ঋণখেলাপিদের সুদ মাফ করা খুবই আপত্তিকর: ফরাসউদ্দিন

বড় বড় ঋণখেলাপির ঋণের সুদ মাফ করার বিষয়টি খুবই আপত্তিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বলেন, এবারের বাজেটে আইএমএফের প্রভাব থাকায় পাচারকৃত অর্থ ফিরিয়ে আনায় তেমন দিকনির্দেশনা দেখা যায়নি। অর্থ পাচার, দুর্নীতি ও ঋণখেলাপি চক্র রোধ করা না গেলে এরা সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বড় বড় ঋণখেলাপির ঋণের সুদ মাফ করা হচ্ছে। এটা খুবই আপত্তিকর বিষয়।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে ছায়াসংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ছায়াসংসদে ‘এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে’ শীর্ষক বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকদের পরাজিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আরও বলেন, সরকারি ব্যাংকগুলো যে ৫০ হাজার কোটি টাকা সুদ মওকুফ করেছে তা খেলাপি ঋণ হিসাবে গণ্য করা উচিত। বর্তমানে মূল্যস্ফীতি ৯ শতাংশ বলা হলেও প্রকৃতপক্ষে এটি ১০ শতাংশের কাছাকাছি।

তিনি জানান, মধ্যস্বত্বভোগীরা মজুত ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি করায় খাদ্যাভাবে ’৭৪ সালে বহু লোকের মৃত্যু হয়। তাই মজুত ও সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। বাজেটে বিদেশ থেকে যে ৯৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার কথা বলা হয়েছে এটা মারাত্মক ক্ষতিকর অস্ত্র হতে পারে। সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে ঋণনির্ভরতা কমিয়ে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ায় জোর দেওয়া উচিত। ব্যাংক থেকে অধিক পরিমাণে ঋণ নিলে বিনিয়োগকারীরা ঋণ পাবেন না। এতে বিনিয়োগ আরও স্থবির হয়ে যাবে। অন্যদিকে সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ নিলে মূল্যস্ফীতির চাপ কমবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাত শক্তিশালী হবে।

অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেট আসে বাজেট যায়। বাসা ভাড়া, যাতায়াত ব্যয়, দ্রব্যমূল্য, সন্তানের লেখাপড়া খরচ, চিকিৎসা ব্যয় বাড়বে কি না তা নিয়ে বাজেটের পর সাধারণ মানুষ দুশ্চিন্তায় থাকে। বিদ্যুৎ, পানি, গ্যাসের মূল্য বৃদ্ধি হলে বিপাকে পড়ে সীমিত আয়ের মানুষ। তবে প্রতিবছর বাজেটের পর সবকিছুর দাম বৃদ্ধি পাওয়া একটা রীতিতে পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ কষ্টে আছে। দিনে দিনে আয় বৈষম্য বেড়ে চলছে। ক্রমবর্ধমান আয় বৈষম্যের কারণে সামাজিক অসন্তোষ তৈরি হতে পারে। মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট জনগণের ওপর চাপিয়ে দেওয়া হলে তা হবে দুঃখজনক।

তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের বিশৃঙ্খলা, অর্থ পাচার, লাগামহীন দুনীর্তি রোধে করণীয় নিয়ে কোনো পদক্ষেপ দেখা যায়নি এই বাজেটে। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, পুঁজি পাচার, হুন্ডি বন্ধসহ ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে এই বাজেটে তেমন কোনো উদ্যোগ নেই। কর ব্যবস্থাপনায় দুর্বলতা, বৈষম্য, দুর্নীতি বজায় রেখে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। কর প্রশাসনে সুশাসন ও দক্ষতা বাড়ানো না গেলে কর আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।




নতুন করে বাড়ি-গাড়ি কিনতে পারবেন না ঋণখেলাপিরা

নিয়মিত ঋণ পরিশোধ না করলে তাকে ইচ্ছা খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। এসব ঋণখেলাপিরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন। তারা নতুন করে জমি বাড়ি গাড়ি কিনতে পারবেন না। নতুন ব্যবসাও খুলতে পারবেন না তারা।

রোববার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সভা শেষে এসব তথ্য জানান ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় দেশের ব্যাংকিং খাতের শ্রেণিকৃত ঋণ হ্রাস এবং করপোরেট সুশাসন নিশ্চিত করার ‌‘রোডম্যাপ অনুমোদন’ পেয়েছে।

‘রোড ম্যাপে’ বলা হয়, অর্থ ঋণ আদালত আইন-২০২৩ এর আওতায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে আদালতের বাইরে মামলা নিষ্পত্তির জন্য ব্যাংকগুলোকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর বিদ্যমান লিগ্যাল বা আইন বিভাগকে শক্তিশালী করা হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের বলেন, নতুন পথনকশায় (রোডম্যাপ) ব্যাংক খাতের খেলাপিদের আর ছাড় না দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া খেলাপিঋণ অবলোপন ও অবলোপন ঋণ আদায় জোর দেওয়ার কথা বলা হয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে মার্জ করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সীমার বেশি ঋণ না দেওয়া, যোগ্য স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং শেয়ারধারী পরিচালকদের যোগ্যতা নির্ধারণ করার বিষয়েও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রোড ম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের জুনের মধ্যে ব্যাংক খাতের খেলাপি ঋণের হার ৮ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপিঋণ ১০ শতাংশের মধ্যে ও বেসরকারি ব্যাংকগুলোর খেলাপিঋণ ৫ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে ব্যাংক খাতে খেলাপিঋণ ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ৯ দশমিক ৯৩ শতাংশ।

খেলাপিঋণ কমানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পরিকল্পনায় বলা হয়, ব্যাংকগুলোতে কোনো ঋণ একাধারে দুই বছর খেলাপি থাকলে (যা বর্তমানে তিন বছর) সেসব ঋণের বিপরীতে শতভাগ নিরাপত্তা সঞ্চিতি রেখে অবলোপন করতে হবে। এ ঋণে শতভাগ নিরাপত্তা সঞ্চিতি থাকলে ব্যাংকের কোনো ঝুঁকি তৈরি হবে না। অবলোপন করা ঋণ আদায়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে ‘অবলোপন করা ঋণ আদায় ইউনিট’ নামে একটি পৃথক ইউনিট গঠন করা হবে। এ ঋণ আদায়ের লক্ষ্য অর্জন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের পারফর্মেন্সে যুক্ত করার কথা রোড ম্যাপে বলা হয়েছে।

ঋণ পরিশোধের জন্য দেওয়া বাড়তি মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকের তারল্য সংকট কমবে। আবার ব্যাংকের মেয়াদোত্তীর্ণ ঋণের সংজ্ঞায় পরিবর্তন আনা হবে। ইচ্ছা করে খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। পাশাপাশি খেলাপিঋণ আদায় করা কর্মকর্তাদের জন্য বিশেষ ভাতা চালুর কথাও বলা হয়। তাছাড়া ঋণের জামানত বাধ্যতামূলকভাবে তালিকাভুক্ত কোম্পানিকে দিয়ে মূল্যায়ন করাতে হবে।

ব্যাংক খাতে সুশাসন ফেরাতে ৬টি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এতে বলা হয়, ব্যাংকের শেয়ারধারী পরিচালকদের যোগ্যতা ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত নীতিমালা সংশোধন করা হবে। ফলাফল হিসেবে ব্যাংকের সামগ্রিক ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী হবে। তাছাড়া রোডম্যাপ অনুযায়ী, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগ, তাদের সম্মানি নির্ধারণ এবং দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত নীতিমালা প্রণয়ন করা হবে। এতে স্বতন্ত্র পরিচালক আমানতকারী এবং শেয়ারধারীর স্বার্থ সংরক্ষণ করবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকের এমডি নিয়োগ ও পুনর্নিয়োগ বাছাই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। নতুন পদ্ধতি আরও কঠোরভাবে বাস্তবায়ন হবে। পারদর্শিতার সূচকের ভিত্তিতে কাজের মূল্যায়ন পাবেন এমডিরা।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, একজন গ্রাহক এখন যে পরিমাণ ঋণ নিতে পারেন তার বেশি ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। কয়েকটি দুর্বল ব্যাংককে অপেক্ষাকৃত ভালো ব্যাংকের সঙ্গে মার্জ করা হবে। যেখানে একীভূত হওয়ার তিন বছর পর্যন্ত কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে না। এর মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ শক্তিশালী হবে, মূলধন ঘাটতি দূর হবে এবং খরচ কমে আসবে। একই সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে মৌলিক প্রশিক্ষণ ও ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ বাধ্যতামূলক করা হবে।




ঋণখেলাপি প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

আইন অনুযায়ী কোনো ঋণখেলাপি গ্রাহকের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। এ কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের ব্যাংকঋণের হালনাগাদ তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২’র ১২ অনুচ্ছেদ অনুসারে, কোনো ঋণখেলাপি ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্যতা রাখেন না। এর ফলে কেউ খেলাপি হলে তিনি প্রার্থী হতে পারবেন না। অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার সাতদিন আগে খেলাপি ঋণ পুনঃতফসিল করে নিয়মিত করার নিয়ম ছিল। তবে ২০১৮ সালের নির্বাচনের আগে ব্যাংকঋণ পরিশোধ সংক্রান্ত বিধান সংশোধন করা হয়। এরপর ঋণখেলাপি সংক্রান্ত বিধান সংশোধন করা হয় চলতি বছর জুলাইয়ে।

নতুন আইনে, মনোনয়নপত্র জমার একদিন আগে খেলাপিঋণ পরিশোধ করলেই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।

সংশ্লিষ্টরা বলছেন, ছাড় দেওয়ার কারণে ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ সহজ হয়েছে। ভোটে দাঁড়াতে আগের মতো ১০ শতাংশ নগদ অর্থ জমা দিয়ে ঋণ পুনঃতফসিল করতে হচ্ছে না। এখন অনেক কম অর্থ জমা দিলেই হয়। আবার, ঋণ পুনঃতফসিলের প্রস্তাবও কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর প্রয়োজন হচ্ছে না। ব্যাংকগুলো যে যার মতো করে খেলাপি ঋণ পুনঃতফসিল করে দিচ্ছে।




অগ্রণী ব্যাংকের আরও এক ঋণখেলাপি গ্রেপ্তার

খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির প্রধান শাখার খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান এন এন এ অটো রাইস মিলস লিমিটেডের পরিচালক আসিক ইবনে আলম গ্রেপ্তার হয়েছেন।

প্রতিষ্ঠানটির ৩১ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা আদায়ের লক্ষ্যে ২০২০ সালের ১ অক্টোবর তারিখে ঢাকার অর্থঋণ আদালত-১ এ অর্থজারী মামলা নং- ৫২৪/২০২০ দায়ের করে অগ্রণী ব্যাংক।

উক্ত মামলায় আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১) ধারায় ৪ জন বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ প্রতিষ্ঠানটির পরিচালক আসিক ইবনে আলমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছেন।

এর আগে, গত ২০ জুলাই ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার খেলাপি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রা.) লিমিটেডের পরিচালক শেখ খাজাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।