ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ জানুয়ারি বিকাল ৩টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানি তা প্রকাশ করবে।




৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন ইস্টার্ন হাউজিংয়ের

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে পুঁজিবাজারে আবাসন খাতের ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৭৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিটি লেনদেন তালিকার তিনে উঠে এসেছে। এ সময়ে কোম্পানিটির ৮২ লাখ ৪৫ হাজার ৫৬২টি শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির করপরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৮ কোটি ৮০ লাখ টাকা। এর আগের হিসাব বছরে যা হয়েছিল ৫৪ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৩ কোটি ৮৯ লাখ টাকা বা ২৫ দশমিক ৩০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৭ পয়সা। এর আগের হিসাব বছরে যা হয়েছিল ৫ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৭৪ টাকা ৭১ পয়সায়। ২০২২-২৩ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ কোম্পানিটির সর্বশেষ পাঁচ হিসাব বছরের মধ্যে সর্বোচ্চ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৮ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৮ পয়সা। গত বছরে ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৭৪ টাকা ৭১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৭০ টাকা ৩৩ পয়সায়। এর আগে ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিংয়ের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬০৪ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ১৫৩। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫০ দশমিক ৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ১১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৩৪ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে।




২৫% নিট মুনাফা বেড়েছে ইস্টার্ন হাউজিংয়ের

আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। কোম্পানিটির গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। এ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। একই সঙ্গে সভা থেকে আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ইস্টার্ন হাউজিংয়ের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৮ কোটি ৮০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৪ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৩ কোটি ৮৯ লাখ টাকা বা ২৫ দশমিক ৩০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৭৪ টাকা ৭১ পয়সা।

 




২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা ইস্টার্ন হাউজিংয়ের

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৩৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫.৮৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০.০৮ টাকা।

এর আগের হিসাব বছরে ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।




চলতি সপ্তাহে চার কোম্পানির পর্ষদ সভা

তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ও ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিএসসিসিএলের সভা আগামীকাল বেলা আড়াইটায়, ইবনে সিনা ফার্মার একই দিন বেলা ৩টায়, প্রিমিয়ার লিজিংয়ের বুধবার বেলা আড়াইটায় ও ইস্টার্ন হাউজিংয়ের সভা বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসসিসিএল: টেলিযোগাযোগ খাতের কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। কোম্পানিটি ২০২১-২২ হিসাব বছরে জন্য শেয়ারহোল্ডারদের ৪৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস: ওষুধ খাতের কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

প্রিমিয়ার লিজিং: ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির (এনবিএফআই) পর্ষদ সভা থেকে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। একই সভা থেকে এনবিএফআইটির চলতি ২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিদেন অনুমোদন করা হবে।

ইস্টার্ন হাউজিং: আবাসন খাতের কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।