ জুন ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮ পয়সায়।

ব্যাংকটির মুনাফায় ফেরার সময়েই ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত এসেছে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের টায়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।




এনআরবি ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ জুলাই দুপুর ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সভায় ব্যাংকটির ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করা হবে।




এনআরবি ব্যাংক ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ব্যাংকান্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মধ্যে সম্প্রতি ব্যাংকান্স্যুরেন্স শীর্ষক চুক্তি স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।




এনআরবি ব্যাংকের এমডির ওমর ফারুক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. ওমর ফারুক খান। সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটির বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় এএমডি মো. ওমর ফারুক খান এ পদে দায়িত্ব পালন করবেন।

গত ২৮ মে থেকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন তিনি ।




মঙ্গলবার এনআরবি ব্যাংকের লেনদেন শুরু

ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) এনআরবি ব্যাংক লিমিটেডের লেনদেন শুরু হবে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) থেকে। ডিএসইতে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরি থেকে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হলো “NRBBANK”। আর কোম্পানি কোড ১১১৫৫। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, ব্যাংকটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করে শেয়ারবাজারে ‘ব্যাংক’ খাতে তালিকাভুক্ত হয়েছে। ব্যাংকটি আইপিও আবেদন গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণ করা হয়।

জানা গেছে, শেয়ারবাজারে এনআরবি ব্যাংক ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করেছে। শেয়ারপ্রতি অভিহিত মূল্য ছিল ১০ টাকা।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করে ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৭২ পয়সা।

চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২৩) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৭ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকটি তালিকাভুক্তির আগে কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ছিল ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

এনআরবি ব্যাংক ক্রেডিট কার্ডের দিক থেকে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। বর্তমানে ব্যাংকটির ৫০ হাজারের বেশি গ্রাহক সক্রিয়ভাবে ক্রেডিট কার্ড ধারণ করছে, যেগুলোর মোট অর্থের পরিমাণ ৩০০ কোটি টাকার বেশি।




এনআরবি ব্যাংকের আইপিও আবেদন শুরু ২৮ জানুয়ারি

পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের প্রক্রিয়ায় থাকা এনআরবি ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ আগামী ২৮ জানুয়ারি শুরু হবে। এ আবেদন গ্রহণ চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি।

তথ্য মতে, আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করার অনুমোদন পেয়েছে এনআরবি ব্যাংক লিমিটেড। এর আগে গত বছরের জুন মাসে গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও অনুমোদন পায়। এক বছর পর আরেকটি ব্যাংকের আইপিও অনুমোদন হলো। নতুন ব্যাংকটি তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে ব্যাংকের সংখ্যা হবে ৩৬টি।

গত বছরের ৯ নভেম্বর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৮৭তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনআরবি ব্যাংককে ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের কাজে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৭২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ পয়সা। গত ৫ বছরের ভরিত গড় হারে শেয়ারপ্রতি আয় ৭২ পয়সা।

উল্লেখ, শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।