এডিসের লার্ভা পাওয়ায় দেড় লাখ টাকা জরিমানা

মশক নিধন অভিযানে ৩টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৩ মামলায় মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন বলেন, আজকের অভিযানে ডিএনসিসির অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা ৭ ও ৯ নং সেক্টর এলাকায় মশক নিধন অভিযান পরিচালনাকালে দুটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ২টি মামলায় মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসা বাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির অঞ্চল ১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা এই অভিযান পরিচালনা করেন।

অন্যদিকে অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁও ও বনানী এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কয়েকটি বাড়িতে অল্প পরিমাণে এডিসের লার্ভা পাওয়ায় সতর্ক করা হয়।

এছাড়া অঞ্চল-১০ এর আওতাধীন বাড্ডা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত মশক নিধন অভিযান পরিচালনা করেন। একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে মশক নিধন অভিযানে আজ ৩টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৩ মামলায় মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের(ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।




এডিসের লার্ভা পাওয়ায় ৭ মামলায় ২ লাখ টাকা জরিমানা

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে মঙ্গলবারের (২৯ আগস্ট) নগরের বিভিন্ন এলাকায় সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। অভিযানে বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সাত মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অঞ্চল-৩ এর আওতাধীন ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাখালপাড়া ও ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশান-২ এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসাবাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

অঞ্চল-৫ এর আওতাধীন মোহাম্মদপুরের বসিলা এলাকায় মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৪ মামলায় মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

এছাড়া অঞ্চল-৪ এর আওতাধীন মিরপুরের কাজীপাড়া, দীপনগর ও সিটি পল্লী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৯৫ টি বাসাবাড়ি, ভবন, রেস্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করা হয়েছে। একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অঞ্চল-১০ এর আওতাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাওয়ালি পাড়া এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।




এডিসের লার্ভা পাওয়ায় ৪ ভবনকে লক্ষাধিক টাকা জরিমানা

রাজধানী মোহাম্মদপুর এলাকায় চারটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (৫ আগস্ট) ডিএনসিসির বিশেষ মশক নিধন অভিযানে এই জরিমানা করা হয়। অঞ্চল-৫ এর আওতাধীন মোহাম্মদপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে চারটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় পৃথকভাবে ৪টি মামলা করা হয়। এতে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করা হয় ও সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

অন্যদিকে, অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁও শিল্প এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসা বাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লট পরিদর্শন করা হয়। লার্ভা জন্মাতে পারে এমন পরিবেশ থাকায় কয়েকটি ভবন মালিককে সতর্ক করা হয়।

এ ছাড়াও, ডিএনসিসি’র সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন। লার্ভার উৎসস্থল ধ্বংসে ব্যবস্থা গ্রহণ করেন।




এডিসের লার্ভা পাওয়ায় জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা

এডিসের লার্ভা পাওয়ায় রাজধানীর জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

এডিস মশা নিয়ন্ত্রণে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (৮ জুলাই) সকাল ১০টায় গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয় সামনে থেকে এই অভিযান শুরু হয়।

এসময় মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে অভিযান পরিচালিত হয়। সিটির কয়েকটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি বলেন, আজকের মশক নিধন অভিযানে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত আছেন। তিনি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার বিষয়ে নাগরিকদের সচেতন করছেন।