চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আমানত ফেরত ও ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন একাধিক ব্যাংকের গ্রাহক।

সোমবার (৪ মে) বেলা ১১ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কয়েকশ আমানতকারী অংশ নেন।

বিক্ষোভ চলাকালে ক্ষুব্ধ গ্রাহকরা আগ্রাবাদের এক্সিম ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেন। পরে আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করে অবস্থান নিয়েছে ব্যাংক গ্রাহকরা।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নিজেদের জমা করা অর্থ উত্তোলন করতে পারছেন না। স্বাভাবিক ব্যাংকিং লেনদেনও ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের আগেই আমানত ভাঙতে দেওয়া হচ্ছে না, এমনকি ২০২৮ সালের আগে টাকা উত্তোলন সম্ভব নয় বলেও জানানো হচ্ছে।

তাদের আরও অভিযোগ, ‘হেয়ার কাট’ পদ্ধতির মাধ্যমে আমানতের মুনাফা বা মূলধনের একটি অংশ কেটে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না। এ কারণে তারা রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকরা দ্রুত আমানতের পুরো টাকা ফেরত, মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিল এবং স্বাভাবিক লেনদেন চালুর দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান ঢাকা পোস্টকে বলেন, ‘ব্যাংক গ্রাহকদের কর্মসূচি চলমান আছে। আমাদের টিম সেখানে রয়েছে।’




শেয়ারমূল্য শূন্য ঘোষণা একীভূত পাঁচ ব্যাংকের

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এসব ব্যাংকের ওপর মালিকদের আনুষ্ঠানিক কর্তৃত্বের অবসান ঘটলো।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকগুলোর সম্পদ ও দায় (অ্যাসেট ও লাইবিলিটি) হস্তান্তর প্রক্রিয়ায় আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা রইলো না।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূতকরণ প্রক্রিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। শিগগির ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে সম্পদ ও দায় হস্তান্তর সংক্রান্ত চুক্তি সই হবে।l

গত ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হলে বাংলাদেশ ব্যাংক একীভূত হওয়া ব্যাংকগুলোর শেয়ারমূল্য শূন্য ঘোষণার সিদ্ধান্তের কথা জানায়। তবে পুঁজিবাজারে বিনিয়োগকারী সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা তখন অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল।




এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ

ব্যাংক এশিয়ার প্রায় ৩৮৯ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোক (জব্দ) করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, এক বছর আগে তারল্য সংকটের কারণে ব্যাংক এশিয়ার কাছ থেকে ৩৮৮ কোটি ৯৫ লাখ ২৬ হাজার ৯৪৪ টাকার ঋণ নেয় এক্সিম ব্যাংক। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও এক্সিম ব্যাংক ওই টাকা পরিশোধ করতে পারেনি। ওই খেলাপি ঋণ আদায়ের জন্য ঢাকার অর্থঋণ আদালত-৫ এ মামলাটি দায়ের করে ব্যাংক এশিয়া।

আদেশ থেকে জানা যায়, এদিন বাদীপক্ষ আদালতকে জানান, নালিশি ঋণের বিপরীতে এক্সিম ব্যাংকের কোনো সম্পত্তি দায়বদ্ধ নেই। তবে ওই সম্পত্তিতে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত। এক্সিম ব্যাংকের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর হওয়ায় সম্প্রতি অন্যান্য ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই এক্সিম ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হওয়ায় প্রধান কার্যালয়ের সম্পত্তি ক্রোক না করলে বাদী ব্যাংক এশিয়ার বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়বে।

শুনানি শেষে ও নথি পর্যালোচনা করে বিচারক এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় কেন ক্রোক করা হবে না মর্মে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। একই সঙ্গে কারণ না দর্শানো বা আপত্তি দাখিল না করা পর্যন্ত ব্যাংকটির প্রধান কার্যালয় অস্থায়ীভাবে ক্রোক করার আদেশ দেন আদালত।

আগামী ২১ আগস্ট বিবাদীপক্ষ অর্থাৎ এক্সিম ব্যাংকের জবাব দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।




নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব অবরুদ্ধ

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরীন ইসলাম, মেয়ে আনিকা ইসলাম, ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৫২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালত সূত্রে জানা যায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সোমবার (৩ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

ওইদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক সালাহউদ্দিন অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তার নিজ নামে, স্ত্রী নাসরীন ইসলাম, মেয়ে আনিকা ইসলাম ও ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের নামে ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। হিসাব খোলার সময় থেকে অদ্যাবধি পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। যা অস্বাভাবিক ও সন্দেহজনক মর্মে প্রতীয়মান হয়েছে।

বিভিন্ন সূত্রের তথ্যমতে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামীয় ব্যাংক হিসাবসমূহে রক্ষিত অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এসব ব্যাংক হিসাবে রক্ষিত অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় ৫২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হওয়া আবশ্যক।




পদ্মাকে একীভূত করবে না এক্সিম ব্যাংক

পদ্মা ব্যাংক পিএলসিকে একীভূত (Merger) করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক)।

সোমবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক্সিম ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি বছরের ১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব্যাংকটি তার এই সিদ্ধান্তের বিষয়টি দুই স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়ে দিয়েছিল।

পর্ষদ সভার সিদ্ধান্তের আলোকে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে গত ১৮ মার্চ এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ব্যাংক দুটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকরা ওই চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নরসহ অন্যান্য কর্মকর্তা এবং ব্যাংক দুটির চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, দেশের উন্নয়নে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।

বিগত আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের অপশাসনে ব্যাংকিং খাতের অবস্থা নাজুক হয়ে উঠলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অস্তিত্ব সঙ্কটে থাকা দূর্বল ব্যাংকগুলোকে তুলনামূলক সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে এক্সিম ব্যাংককে নির্দেশনা দেওয়া হয় পদ্মা ব্যাংককে একীভূত করার।

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতের লাগামহীন অনিয়ম ও নৈরাজ্য ঠেকাতে পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়। এক্সিম ব্যাংকে নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর আভাস দেওয়া হয় তারা শেষ পর্যন্ত পদ্মা ব্যাংককে একীভূত না-ও করতে পারে। আজ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।




বন্ড ইস্যুতে অনাপত্তিপত্র পেল এক্সিম ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংক পিএলসি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছে। তবে বাজার থেকে অর্থ উত্তোলনের পরিমাণে পরিবর্তন আনবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এক্সিম ব্যাংকের ৬ষ্ঠ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলধনভিত্তি শক্তিশালী করতে এ বন্ডের মাধ্যমে ৩০০ কোটি টাকার পরিবর্তে ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।




এক্সিম ব্যাংকের এজিএম এর তারিখ পরিবর্তন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংকের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সুত্রে এ তথ্য জনা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, কোম্পানিটির এজিএম ২৪ জুনের পরিবর্তে ২৭ জুন অনুষ্ঠিত হবে।




দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এক্সিম ব্যাংকের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অন্যদিকে, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’রেটিং হয়েছে। ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

প্রতিষ্ঠান দুটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এবং আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।




এক্সিম ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংক পিএলসি।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ১৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৪ পয়সা।




রমজান ঘিরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

রমজান মাসকে কেন্দ্র করে বে‌শি রেমিট্যান্স পাঠা‌চ্ছেন প্রবাসীরা। চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ১০২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে এসেছে। সোমবার (১৮ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, মার্চের প্রথম ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ৮২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৭ কোটি ২০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার, আর ফেব্রুয়া‌রি‌তে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার।

গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের রেমিট্যান্স।




পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন

পদ্মা ব্যাংকের‌ আমানতকারীরা এক্সিম ব্যাংক থে‌কে আমানত তুল‌তে পারবেন বলে জানিয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকে পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হওয়ার বিষয় সমঝোতা চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম মজুমদার বলেন, পদ্মা ব্যাংকে একীভূত করার ক্ষেত্রে সরকারের কোনো চাপ ছিল না, তবে সরকারের পক্ষ থেকে পরামর্শ ছিল। আমরা এটা করেছি দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে। পদ্মাকে একীভূত করা হলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না, সবাই নিরাপদে থাকবেন। পদ্মা ব্যাংকের আমানতকারীরা এক্সিম ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।

তিনি বলেন, দেশে প্রথমবারের মতো একীভূত হলো বেসরকারি খাতের এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংক। এর ফলে পরিচালনা পর্ষদে সব ধরনের সিদ্ধান্ত নেবেন এক্সিম ব্যাংকের পরিচালকরা। দুই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সে বিষয়ে প্রক্রিয়া চলছে। পদ্মা ব্যাংকের কোনো কর্মকর্তারই চাকরি যাবে না।

নজরুল ইসলাম মজুমদার বলেন, পদ্মায় জাল ফেলেছে এক্সিম ব্যাংক। এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার পালা। এক বছরের মধ্যে পদ্মা ব্যাংক ভালো হয়ে যাবে। চাইলে পদ্মা ব্যাংকের যে কোনো ব্যক্তিগত আমানতকারী তার টাকা এক্সিম ব্যাংক থেকেই তুলে নিতে পারবেন। পদ্মা ব্যাংকের সকল দায়ভার এখন থেকে গ্রহণ করল এক্সিম ব্যাংক।

এর আগে শ‌রীয়াহ ভি‌ত্তিক বেসরকারি এক্সিম ব্যাংক ও চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হতে দু‌টি ব্যাংকের পর্ষদে অনুমোদন হয়।

 

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে জানান, আমানতকারীদের সুরক্ষা দিতে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংককে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করা হ‌বে।

এদি‌কে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক একীভূত (মার্জার) করতে একটি রোডম্যাপ ঠিক করার পাশাপাশি ব্যাংকগুলোকে এক বছর সময় দিয়ে ‘প্রম্পট কারেক্টিভ অ্যাকশন’ বা পিসিএ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে।

এ প্রক্রিয়ায় ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার, মূলধনের পর্যাপ্ততা, নগদ অর্থের প্রবাহ, ঝুঁকি-ভিত্তিক সম্পদের তথ্যকে প্রাধান্য দিয়ে আর্থিক স্বাস্থ্যের বিভিন্ন সূচক ঠিক করে দেওয়া হয়েছে।

সেই সূচকে কাঙ্ক্ষিত মানদণ্ডের নিচে থাকা ব্যাংকগুলোকে ‘দুর্বল’ শ্রেণিভুক্ত করবে বাংলাদেশ ব্যাংক। দুর্বল ব্যাংক টেনে তোলার শেষ পদক্ষেপ হিসেবে অন্য ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার বিষয়টি আসবে। সরকারও তাতে সায় দিয়েছে।




বেশি দামে ডলার বিক্রিতে শাস্তি পাবেন ১০ ব্যাংকের ট্রেজারি প্রধান

ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছর ডলারের দাম নিয়ে কারচুপির দায়ে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে কেন জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১০৯(৭) ধারা অনুযায়ী কেন ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এই ধারায় বলা আছে, আইন লঙ্ঘনের জন্য কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করতে পারে।

চিঠি পাওয়া ব্যাংকগুলো হলো—সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

ডলার কারচুপির অভিযোগে ব্যাংকগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়।

গত বছর ডাচ্-বাংলা, প্রাইম, সিটি, সাউথইস্ট, ব্র্যাক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এনসিসি, এইচএসবিসি, মার্কেন্টাইল, ঢাকা, ইউনাইটেড কমার্শিয়াল ও ব্যাংক এশিয়াসহ ১২ ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

এরপর ডাচ-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, ব্র্যাক ও স্ট্যান্ডার্ড চার্টার্ডকে তাদের ট্রেজারি প্রধানদের মানবসম্পদ বিভাগে বদলি করার নির্দেশ দিলেও পরে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

গত বছর থেকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন ও এবিবি কেন্দ্রীয় ব্যাংকের অনানুষ্ঠানিক নির্দেশে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

গত ৩১ আগস্ট প্রতিষ্ঠান দুটি সেপ্টেম্বর থেকে অভিন্ন বিনিময় হার কার্যকর করার সিদ্ধান্ত নেয়। সেসময় ১০৯ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।




এক্সিম ব্যাংকের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৩ আয়োজন করেছে এক্সিম ব্যাংক।

শনিবার (১৯ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. নূরুল আমিন ফারুক, এ কে এম নুরুল ফজল বুলবুল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর ও শাহ্ মো. আব্দুল বারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ বশীরুল ইসলাম, মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, সকল শাখা ব্যবস্থাপক এবং সেকেন্ড অফিসারসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার সকল শাখা ব্যবস্থাপকদের সততা, নিষ্ঠা এবং যথাযথ নিয়ম পরিপালনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রেখে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকূলতা নিয়ে আলোচনা করে কীভাবে বর্তমান পরিস্থিতিতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করেন।




২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এক্সিম ব্যাংকের

অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় ২৫ বছরে পদার্পণ করল আধুনিক ইসলামী ব্যাংকিংয়ের ধারক এক্সিম ব্যাংক। এ উপলক্ষে ৩ আগস্ট এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা।




ডাচ্-বাংলা ও এক্সিম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক ও এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ডাচ্-বাংলা ব্যাংক
কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.৭৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.১৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭.৯৯ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯.৮৫ টাকা।

 

এর আগের হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

এক্সিম ব্যাংক
কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এক্সিম ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪৯ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.০২ টাকা।

এর আগের হিসাব বছরে এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।