রূপালী ব্যাংকের এজিএম ও ইজিএম ফের স্থগিত

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) পুনরায় স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার ব্যাংকটির এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত ব্যাংকটির এজিএম ও ইজিএম পুনরায় স্থগিত করা হয়। এ নিয়ে একাধিকবার স্থগিত ও তারিখ পরিবর্তন করেছে রূপালী ব্যাংক। পাশাপাশি কোম্পানিটি পরবর্তীতে এজিএম ও ইজিএমের নতুন তারিখ জানিয়ে দিবে বলে জানিয়েছে।

জানা যায়, শুরুতে গত ৩০ জুলাই এজিএম ও ইজিএমের তারিখ ঘোষণা করে রূপালী ব্যাংক পিএলসি। এরপর তা সামনে এগিয়ে ২৩ জুলাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। পরবর্তীতে ১ আগস্ট এজিএম ও ইজিএমের নতুন তারিখ জানায় রূপালী ব্যাংক। নতুন তারিখ অনুযায়ী ৫ আগস্ট তা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সরকারি ছুটির কারণে তা ফের পিছিয়ে যায়।

এদিকে মঙ্গলবার (৬ আগস্ট) আবার ডিএসইতে এজিএম ও ইজিএমের নতুন তারিখ ঘোষণা করে ব্যাংকটি। নতুন সময়সূচী অনুযায়ী আজ ব্যাংকটির ঘোষিত কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে ফের এজিএম ও ইজিএমের স্থগিতাদেশ দেয় ব্যাংক কর্তৃপক্ষ।




নাম পরিবর্তন করবে পিপলস লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিবর্তে “সোনার বাংলা লিজ ফিন্যান্স পিএলসি” নাম রাখবে। একারণে কোম্পানিটি সংঘস্বারকের কিছু অনুচ্ছেদ পরিবর্তন করবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ২৬ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৫ ডিসেম্বর।




বাণিজ্যিক ভবন কিনবে আর্গন ডেনিমস

বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গত ১৪ ডিসেম্বরের সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি গুলশানের হেনা সুবাস্তু স্কাই লাইন এভিনিউয়ের লেভেল-১৪ তে ৭ হাজার ২৯১ বর্গফুট জায়গা কিনবে।

এই জমির মূল্য ২৫ কোটি ৫১ লাখ ৮৫ হাজার টাকা। প্রতি বর্গফুট ৩৫ হাজার টাকা।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির ইজিএম আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি।




এনভয় টেক্সটাইলের ইজিএমের তারিখ ঘোষণা

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার তারিখ ঘোষণা করেছে। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিয়োগ দেওয়ার জন্য এ সভা আহ্বান করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, উচ্চ আদালত থেকে কোম্পানিটি মঙ্গলবার এ বিষয়ে আদেশ পেয়েছে। কোম্পানির ইজিএম আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি। কোম্পানির ইজিএম আগামী ২৯ জানুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।




আইপিওর অর্থ ব্যয়ে সংশোধন আনবে মিডল্যান্ড ব্যাংক

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের সংগৃহীত অর্থের একটা অংশ বরাদ্দ রাখা হয়েছিল ‘‌আইপিও ব্যয়’ নিষ্পত্তির জন্য। এ অংশের অবশিষ্ট ৪৬ কোটি ৭৩ লাখ ৯৭৬ টাকা ব্যাংকটি এখন ভিন্ন খাতে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। তারা এ অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করবে। পর্ষদে এ সিদ্ধান্তের পাশাপাশি ব্যাংকটির নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এসব বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

তথ্য অনুসারে, আইপিও ব্যয় খাতের অর্থ ব্যয় ও ব্যাংকের নাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৯ অক্টোবর বিকাল ৪টায় ইজিএম আহ্বান করেছে মিডল্যান্ড ব্যাংক। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর। ব্যাংকটির নাম পরিবর্তন করে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডে থেকে মিডল্যান্ড ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার এক মাসের মধ্যে সরকারি সিকিউরিটিজে ব্যাংকটি বিনিয়োগ করবে বলে জানিয়েছে।




 ১৫০ কোটি টাকার বন্ড ছাড়বে নাভানা ফার্মা

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ আংশিক রূপান্তরযোগ্য বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বন্ড ছেড়ে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

সোমবার (১২ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এ বন্ডের মেয়াদকাল হবে ৫ বছর। এটি হবে আংশিক রূপান্তরোযগ্য বন্ড। অর্থাৎ এই বন্ডের অংশ বিশেষ শেয়ারে রূপান্তর করা যাবে। এটি একইসঙ্গে ফুললি রিডিমেবল। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে। আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। প্রতি ৬ মাস পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ প্রদান করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

নাভানা ফার্মাসিউটিক্যালস বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ আংশিক ব্যাংক ঋণ রিশোধে ব্যয় করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তারও আগে প্রয়োজন হবে কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতি। তাই বন্ড ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত নিতে আগামী ৩১ জুলাই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ওই দিন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে ঘোষিত ইজিএম অনুষ্ঠিত হবে। এই ইজিএমে যোগদানের যোগ্যতা নির্ধারণে আগামী ৫ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।