দীর্ঘ মেয়াদী বিনিয়োগে অর্থায়নের উৎস শেয়ারবাজার : ড. মসিউর রহমান

ঢাকায় শেষ হলো বিশ্বের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা।

দুই দিনব্যাপী সভায় প্রায় ১৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। গত মঙ্গলবার সম্মেলন শুরু হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও আইওএসকো’র এপিআরসি’র ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ, আইওএসকোর ডেপুটি সেক্রেটারি জেনারেল তাজিনদার সিংহ এবং আইওএসকো’র এপিআরসি’র চেয়ার সেগুরু আরিজুমি।

সমাপনী অনুষ্ঠানে ড. মসিউর রহমান বলেন, দীর্ঘ মেয়াদী বিনিয়োগে অর্থায়নের উৎস শেয়ারবাজার। ব‍্যাংকের মাধ‍্যমে এটি সম্ভব হয় না। বাংলাদেশের রাজস্ব ও মুদ্রানীতির মাধ‍্যমে শেয়ারবাজারকে সহায়তা দেওয়া হচ্ছে। বাজার গভীরতা বাড়াতে কাজ করছে বিএসইসি।

 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ বলেন, বাংলাদেশের অর্থনীতি বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে কাজ করছে সরকার। তিনি আর্থিক প্রবৃদ্ধি চাইলে নিয়ন্ত্রকসংস্থার সক্ষম বাড়াতে হবে। আর বিএসইসির সক্ষম বাড়ছে।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশের শেয়ারবাজার অত‍্যান্ত সম্ভাবনাময়। এই সম্ভাবনা কাজে লাগাতে কাজ করছে কমিশন। তিনি এ ধরনের সম্মেলন বাংলাদেশের পুজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখবে। কারসাজি রোধে প্রযুক্তির ব‍্যবহার বাড়ানো জরুরি।

আগামী শেয়ারবাজার ইতিবাচক হবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন আইন-কানুন, বিধিমালা, চলমান পরিস্থিতি, ঝুঁকি, সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় সহ পুঁজিবাজারের সার্বিক উন্নতির বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে বিনিয়োগ সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সভায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিরা অংশ নেন।




ঢাকায় প্রথম আইওএসকোর এপিআরসি’র সভা ২২ফেব্রুয়ারি

বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্সের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুদিনব্যাপী ঢাকার শেরাটন হোটেলে সভা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত বাংলাদেশে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহ নিয়ে গঠিত এপিআরসির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

রোববার (১৯ ফেব্রুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত সুপারভাইজরি ডাইরেক্টর মিটিংয়ের মাধ্যমে উক্ত সভা শুরু হবে। আর দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টর মিটিং অনুষ্ঠিত হবে। উক্ত দুটি সভার সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) এবং আইওএসকোর এপিআরসি ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এপিআরসি প্ল্যানারি সভার মাধ্যমে আলোচ্য সভা শেষ হবে।

উক্ত সভায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের ঊর্ধতন কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। এছাড়া উক্ত সভায় সারা বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহ নিয়ে গঠিত প্রতিষ্ঠান আইওএসকোর সচিবালয়, স্পেনের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, উক্ত সভায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন আইন-কানুন, বিধিমালা, চলমান পরিস্থিতি, ঝুঁকি, সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় সহ পুঁজিবাজারের সার্বিক উন্নতির বিষয়ে আলোচনা হবে।

আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই সভা আয়োজনের মাধ্যমে দেশ এবং দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গনে আরো পরিচিত হবে এবং বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা বৃদ্ধি পাবে মর্মে আশা করা যাচ্ছে। আন্তর্জাতিক পুঁজিবাজারের নীতিনিধরিণে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি, সংশ্লিষ্ট আইনকানুনের সাথে সমন্বয় করে দেশের পুঁজিবাজার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বৈদেশিক বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের সাথে সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধিসহ দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নতিতে এই সভা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে ।

প্রসঙ্গত, আইওএসকো প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে। এর প্রধান কার্যালয় স্পেনের রাজধানী মাদ্রিদে। বর্তমানে আইওএসকোর এশিয়া প্যাসিফিক রিজিওনে অর্ডিনারি মেম্বারের সংখ্যা ২৪ ও অ্যাসোসিয়েট মেম্বারের সংখ্যা । সংস্থাটির প্রধান কাজ হচ্ছে পুঁজিবাজারের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ক্যাপাসিটি বাড়ানো, আন্তর্জাতিক মান প্রণয়ন, মনিটরিং ইত্যাদি।