আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ শুরু

ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে সরবরাহ শুরু হয়েছে। সোমবার (১ জুলাই) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকাল ৮টা নাগাদ একটি ইউনিট উৎপাদনে ফিরেছে। যা থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কারিগরি ত্রুটির কারণে গত শুক্রবার সকালে ১৪৯৬ মেগাওয়াট কয়লাভিত্তিক আদানি গ্রুপের একটি কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পিডিবি কর্মকর্তারা জানিয়েছিলেন, প্ল্যান্টের সার্কুলেটিং ওয়াটার পাম্পের ত্রুটির কারণে তারা কারখানার ইউনিটটি বন্ধ করে দেন।

এর আগে ঈদের ছুটির সময় চাহিদা কম থাকায় রক্ষণাবেক্ষণে যায় আদানি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এটি ৫ জুলাই উৎপাদনে ফিরতে পারে। দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট।

আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত বছরের মার্চে। দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় জুনে।




আদানি গ্রুপে  বিনিয়োগ করবে মার্কিন প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সম্পদ ব্যবস্থাপনা সংস্থা আদানি গ্রুপে ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন ভারতীয় মাল্টি-বিলিওনিয়ার গৌতম আদানি। তিনি বলেছেন, গ্রুপের চারটি কোম্পানির শেয়ার কিনেছে ফ্লোরিডা জিওজি পার্টনারস।

আদানি গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত স্টক মার্কেট ম্যানিপুলেশন এবং আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের পর থেকে বিপদেই ছিলেন ভারতীয় ধনকুবের আদানি ও তার গ্রুপ। মার্কেটে তার শেয়ারের দাম হু হু করে নামতে থাকে।

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট ২৪ জানুয়ারি প্রকাশ হয়। তারপর থেকে আদানি গ্রুপের সাতটি স্টক মার্কেট-তালিকাভুক্ত কোম্পানির মূল্য আনুমানিক ১৩৫ বিলিয়ন ডলার কমে যায়। এমন প্রেক্ষাপটে এই বিনিয়োগে নিশ্চয় স্বস্তি পাচ্ছেন আদানি।

হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগ অবশ্য শুরু থেকেই অস্বীকার করে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির ঘনিষ্ঠ গৌতম আদানি।

ফ্ল্যাগশিপ ফার্ম আদানি এন্টারপ্রাইজসহ চারটি আদানি কোম্পানিতে জিওজি’র বিনিয়োগ ভাগ করা হবে।

আদানি গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা জুগেসিন্দর সিং বলেন, ‘এ লেনদেনটি গভর্নেন্স, ম্যানেজমেন্ট অনুশীলন এবং আদানি পোর্টফোলিওর জন্য বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।’