আফগানিস্তানের কোম্পানিতে ওষুধ রপ্তানি করলো আল মদিনা ফার্মা

আফগানিস্তানের কোম্পানি হেজাজ লিমিটেডে ওষুধ রপ্তানির কার্যাদেশ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই প্ল্যাটফর্মের কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি এরই মধ্যে ৭০ হাজার ৯৬০ মার্কিন ডলারের একটি চালান আফগান কোম্পানিটির কাছে রপ্তানি সম্পন্ন করেছে।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ওষুধ খাতের কোম্পানিটি।

কোম্পানির দেওয়া তথ্যানুযায়ী, আল-মদিনা ফার্মাসিউটিক্যালস হেজাজ লিমিটেডে থেকে ১ লাখ ২৩ হাজার ২১৮ ডলারের পণ্য রপ্তানির কার্যাদেশ পেয়েছে। কার্যাদেশ অনুযায়ী, আংশিক চালান পাঠাতে গত ১৩ অক্টোবর থেকে পণ্য উৎপাদন কার্যক্রম শুরুর কথাও জানিয়েছিল কোম্পানিটি।

এরই ধারাবাহিকতায় গত ১৪ ডিসেম্বর কোম্পানিটি ডিএসইকে জানিয়েছিল, তারা হেজাজ লিমিটেডে রপ্তানির জন্য ৭০ হাজার ৯৬০ ডলার মূল্যের ওষুধ চট্টগ্রাম বন্দরে সরবরাহ করেছে। ওই রপ্তানির বিপরীতে কোম্পানি ইতোমধ্যে এক্সপোর্ট ফরম (এক্সপো ফরম) গ্রহণ করেছে এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের মাধ্যমে আগাম রপ্তানি মূল্য হিসেবে পুরো অর্থ বুঝে পেয়েছে।

আজ ডিএসইকে কোম্পানিটি জানিয়েছে, তারা আফগানিস্তানের কোম্পানিটির কাছে ৭০ হাজার ৯৬০ ডলারের পণ্য রপ্তানি সম্পন্ন করেছে। যার বিল অফ লেডিং নং

কোম্পানিটি আরও জানিয়েছে, তারা ২০২৪ সাল থেকে রপ্তানি কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এই রপ্তানি সম্পন্ন করে পুরো অর্থ বুঝে পেয়েছে।

২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ২০ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটির শেয়ার মালিকানার প্রায় ৭০ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকের হাতে রয়েছে।

আজ রপ্তানি সম্পন্নের তথ্যে, কোম্পানির শেয়ারদর ১ টাকা বা প্রায় ৪ শতাংশ বেড়ে ২৮ টাকা ৫০ পয়সা হয়েছে। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ২৫ টাকা ৭০ পয়সা থেকে ৪৯ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।




ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ডিএসই সিএসইর সঙ্গে আল-মদিনা ফার্মার চুক্তি

পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এবং আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) ডিএসই টাওয়ার, নিকুঞ্জে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র ডেপুটি ম্যানেজার মো. জাহিদুল ইসলাম এবং আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ডিএসই, সিএসই, আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইস্যুয়ার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবস্ক্রিপশন ৭ মে থেকে শুরু হয়েছে। এ আবেদন গ্রহণ চলবে ১১ মে পর্যন্ত।




আল-মদিনা ফার্মার কিউআইওর আবেদন শুরু ৭ মে

স্বল্প মূলধনী কোম্পানিগুলোর জন্য গঠিত এসএমই প্ল্যাটফর্মে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) তারিখ নির্ধারণ করেছে। কোম্পানিটির কিউআইওতে আবেদন গ্রহণ আগামী ৭ মে (রোববার) থেকে শুরু হয়ে চলবে ১১ মে পর্যন্ত। প্রতিদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন গ্রহণ করবে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংকগুলো।

মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিএসইসির ৮৪৫তম কমিশন সভায় কোম্পানিটির এ কিউআইও অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মূলধন উত্তোলনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস।

আর্থিক বিবরণী অনুযায়ী, সর্বশেষ হিসাব বছরে (৩০ জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৫ পয়সায় (পুনঃমূল্যায়নসহ)।

বিএসইসির শর্ত অনুযায়ী, লেনদেন শুরুর পর থেকে তিন বছর কোম্পানিটি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।