ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালুর অনুমোদন পেল ইউনাইটেড ফাইন্যান্স

শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালু করতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাত প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। এরইমধ্যে কোম্পানিটিকে উইন্ডো চালুর জন্য নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য ‍জানা গেছে।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৮ মার্চ এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ইউনাইটেড ফাইন্যান্সকে ‘ইসলামিক ফাইন্যান্স উইন্ডো’ চালুর জন্য নীতিগত অনুমোদন (ইন-প্রিন্সিপ্যাল অ্যাপ্রুভাল) প্রদান করেছে।

তবে এই অনুমোদনের সঙ্গে কিছু শর্তও যুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করতে হবে। প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন হওয়ার পর কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে শরিয়াহভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

কোম্পানি জানিয়েছে, এই ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে তারা শরিয়াহসম্মত আর্থিক সেবা প্রদান করবে, যা তাদের বিদ্যমান প্রচলিত (কনভেনশনাল) আর্থিক কার্যক্রমের পাশাপাশি পরিচালিত হবে। এর ফলে ইউনাইটেড ফাইন্যান্স ভবিষ্যতে একই প্রতিষ্ঠানের অধীনে প্রচলিত ও শরিয়াহভিত্তিক—দুই ধরনের আর্থিক সেবা দেওয়ার সুযোগ পাবে।




ইউনাইটেড ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৯ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো মাইনাস ৬ টাকা ৩২ পয়সা, যা আগের বছরে ছিলো মাইনাস ৬৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৪ পয়সা।




ইউনাইটেড ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজার তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইমরান আহমেদ।

এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান ও প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভায় সমাপ্ত ২০২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা করেন পরিচালনা পর্ষদসহ বিনিয়োগকারীরা।

আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ১.১৯ টাকা।

শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৬ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ১৭ টাকা ৩০ পয়সা।

আলোচ্য বছরে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যা বার্ষিক সাধারণ সভার অন্যান্য এজেন্ডার সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।