ডিম-আলুর দাম কমাতেই আমদানির অনুমতি : বাণিজ্য সচিব

ডিম ও আলুর দাম কমাতেই আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ে ‘বর্তমান দ্রব্যমূল্য পরিস্থিতি’ নিয়ে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পামওয়েলের দাম অনেক বেড়ে যাওয়ায় গত বছরে সয়াবিন তেলের দাম একপর্যায়ে প্রতি লিটার ২০৫ টাকা হয়ে যায়। সেটা আমরা ধাপে ধাপে কমিয়েছি। সর্বশেষ এক লিটারের বোতল ১৭৯ টাকা নির্ধারণ করা দামে হচ্ছে। আন্তর্জাতিক বাজারের দাম ওঠানামার সঙ্গে মিল রেখে তেল-চিনির দাম সমন্বয় করা হয়।

‘সবসময় আলু রপ্তানি করা হতো। আর ডিম আমদানি বন্ধ ছিল। কিন্তু আমরা জানি, মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারিত হয় চাহিদা ও যোগানের ভিত্তিতে। সেই জোগানটা হলো দেশের উৎপাদন ও আমদানি। যেহেতু আমদানি বন্ধ ছিল, আমরা দেখলাম দাম অনেক বেড়ে গেছে, যে কারণে প্রথমে আমরা দাম নির্ধারণ করে দিই কিন্তু তাতে সফল না হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ডিম ও আলু আমদানির জন্য উন্মুক্ত করে দিয়েছি।’

তপন কান্তি ঘোষ বলেন, গতকাল (রোববার) পর্যন্ত ১০ হাজার ৯৫ টনের বেশি আলু আমদানি হয়েছে। আর ডিম আমদানি হয়েছে ৬২ হাজার পিস। কিন্তু ডিম আমদানির অনুমতি আমরা দিয়েছি ২৫ কোটি।

‘আমদানি শুরু হতে দেরি হয়েছে। কারণ এখানে রপ্তানিকারকের দেশের দুটি সার্টিফিকেট লাগে। একটা হচ্ছে, যে চালানটি আসছে সেটি বার্ডফ্লু মুক্ত হতে হবে, অন্যটি যে দেশ থেকে আমদানি করা হচ্ছে, সেটি অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা কিংবা বার্ড ফ্লুমুক্ত হতে হবে।’

তিনি বলেন, বিশ্ব প্রাণি স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা করে জেনেছি, তাদের কাছে এভাবে কোনো দেশকে বার্ডফ্লু কিংবা অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা মুক্ত ঘোষণার কোনো তালিকা নেই। তখন এটি সংশোধন করে আইপিও দিয়েছি, একটি অঞ্চল যদি বার্ডফ্লু মুক্ত থাকে, সেখান থেকেও আমদানি করা যাবে। এ কারণে ডিম আমদানি সম্ভব হচ্ছে, আরও আমদানি করা যাবে।

সচিব বলেন, আমরা ডিম ও আলু আমদানি উন্মুক্ত করার পর জেলা ও উপজেলা প্রশাসন সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা করায় এ দুটি পণ্যের দাম উল্লেখযোগ্য কমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে গতকাল নির্দেশনা গেছে, সরকার নির্ধারিত আলুর দাম– এটা বাস্তবায়ন করতে জেলা প্রশাসকরা আজ থেকে প্রতিটি কোল্ড স্টোরেজে কর্মকর্তা নিয়োগ করে দিয়েছেন। তাদের উপস্থিতিতেই কেবল ২৭ টাকা দামে আলু বিক্রি হবে। এরপর ভোক্তা পর্যায়ে ৩৬ টাকায় যাতে বিক্রি হয়, সেজন্য তদারকি থাকবে।

‘২৫ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য ডিম আমদানি নয়, দাম কমানো। সেক্ষেত্রে যদি দেখা যায়, আমদানি কম হচ্ছে, কেননা ডিমের দাম এমন পর্যায়ে কমে গেছে যে আমদানিকারকরা আনতে চাইবে না। কিন্তু ডিমের দাম কমে গেলে আমদানি কম হলেও ক্ষতি নেই।’

তপন কান্তি ঘোষ বলেন, আলুর ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় থেকে দুই লাখ আইপি দেওয়া হয়েছে। ঋণপত্র খোলা হয়েছে হয়ত আরও অনেক কম। কিন্তু এটা অব্যাহত প্রক্রিয়া, যতদিন দাম স্থিতিশীল না থাকবে। অন্যান্য পণ্যের আমদানি বাড়াতেও নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে খাদ্যপণ্য যেমন– তেল, চিনি, আলু ও ডাল এসব পণ্যে ঋণপত্র খুলতে কোনো সমস্যা না হয়, যাতে ডলারের কোনো সমস্যা না হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।




হালাল পণ্যের বাজার বাড়াতে একসঙ্গে কাজ করবে এফবিসিসিআই-আইওএফএস

হালাল পণ্যের বাজার বাড়াতে একসঙ্গে কাজ করবে এফবিসিসিআই-আইওএফএস
আন্তর্জাতিক বাজারে হালাল পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে হালাল পণ্য উৎপাদন ও সরবরাহ জোরদারে ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটির (আইওএফএস) সহযোগিতা চায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। পাশাপাশি হালাল পণ্যের বাজার সম্প্রসারণ ও বৈশ্বিক হালাল পণ্যের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব বাড়াতে এফবিসিসিআই এবং আইওএফএস একসঙ্গে কাজ করবে।

সোমবার (২১ আগস্ট) আইওএফএস ও এফবিসিসিআইয়ের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উভয় সংস্থার পক্ষ থেকে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম জানান, মুসলিম এবং অমুসলিম উভয় দেশগুলোতে ক্রমেই হালাল পণ্যের বাজার সম্প্রসারিত হচ্ছে। এ বাজারের একটি উল্লেখযোগ্য পণ্য মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য দেশগুলো থেকে আসে। ২০২০ সালে হালাল পণ্যের বৈশ্বিক আকার ছিল ৩ দশমিক ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ৮৪৩ মিলিয়ন ডলার মূল্যের হালাল পণ্য রপ্তানি করা হয়। এর মধ্যে ৭০ শতাংশ হালাল পণ্য গেছে মুসলিম দেশগুলোতে।

এফবিসিসিআই সভাপতি আরও বলেন, স্থানীয় উৎপাদনকারী এবং প্রতিষ্ঠানগুলোকে হালাল সার্টিফিকেট দেওয়ার লক্ষ্যে ২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে হালাল সার্টিফিকেশন বিভাগ চালু করেছে সরকার। কিন্তু হালাল সার্টিফিকেশনের ক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। হালাল পণ্যের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব বাড়ানো এবং হালাল সার্টিফিকেশন প্রক্রিয়া সহজীকরণে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চান তিনি।

মাহবুবুল আলম বলেন, সরকারের দূরদর্শী নেতৃত্ব দেশের কৃষিখাতে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে উৎপাদনশীলতাও বেড়েছে। ২২টি কৃষি পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে, সরবরাহ ব্যবস্থা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে অপর্যাপ্ততার কারণে সামগ্রিক উৎপাদনশীলতা কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে, দেশের বিদ্যমান কৃষি অবকাঠামো এবং কোল্ড চেইন ব্যবস্থাপনা উন্নয়নে ওআইসিভুক্ত দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান তিনি।

বিগত কয়েক দশকে বাংলাদেশের কৃষি উৎপাদনের বৈপ্লবিক সাফল্যের প্রশংসা করে আইওএফএসের মহাপরিচালক অধ্যাপক ইয়ারলান বাইদুলেট বলেন, বাংলাদেশের মতো সদস্য দেশ পেয়ে আমরা (আইএফপিএ) খুবই গর্বিত। আমরা কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এখানকার বেসরকারি খাতের সঙ্গে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী।

বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজারের বিপুল সম্ভাবনার তথ্য তুলে ধরে তিনি বলেন, এ বাজারের বড় অংশই অমুসলিম দেশগুলোর দখলে। মুসলিম দেশগুলোতে হালাল পণ্যের বাজার ধরতে পণ্য সরবরাহ জোরদারে বাংলাদেশসহ মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, ২০৫০ সাল নাগাদ বিশ্বে জনসংখ্যা হবে প্রায় ১০ বিলিয়ন। সেসময় বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ২০০ মিলিয়ন বা ২০ কোটিতে। অতএব, বাড়তি এ মানুষদের জন্য আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই।

তিনি বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে বহুমুখীকরণের ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। এ সম্ভাবনাকে কাজে লাগাতে বিপুল বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন।

ইন্টারন্যাশনাল ইসলামিক ফুড প্রসেসিং অ্যাসোসিয়েশন (আইএফপিএ) এবং এফবিসিসিআইয়ের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে সই করেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম এবং আইওএফএসের মহাপরিচালক ইয়ারলান বাইদুলেট।

চুক্তির অধীনে আইএফপিএ’র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি বেশকিছু পরিষেবা পাবে এফবিসিসিআই। যার মধ্যে রয়েছে- আইএফপিএ’র বিভিন্ন প্রকাশনায় অংশগ্রহণ, আইএফপিএ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ, ওআইসিভুক্ত দেশগুলোর বেসরকারি খাতের সঙ্গে ব্যবসায়ী পর্যায়ে (বিটুবি) সহযোগিতার সম্পর্ক স্থাপন প্রভৃতি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি খায়রুল হুদা চপল, ড. যশোদা জীবন দেবনাথ, রাশেদুল হোসেন চৌধুরী রনি, মো. মুনির হোসেন, পরিচালক, ব্যবসায়ী নেতারা।