পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন ২ সেপ্টেম্বর

উত্তরের জেলা পঞ্চগড়ে উদ্বোধন হতে যাচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। ‘উত্তরাঞ্চলের চা শিল্পের সঙ্গে সম্পৃক্ত অংশীজনদের’ সঙ্গে মতবিনিময় ও চা আইন-২০১৬ অবহিতকরণ বিষয়ক কর্মশালায় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, আগামী ২ সেপ্টেম্বর দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এ নিলাম কেন্দ্রের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পঞ্চগড়ে চা চাষ শুরু হয়। যা পরে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলায় সম্প্রসারিত হয়েছে। উৎপাদনের দিক দিয়ে দেশের দ্বিতীয় চা অঞ্চল পঞ্চগড়। গত বছর জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটিকে বর্ণিল ও বর্ণাঢ্য করতে সভায় কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

এখনও স্থান নির্ধারণ করা না হলেও নতুন অবস্থায় অনলাইনে কার্যক্রম পরিচালিত হবে বলে প্রাথমিকভাবে জানা যায়।

এসময় সভায় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমানসহ অনেকে।




শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে পূর্বনির্ধারিত সরকারি সফরে জাপান যাওয়ার আগে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেছেন বলে নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের পাশে ভিভিআইপি লাউঞ্জটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সকাল ৭টা ৫৬ মিনিটে তাকে বহন করা প্লেনটি জাপানের উদ্দেশে রওনা হয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫-২৮ এপ্রিল জাপানে সরকারি সফর করবেন। এরপর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওয়াশিংটন যাবেন। সেখান থেকে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

এ ছাড়াও জাপান সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। প্রধানমন্ত্রী জাপান পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। ২৬ এপ্রিল তিনি জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হবে।