বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

দেশে নতুন করে ই-অটোরিকশা চালুর অনুমোদন দেওয়ার আগে বর্তমানে চলমান ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

একই সঙ্গে নিবন্ধন, লাইসেন্স ও জীবিকা রক্ষাসহ আট দফা দাবিতে মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা ছাড়াও শত শত অটোরিকশার মালিক ও চালক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তারা উচ্ছেদ নয়, বৈধভাবে জীবিকা নির্বাহের সুযোগ চান। চলমান অটোরিকশাগুলোকে নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আনা হলে সরকার রাজস্ব পাবে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং লাখো পরিবারের জীবিকা সুরক্ষিত হবে।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি এসএম আবু বকর বলেন, কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থের বিনিময়ে সরকার নতুন করে ই-অটোরিকশা নামানোর পরিকল্পনা করছে। এতে রাজধানীতে যানজট আরও বাড়বে। সরকার ই-অটোরিকশার অনুমোদন দিক, তাতে আমাদের আপত্তি নেই। তবে এর আগে বর্তমানে চলমান অটোরিকশাগুলোর নিবন্ধন দিতে হবে।

তিনি বলেন, চলমান অটোরিকশার ওপর লাখ লাখ মানুষ জীবিকা নির্বাহ করছেন। অথচ একটি গোষ্ঠী এসব অটোরিকশা বন্ধের পাঁয়তারা করছে। আমরাও নিবন্ধনের আওতায় আসতে চাই। সরকার নির্ধারিত নিয়ম মেনে নিবন্ধন নিতে আমরা রাজি। কিন্তু চলমান অটোরিকশা বন্ধ করে নতুন ই-অটোরিকশা রাস্তায় নামাতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

এ সময় সরকারের কাছে তারা আট দফা দাবি জানায়। দাবিগুলো হলো- চলমান অটোরিকশার সড়কে চলাচলের অনুমতি ও লাইসেন্স বা কিউআর কোড প্রদান; বৈধ বিদ্যুৎ সংযোগধারী মালিকদের বিনা কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা; চালকদের প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্সের আওতায় আনা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অযথা হয়রানি ও ডাম্পিং বন্ধ করা; বিদ্যুৎসাশ্রয়ী লিথিয়াম ব্যাটারি সহজলভ্য করা; ভিআইপি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ইউটার্নের ব্যবস্থা করা এবং নিবন্ধন ফি ও কর যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নির্ধারণ করা।