এডিপি বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে এবং গতি সঞ্চারে এডিপি বড় ভূমিকা রাখে। এটি ঠিকমতো হলে দেশি-বিদেশি নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে।

বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সংবলিত ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ৫টি।

পরে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, বেশকিছু প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আইএমইডি’র সাম্প্রতিক রিপোর্ট পরীক্ষা করা হচ্ছে এবং পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগের নীতিমালার খসড়া নিয়ে আলোচনা চলছে। এগুলো শেষ হলে একটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্দেশিকা তৈরি হবে, যা ভবিষ্যতে প্রকল্পগুলো সুষ্ঠুভাবে চালাতে সাহায্য করবে। নতুন সরকারের মেয়াদের অল্প সময়েও পুরোনো কাজের ধারাবাহিকতা বজায় রেখে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা চলছে। তবে আইনি বা নীতিগত পরিবর্তন রাতারাতি সম্ভব নয়; সমন্বয়ের মাধ্যমে একটা ভালো পরিবেশ তৈরির কাজ চলছে।

রেট শিডিউল বা দর তালিকা পর্যালোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের বা সংস্থার (যেমন-এলজিইডি, স্বাস্থ্য মন্ত্রণালয়) আলাদা আলাদা রেট শিডিউল রয়েছে, যা দিয়ে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠিত হয়েছে, যা এরই মধ্যে একাধিক বৈঠক করেছে। খুব অল্প সময়ের মধ্যেই এই রেট শিডিউলগুলো পর্যালোচনা করে সাধারণ এবং বিশেষ কাজের জন্য নতুন রেট শিডিউল তৈরি করা হবে, যেন সে অনুযায়ী প্রাক্কলন তৈরি করা যায়।

প্রকল্পে দীর্ঘসূত্রতা ও গাফিলতি প্রসঙ্গে সাকি বলেন, প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে বাড়তি অপচয় ঘটে। এর পেছনে সমন্বয় ও জবাবদিহির অভাব এবং দায়িত্বহীনতা কাজ করেছে।




জুলাই-জানুয়ারিতে এডিপি বাস্তবায়ন ২১ শতাংশ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদায় প্রকল্প অনুমোদন দিলেও বাস্তবায়নে অগ্রগতি আনতে পারেনি পরিকল্পনা কমিশন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জুলাই থেকে জানুয়ারি মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এতে দেখা যায়, এ সাত মাসে এডিপি হার মাত্র ২১ দশমিক ১৮ শতাংশ। যা গত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

আইএমইডির তথ্যমতে, দেশের রাজনৈতিক পটপরিবর্তন, সরকার পতন, প্রশাসনের স্থবিরতার পরও ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় প্রায় ৫৯ হাজার ৮৭৬ কোটি ৮৭ লাখ ব্যয় করে। যা মোট বরাদ্দের ২১ দশমিক ৫২ শতাংশ। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম এ হার আরো কমেছে। সাত মাসে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে ৫০ হাজার ৫৫৬ কোটি টাকা। যা মোট বরাদ্দের মাত্র ২১ দশমিক ১৮ শতাংশ। অথচ ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে এডিপির অর্থ ব্যয় হয়েছিল ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। চলতি অর্থবছরে এডিপি বরাদ্দ প্রায় ২ লাখ ৩৮ হাজার ৬৯৬ কোটি টাকা।

আইএমইডির তথ্যমতে, বিগত বছরগুলোতেও বাস্তবায়নের হার বর্তমানের চেয়ে সন্তোষজনক ছিল। সর্বশেষ পাঁচ বছরে এ সময়ে (জুলাই-জানুয়ারি) এত কম এডিপি বাস্তবায়ন হয়নি। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ৩০ দশমিক ২১ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ২৮ দশমিক ১৬ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ২৭ দশমিক ১১ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ছিল ২৮ দশমিক ১৬ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে এ হার ছিল ৩০ দশমিক ২১ শতাংশ।




দেশে বিনিয়োগ ইতিহাসে সর্বনিম্ন, এডিপি বাস্তবায়ন ১০ বছরে সবচেয়ে কম : সিপিডি

দেশে এডিপি বাস্তবায়নের হার গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বেসরকারি বিনিয়োগ ঐতিহাসিকভাবে নিচে নেমে গেছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সর্বনিম্ন। বিদেশি বিনিয়োগও সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে রয়েছে। এ অবস্থায় দেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ নির্বাচিত সরকারকেও চালিয়ে যেতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালাগ (সিপিডি) আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৫-২৬: নির্বাচনি বাঁকে বহুমাত্রিক ঝুঁকি’ শীর্ষক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সিপিডির গবেষণা ফেলো ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

নির্বাচিত সরকারকে ব্যাংক খাতের সংস্কার চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, নতুন সরকারের সময়ে সংস্কার কার্যক্রম যেন থেমে না যায়। সংস্কার কাজ চালিয়ে যেতে হবে। প্রয়োজন হলে একীভূত করতে হবে। প্রয়োজন হলে কোনোটি বন্ধ করে দিতে হবে। আমানতকারীদের মধ্যে আস্থা তৈরি করতে হবে। ব্যাংক খাত নিয়ে স্পষ্টভাবে রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে।

তিনি বলেন, দেশে অর্থনৈতিক গতি মন্থর রয়েছে। এডিপি বাস্তবায়ন গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এডিপি বাস্তবায়নের ধীরগতি চিন্তার বিষয়। বেসরকারি বা ব্যক্তিগত বিনিয়োগ ঐতিহাসিকভাবে নিচে নেমে গেছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সর্বনিম্ন। বিদেশি বিনিয়োগও সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

রাজস্ব বাড়াতে বেশকিছু পরামর্শ দিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, রাজস্ব বাড়াতে নতুন পথ খুঁজতে হবে। করদাতাদের উৎসাহিত করতে হবে। অপ্রয়োজনীয় কর ছাড় বাদ দিতে হবে। অবৈধ অর্থপাচার রোধে ব্যবস্থা নিতে হবে। এলডিসির জন্য কর ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়া যাবে না। প্রকল্প ব্যয়ের খরচ নজরদার রাখতে হবে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে খাদ্যপণ্যের দাম কেন কমছে না? বিশ্বের সঙ্গে ফারাক রয়েছে। চালের সঙ্গে মূল্যস্ফীতির সম্পর্ক রয়েছে। তথ্য বলছে, চালের চাহিদার চেয়ে দেশে উৎপাদন বেশি রয়েছে। বিশ্বে চালের দাম কমলেও বাংলাদেশে কমেনি। দেশে বিক্রেতারা সবচেয়ে বেশি লাভ করছেন আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, মাছ, মাংস- এসবে। এখানে মধ্যস্বত্বভোগী থাকে। কিন্তু চালের ক্ষেত্রে তেমন লাভ হয় না।

তিনি আরও বলেন, সুদের হার বাড়িয়ে কেবল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। বিশ্ব বাজারে চাল ও আটার দাম কমলেও বাংলাদেশে কমেনি। মজুত ব্যবস্থার কারণে এমনটি হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. ফাহমিদা খাতুন বলেন, বিনিয়োগ কমে যাওয়াই দেশের অর্থনীতিতে এখন সবচেয়ে বড় ও প্রধান সমস্যা। কারণ বিনিয়োগ কমলে কর্মসংস্থান কমে। মানুষ বেকার হয়ে পড়ে। অর্থনীতিতে অস্বস্তি তৈরি হয়। আর দেশের জন্যে সবচেয়ে বড় সম্ভাবনার জায়গাটি হচ্ছে এ দেশের জনগণ। এখনো এদেশের বৃহৎ জনগোষ্ঠী তরুণ। এটি সবচেয়ে বড় সম্ভাবনার।

তিনি বলেন, অর্থনীতিতে একটা স্থিতিশীলতা থাকা সত্ত্বেও রাজস্ব ঘাটতি, উচ্চ মূল্যস্থিতি, খাদ্য নিরাপত্তার ঝুঁকি, দুর্বল ব্যাংকিং খাত, বিদেশি বিনিয়োগ, জ্বালানি সংকট এবং বৈদেশিক খাতের অনিশ্চয়তা- এসব মিলিয়ে অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা সমন্বিত ও সাহসী সংস্কার কর্মসূচি অপরিহার্য হয়ে পড়েছে। সরকারি অর্থব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। রাজস্ব আদায় বাড়ানো, উন্নয়ন ব্যয়ের স্বচ্ছতা জোরদার ও ঘাটতি অর্থায়নে সংযত নীতি অনুসরণ করাটা হবে সামষ্টিক অর্থনৈতিক স্থীতিশীলতার একটা ভিত্তি। নির্বাচন পরবর্তী সময়ে নীতি ধারাবাহিকতা ও সুশাসন নিশ্চিত করাই বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর শর্ত হবে।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, মূল্যস্ফীতি এখন একটা কাঠামোগত সমস্যা হিসেবে দাঁড়িয়ে গেছে। শুধু সুদের হার বাড়িয়ে এটি নিয়ন্ত্রণ করা যাবে না। এটা স্পষ্টতই এবং খাদ্য সরবরাহ ব্যবস্থা সংস্কার, মজুতদারি বন্ধ, পরিবহন ও সংরক্ষণ অবকামো বিনিয়োগ এবং নির্ভরযোগ্য তথ্য এগুলোর ভিত্তিতে সময়মতো খাদ্য আমদানির সিদ্ধান্ত নিতে হবে। খাদ্য নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করতে হবে। কৃষি এবং খাদ্যশস্য ব্যবস্থাপনায় দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কার্যকর সংগ্রহ ও মজুতব্যবস্থা শক্তিশালী করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ছাড়া খাদ্যবাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, ব্যাংক খাত সংস্কার ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়। ঋণখেলাপি কমাতে রাজনৈতিক প্রভাব, ব্যাংক রেজুশন আইন বাস্তবায়ন, ব্যাংক কোম্পানি আইন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিনিয়োগ ও কর্মসংস্থানকে অর্থনৈতিক নীতির কেন্দ্রে আনতে হবে, কর ও ভ্যাট ব্যবস্থা সহজ করতে হবে। জ্বালানি খাতে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের জন্য নবায়নযোগ্য শক্তির দিকে মনোযোগ দিতে হবে। ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, দেশীয় অনুসন্ধান জোরদার ও এই খাতের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে এই খাতের উন্নয়ন সম্ভব নয়। রপ্তানি বহুমুখীকরণ, দক্ষ মানবসম্পদ গঠন এবং প্রবাসী আয় ধরে রাখার কৌশল ছাড়া ভবিষ্যৎ মোকাবিলা করা সম্ভব নয়। বাংলাদেশের সামনে অনেক সুযোগও রয়েছে, একই সঙ্গে ঝুঁকিও রয়েছে। অর্থাৎ একটা মিশ্র অবস্থায় রয়েছি। রাজনৈতিক অঙ্গীকার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নীতিগত সিদ্ধান্ত- এই পদক্ষেপগুলো যদি প্রয়োগ করে সঠিক পথে বাংলাদেশ এগুতে পারে তাহলে আমরা সামষ্টিক অর্থনীতির যে গতিময়তাটা সেটা আবার ফিরে পাবো এবং মানুষের মাঝে আস্থা ফিরে আসবে।

সিপিডি বলছে, সিপিডি চায় আগামী নির্বাচন যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ হয়। নির্বাচনে যাতে অর্থের ছড়াছড়ি না থাকে। নির্বাচন যাতে সহিংসতা মুক্ত থাকে।

অর্থনীতির গতি ফেরাতে গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার কেমন করেছে এমন প্রশ্নের উত্তরে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, উনারা খুব ভালো করেছে, কিংবা খুব খারাপ করেছে সেটা বলা যাবে না। একটা মিশ্র অবস্থায় রয়েছে। অনেক খাতে অনেক সংস্কার হয়েছে। কিন্তু এই সময়ে নতুন দরিদ্র জনগোষ্ঠীর সৃষ্টি হয়েছে। এসব হলে রাজনৈতিক অস্থিরতা বাড়ে। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান হবে। অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরবে। এজন্যই বিনিয়োগকে আমি প্রধান সমস্যা বলেছি।




চলতি অর্থবছরে ১০ মাসে এডিপি বাস্তবায়ন ৪১ শতাংশ

অর্থবছরের ১০ মাসেও খরচের অগ্রগতি মাত্র ৪১ শতাংশ। গত অর্থবছরের চেয়ে এবার উন্নয়নে প্রায় ৩২ হাজার কোটি টাকা খরচ কম হয়েছে। এপ্রিলে খরচ হয়েছে মাত্র সাড়ে ১০ হাজার কোটি টাকা। অর্থবছরের শেষ দুই মাসে এক লাখ ৩২ হাজার ৭৪০ কোটি টাকা খরচের লক্ষ্য রয়েছে।

যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জুলাই অভ্যূত্থানে হাসিনা সরকারের পতনের পর অনেক ঠিকাদার পালিয়ে গেছেন। যার ফলে অনেক সাইটে কাজ হচ্ছে না, যার কারণে ধস নেমেছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে।

সোমবার (১৯ মে) জুলাই-এপ্রিল পর্যন্ত ১০ মাসের এডিপি বাস্তবায়নের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এতে দেখা যায়, ১০ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৪১ দশমিক ৩১ শতাংশ। এর চেয়ে কম এডিপি বাস্তবায়নের তথ্য সংস্থাটির ওয়েবসাইটে নেই।

এদিকে, ১০ মাসে ৯৩ হাজার ৪২৪ কোটি টাকা অর্থছাড় হয়েছে। যা ২০১৮-১৯ অর্থবছরের পর সর্বনিম্ন। গত অর্থবছরে ১ লাখ ২৫ হাজার ৩১৫ কোটি টাকা ছাড় হয়েছিল এই সময়ে। গত এপ্রিল মাসে অর্থছাড় হয়েছে মাত্র ১০ হাজার ৫৩০ কোটি টাকা। যেখানে আগের অর্থবছরের এপ্রিল মাসে ছাড় হয়েছিল ১৭ হাজার ৭০৩ কোটি টাকা।

আইএমইডির তথ্যমতে, চলতি অর্থবছরের আর মাত্র দুই মাস বাকি আছে। এ অর্থবছরের সংশোধিত বাজেটে উন্নয়ন খাতে ২ লাখ ২৬ হাজার ১৬৪ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা রয়েছে। যা মূল এপিপিতে ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপি অনুযায়ী চলতি অর্থবছরে আরও ১ লাখ ৩২ হাজার ৭৪০ কোটি টাকা খরচ করতে হবে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, যেখানে ১০ মাসে মাত্র ৯৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে। সেখানে বাকি দুই মাসে আর সর্বোচ্চ ৫০-৬০ হাজার টাকা খরচ হবে। বাকি টাকা পড়েই থাকবে।

এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সাবেক সচিব মামুন আল রশিদ বলেন, উন্নয়ন কাজ অনেক স্থানে শেষ হলেও বিলগুলো দেওয়া হয়নি এখনও, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এসব বিল যাচাই-বাছাই করে দিচ্ছে। যে কারণে ব্যয় কম হচ্ছে। তবে কোনো বছরই বাজেটের পুরো অর্থ ব্যয় হয় না। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, শেষ সময়ে একসঙ্গে তাড়াহুড়ো করে টাকা ব্যয় করতে গিয়ে অপচয়, দুর্নীতি ও অর্থব্যয়ের গুণগতমান নষ্ট হতে পারে। এক্ষেত্রে তাড়াহুড়ো না করে উন্নয়ন কাজের বিল যাচাই-বাছাই করে দেওয়া ভালো হবে।

ধীরগতির বিষয়ে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাবেক সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, এডিপি বাস্তবায়ন হার কম হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ঠিকমতো অর্থছাড় না হওয়া। কারণ, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থছাড় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে।

সম্প্রতি পরিকল্পনা কমিশনের এনইসি সভায় মন্ত্রণালয় ও বিভাগগুলোর চাহিদা না থাকায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৪৯ হাজার কোটি টাকা কাটছাঁট করা হয়েছে। এডিপির আকার বেশি দেখাতে থোক বরাদ্দ রাখা হয়েছে ২৬ হাজার ৬৩২ কোটি টাকা। যদিও কোন অর্থবছরেই উন্নয়নে থোক বরাদ্দের টাকা খরচ হয় না। সংশ্লিষ্টরা বলছেন, এবার এডিপি বাস্তবায়ন মূল এডিপির তুলনায় প্রায় এক লাখ কোটি টাকা কম হবে।

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে সবচেয়ে বেশি ১৯ হাজার ৭৬৩ কোটি টাকা অর্থ খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ। ১৫ হাজার ২৭০ কোটি টাকা ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগ। এরপর সর্বোচ্চ সড়ক-মহাসড়ক বিভাগ খরচ করেছে ৮ হাজার ৬২৫ কোটি টাকা। সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, মাত্র ৫৩ কোটি টাকা আর ৮৪৫ কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।




২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি চূড়ান্ত

পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে পরিকল্পনা

আজ রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনইসি সভায় এ উন্নয়ন বাজেট চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এনইসি সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপির মধ্যে সরকার নিজস্ব অর্থায়নে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে ৮৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব রয়েছে।
পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা বলেন, আগামী অর্থবছরের খসড়া এডিপির আকার চলতি অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ১৪ হাজার কোটি টাকা বা ৬ দশমিক ৪৮ শতাংশ বেশি।

তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৫৯৯ দশমিক ৭১ কোটি টাকা যুক্ত করলে, আগামী অর্থবছরের জন্য সামগ্রিক এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ দশমিক ৭১ কোটি টাকা।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধিত হয়ে দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার কোটি টাকা।

এই কর্মকর্তা আরও বলেন, নতুন এডিপি টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়ন, উচ্চ প্রবৃদ্ধি অর্জন, মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রাধিকার বিবেচনায় রেখে প্রণীত হয়েছে।

এছাড়াও নতুন এডিপিতে কৃষি ও কৃষিভিত্তিক শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, এবং অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন খাতে অগ্রাধিকার দেওয়া হবে।

এবারের উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় ৫ খাতেই ৭০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। যার মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ বা ৫৮ হাজার ৯৭৩ দশমিক ৩৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এরপর রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৩৯২ দশমিক ২৬ কোটি টাকা (১৪ দশমিক ৮ শতাংশ), শিক্ষা খাত ২৮ হাজার ৫৫৭ দশমিক ৪৩ কোটি টাকা (১২ দশমকি ৪২ শতাংশ), গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাত ২২ হাজার ৭৭৬ দশমিক ৪০ কোটি টাকা (৯ দশমিক ৯০ শতাংশ) এবং স্বাস্থ্য খাত ১৮ হাজার ১৪৮ দশমিক ১৪ কোটি টাকা (৭ দশমিক ৮৯ শতাংশ) বরাদ্দ পেয়েছে।

শীর্ষ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে স্থানীয় সরকার বিভাগ সর্বোচ্চ ৩৬ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দ পাবে, এরপর রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩২ হাজার ৩২৯ দশমিক ৫৭ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ ২০ হাজার ২৮৩ দশমিক ৬২ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১৩ হাজার ৬২৫ দশমিক ৩ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১২ হাজার ১৫৪ দশমিক ৫৩ কোটি টাকা, স্বাস্থ্য সেবা বিভাগ ১১ হাজার ৬১৭ দশমিক ১৭ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১ হাজার ৩৯৮ দশমিক ১৬ কোটি টাকা, নৌপরিবহন মন্ত্রণালয় ৯ হাজার ৩৮৭ দশমিক ৬২ কোটি টাকা, পানি সম্পদ মন্ত্রণালয় ৮ হাজার ৪৮৯ দশমকি ৮৬ কোটি টাকা এবং রেলপথ মন্ত্রণালয় ৭ হাজার ৭১৪ দশমিক ৯৯ কোটি টাকা পাবে।

নতুন এডিপিতে মোট ১ হাজার ১৭০টি প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে ৯৯২টি বিনিয়োগ প্রকল্প, ১৯টি সম্ভাব্যতা যাচাই প্রকল্প, ৯৯টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ৬০টি সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প রয়েছে। প্রস্তাবিত এডিপিতে ৭৯টি প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের জন্য রাখা হবে এবং ২২৮টি প্রকল্প বাস্তবায়ন করা হবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায়।

এছাড়া, নতুন এডিপিতে ২৫৪টি প্রকল্প আবশ্যিকভাবে সমাপ্ত করার লক্ষ্যে রাখা হয়েছে। যার মধ্যে ২০৮টি বিনিয়োগ প্রকল্প, ১১টি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প, ১৬টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ১৯টি সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প।




জুলাই ও আগস্টে এডিপি বাস্তবায়নের হার ২.৫৭ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ২.৫৭ শতাংশে। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৩.৮৪ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বলছে, গত কয়েক বছরের মধ্যে অর্থবছরের প্রথম দুই মাসে এত কম এডিপি বাস্তবায়ন হয়নি। এর আগে ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৩.৮৫ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ৩.৮২ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ৩.৮৯ শতাংশ।

বুধবার (২ অক্টোবর) প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনের তথ্য বলছে, এখনো এডিপির ১ শতাংশ বরাদ্দও খরচ করতে পারেনি ২৬টি মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের অগ্রগতি শূন্য শতাংশ।

আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের এডিপিতে দুই লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে জুলাই ও আগস্ট মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র সাত হাজার ১৪৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ১০ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। আগের অর্থবছরগুলোতেও ব্যয় ছিল আট হাজার কোটি টাকার বেশি।




বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ৮০.৯২ শতাংশ

অর্থসংকটের ছাপ পড়েছে উন্নয়ন বাজেট তথা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে। ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছে ৮০ দশমিক ৯২ শতাংশ, যা করোনাকালেও ছিল ৯২ শতাংশের বেশি।

মঙ্গলবার (১৩ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

অর্থনীতিবিদরা বলছেন, এডিপি বাস্তবায়ন হার কমার জন্য অর্থনৈতিক সংকট একটি বড় কারণ। তবে পরিকল্পনা অনুযায়ী, মন্ত্রণালয়গুলো কাজ না করার জন্যও দায়ী। প্রতি বছরই দেখা যায়, অর্থবছরের শুরুতে এডিপি বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে এক ধরনের গাছাড়া ভাব দেখা যায়। কিন্তু শেষ দিকে তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়ন করার কারণে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা পূরণ হয় না।

আইএমইডির প্রতিবেদনের তথ্যে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকা। অর্থবছরে ব্যয় হয়েছে ২ লাখ ৫ হাজার ৮৫৮ কোটি ৩৬ লাখ টাকা, যা শতাংশের হিসাবে ৮০ দশমিক ৯২ শতাংশ।

ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে ব্যয় হয়েছে ১ লাখ ২৪ হাজার ১৩৮ কোটি টাকা, যা জিওবি তহবিলের ৭৬ দশমিক ৮৭ শতাংশ। বিদায়ী অর্থবছরের এডিপিতে জিওবি খাতে বরাদ্দ ছিল ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।

এছাড়া বিদেশি ঋণের ব্যয়ের হার ছিল ৮৬ দশমিক ১৯ শতাংশ। বিদায়ী অর্থবছরে বিদেশি ঋণ খাতে বরাদ্দ ছিল ৮৩ হাজার ৫০০ কোটি টাকা। ব্যয় হয়েছে ৭১ হাজার ৯৭৩ কোটি টাকা।

এডিপি বাস্তবায়নের এ হার করোনাকালের চেয়ে কম। ২০২০-২১ অর্থবছরে দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ছিল ওই সময়েও এডিপি বাস্তবায়নের হার ছিল ৮২ দশমিক ১১ শতাংশ। এরপর ২০২১-২২ অর্থবছরে বাস্তবায়ন হার ছিল ৯২ দশমিক ৭৪ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮৫ দশমিক ১৭ শতাংশ।

একক মাস হিসেবে বিদায়ী জুন মাসেও বাস্তবায়ন অগ্রগতি তার আগের পাঁচ অর্থবছরের তুলনায় কম। ২০২৩-২৪ অর্থবছরের জুনে এডিপি বাস্তবায়ন হয়েছে ২৩ দশমিক ৩৮ শতাংশ। তার আগের অর্থবছর ২০২২-২৩ এর জুনে এই হার ছিল ২৩ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া ২০২১-২২ অর্থবছরে ছিল ২৭ দশমিক ৯০ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ছিল ২৩ দশমিক ৭৫ শতাংশ।

দেশের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ এডিপি বাস্তবায়নের সঙ্গে জড়িত। এগুলোর পৃথক তথ্য বিশ্লেষণে দেখা যায়, এডিপি বাস্তবায়নে সবার চেয়ে এগিয়ে রয়েছে শিল্প মন্ত্রণালয়। তাদের বাস্তবায়ন হার ১১৮ দশমিক ১০ শতাংশ এবং পিছিয়ে রয়েছে নির্বাচন কমিশন। তাদের বাস্তবায়ন হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ।

এছাড়া বিদায়ী অর্থবছরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৪৬টি প্রকল্পের বিপরীতে এডিপিতে বরাদ্দ ছিল ৩ হাজার ৮৮০ কোটি ৯৯ লাখ টাকা। তারা ব্যয় করেছে ৪ হাজার ১৮৭ কোটি টাকা। যা শতাংশের হিসেবে ১০৭ শতাংশ।

বিদ্যুৎ বিভাগের ৬৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ৩০ হাজার ৬৩ কোটি টাকা। তারা ব্যয় করেছে ৩০ হাজার ৬০৯ কোটি টাকা। যা শতাংশের হিসেবে ১০১ দশমিক ৮২ শতাংশ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২৬টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ২ হাজার ১২০ কোটি টাকা। ব্যয় হয়েছে ২ হাজার ১৫২ কোটি টাকা। যা শতাংশের হিসেবে ১০১ দশমিক ২৬ শতাংশ।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৩টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ৩৮৬ কোটি টাকা। তারা ব্যয় করেছে ১৮৮ কোটি টাকা। অর্থাৎ এডিপি বাস্তবায়ন হার ৪৮ দশমিক ৮৩ শতাংশ।

অভ্যন্তরিন সম্পদ বিভাগের এডিপিতে ৮টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ২৪২ কোটি টাকা। বিপরীতে ব্যয় হয়েছে ৯২ কোটি টাকা। বিভাগটির এডিপি বাস্তবায়ন হার ৩৮ দশমিক ২৩ শতাংশ।

বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) ১টি প্রকল্পের জন্য এডিপিতে বরাদ্দ ছিল ৪৪ কোটি টাকা। বিপরীতে ব্যয় হয়েছে ২০ কোটি টাকা। এডিপি বাস্তবায়ন হার ৪৬ দশমিক ০৮ শতাংশ।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
২০২২-২৩ অর্থবছরের পুরো সময়েই এডিপি বাস্তবায়নে শুন্যের ঘরে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৩-২৪ অর্থবছরে ভালো করেছে। মন্ত্রণালয়টির ৭টি প্রকল্পের আওতায় বরাদ্দ ছিল ১০৩ কোটি টাকা। বিপরীতে তারা ব্যয় করেছে ১০২ কোটি টাকা। যা মোট বরাদ্দে ৯৮ দশমিক ৬৫ শতাংশ।




অর্থবছরের দুই মাসে এডিপি বাস্তবায়ন ৪ শতাংশের কম

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩ দশমিক ৮৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার সামান্য বেশি ছিল। ওই দুই মাসে বাস্তবায়নের হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) মঙ্গলবার এডিপি বাস্তবায়নের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত জুলাই ও আগস্ট মাসে ১০ হাজার ৫৪২ কোটি টাকা খরচ করতে সক্ষম হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ। গত অর্থবছরের একই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল ৯ হাজার ৮৪৪ কোটি টাকা।
এ ছাড়া একক মাস হিসেবে গত আগস্টে এডিপির বাস্তবায়ন গত অর্থবছরের একই মাসের চেয়ে বেশ খানিকটা কম। গত আগস্টে খরচ হয়েছে ৭ হাজার ৫২ কোটি টাকা। গত অর্থবছরের আগস্টে যা ছিল ৭ হাজার ৩৮৮ কোটি টাকা।

সাধারণত প্রতি অর্থবছরেই আগের অর্থবছরের তুলনায় এডিপির আকার বৃদ্ধি পায়। সে ধারাবাহিকতায় চলতি অর্থবছর এডিপি বরাদ্দ গত অর্থবছরের তুলনায় বেড়েছে ১৮ হাজার কোটি টাকা। মোট আকার ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। ১ হাজার ৩৪০টি প্রকল্পের বিপরীতে এ বরাদ্দ রয়েছে।




বাজেটে মহিলা ও শিশু মন্ত্রণালয়ে এডিপি বরাদ্দ বাড়ছে ২০ শতাংশ

আগামী ২০২৩-২৪ অর্থবছরে মহিলা ও শিশু মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ প্রায় ২০ শতাংশ বাড়বে।

আগামী অর্থবছরে এই মন্ত্রণালয়ের জন্য অনুমোদিত এ অর্থের মধ্যে ৯৭৪ কোটি ৫৩ লাখ টাকা অনুমোদন করা হয়েছে।

এ অর্থের ৮৭৯ কোটি ৫৩ লাখ টাকার সংস্থান হবে সরকারের রাজস্ব থেকে। আর প্রকল্প সহায়তা বাবদ আসবে ৯৫ কোটি টাকা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করে। এ কর্মসূচিতে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের এ বরাদ্দ অনুমোদন করে। আগামী বছরের জন্য অনুমোদন করা বরাদ্দ চলতি ২০২২-২৩ অর্থবছরের এডিপির সংশোধিত বরাদ্দ রয়েছে ৭৭৭ কোটি ৪২ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে।

এনইসি আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেয়। এর বাইরে স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের জন্য আরও ১১ হাজার ৬৭৪ কোটি টাকার এডিপি অনুমোদিত দেয়। সব মিলে এডিপির পরিমাণ দুই লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শের ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুমোদন দেওয়া হয়।

চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি নেমেছে দুই লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা। মূল বাজেটে অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ ছিল দুই লাখ ৫৯ হাজার ৬১৭ কোটি টাকা। সংসদে পাস করা বাজেট থেকে সংশোধিত বাজেটে প্রায় ৯ শতাংশ এডিপি কমেছে।

অর্থমন্ত্রণালয় সূত্র বলছে, আগামী জুন মাসে যখন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন হতে যাচ্ছে, তখন বৈশ্বিক অর্থনৈতিক ঝড়ে দেশের অর্থনীতিতে বড় ধরণের চাপ তৈরি হয়েছে। ব্যাস্টিক অর্থনীতির সব সূচকে নেতিবাচক ধারা সূচিত হয়েছে। কমছে রাজস্ব আদায়, রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ। নানা ধরণের উদ্যোগের পরও গতি আসছে না রপ্তানি ও প্রবাসী আয়ে। এর ধাক্কা লাগছে রাজস্বে। উচ্চ মূল্যস্ফীতিতে সঞ্চয় ও বিনিয়োগে ধাক্কা লেগেছে। বৈদেশিক মুদ্রার সঞ্চয়নে ঝুঁকি বাড়াচ্ছে। এ প্রতিকূল অবস্থার মধ্যে উপস্থাপিত হবে বাজেট। এ বাজেট বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কিছুটা বাড়লেও একক বেশি কিছু মন্ত্রণালয়ে বরাদ্দ কম অনুমোদন হয়েছে।