জয়িতা পুরস্কার পেলেন পাঁচ নারী

প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে পাঁচ নারীকে জাতীয় পর্যায়ে ‘সেরা জয়িতা পুরস্কার-২০২৩’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন।

 

পুরস্কার প্রাপ্তরা হলেন– আনার কলি (অর্থনৈতিক), কল্যাণী মিঞ্জি (শিক্ষা ও কর্মসংস্থান), কমলি রবি দাশ (সফল মা), জাহানারা বেগম (নিপীড়ন প্রতিরোধ) এবং পাখি দত্ত হিজড়া (সামাজিক উন্নয়ন)। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, স্যাশ (উত্তরীয়) ও সনদপত্র দেওয়া হয়।

 

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। জয়িতা পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে কল্যাণী মিঞ্জি পুরস্কার পাওয়ার পর তার অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

 

‘জয়িতা’ (বিজয়ী) হিসেবে ধরা হচ্ছে এমন এক নারীকে, যিনি সব বাধা জয় করে সাফল্যের শিখরে পৌঁছান। সরকার পাঁচটি ক্যাটাগরিতে জয়িতাদের পুরস্কার দিয়েছে। সেগুলো হচ্ছে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী, সফল মা, নির্যাতনের কালো দিন মুছে দিয়ে ঘুরে দাঁড়ানো নারী এবং সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন এমন নারী। সূত্র: বাসস।




নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংক’র

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনকে সামনে রেখে দেশের ব্যাংকগুলোর জন্য এবারের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করে দিয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশে সব ব্যাংককে এই প্রতিপাদ্য অুনযায়ী নারী দিবস পালন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং, প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী নারী দিবসের বাংলা প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’। ইংরেজি প্রতিপাদ্য ‘DigitALL: Innovation and technology for gender equality’।

সার্কুলারে বলা হয়েছে, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যদায় দেশব্যাপী উদযাপন উপলক্ষে আয়োজিত সব কার্যক্রমে প্রতিপাদ্য লিপিবদ্ধ করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।