শেয়ারমূল্য শূন্য ঘোষণা একীভূত পাঁচ ব্যাংকের

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এসব ব্যাংকের ওপর মালিকদের আনুষ্ঠানিক কর্তৃত্বের অবসান ঘটলো।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকগুলোর সম্পদ ও দায় (অ্যাসেট ও লাইবিলিটি) হস্তান্তর প্রক্রিয়ায় আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা রইলো না।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূতকরণ প্রক্রিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। শিগগির ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে সম্পদ ও দায় হস্তান্তর সংক্রান্ত চুক্তি সই হবে।l

গত ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হলে বাংলাদেশ ব্যাংক একীভূত হওয়া ব্যাংকগুলোর শেয়ারমূল্য শূন্য ঘোষণার সিদ্ধান্তের কথা জানায়। তবে পুঁজিবাজারে বিনিয়োগকারী সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা তখন অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল।




ইউনিয়ন ব্যাংকের এজিএম স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, আগামী ১২ আগস্ট সকাল সাড়ে ১১টায় ব্যাংকটির ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত হাইব্রিড সিস্টেমে হতে চলা এই এজিএম স্থগিত করা হয়।

তবে নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে বলে ডিএসই ওয়েবসাইটে জানিয়েছে কোম্পানিটি।




ইউনিয়ন ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ১২ জুন পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এই ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।




ইউনিয়ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ জুন।




আইপিও’র অর্থ ব্যবহারে সময় পেলো ইউনিয়ন ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময় বাড়ানো হয়েছে। কোম্পানিটি ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আইপিও ফান্ড ব্যবহার করতে পারবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির গত ১৫ জুন অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের কাছ থেকে আইপিও ফান্ড বাড়ানোর বিষয়ে অনুমতি পেয়েছে। ফলে ব্যাংকটি আইপিও তহবিলের অর্থ ব্যবহারে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময় পেয়েছে। তবে, বিষয়টি চূড়ান্ত হবে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে।




ইউনিয়ন ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা

ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর প্রথম ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩ (ঢাকা বিভাগ) ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, শফিউদ্দিন আহমেদ, এসইভিপি মো. গোলাম মোস্তফা, ইভিপি মো. মাইনুল ইসলাম চৌধুরী এবং মো. আজাদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঢাকা বিভাগের শাখা ব্যবস্থাপকরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী সবাইকে ত্রৈমাসিক ব্যবসায়িক সাফল্য তুলে ধরে অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।