পলকের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের বৈঠক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। বৈঠকে ব্যবসা-বাণিজ্য এবং আইসিটি খাতে বিনিয়োগ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

আজ বুধবার (৩০ আগস্ট) আইসিটি বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি এবং দক্ষিণ এশিয়া ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত অতুল কেশপ।

এসময় ডিজিটাল বাংলাদেশের অর্জন তুলে ধরেন প্রতিমন্ত্রী। প্রতিনিধিদলকে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এ চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা অবহিত করেন তিনি।

এছাড়া বিটুবি ম্যাচ মেকিং, স্টার্ট-আপ এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইনফরমেশন টেকনোলজি, এআই টুলস, রোবটিকস, ফিনান্সিয়াল টেকনোলজি ও হেলথ ল্যাব প্রোডাক্টসহ আইসিটি খাতে বিনিয়োগ এবং ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স আনায়নে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল গেটওয়ে প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতা কামনা করেন তিনি।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে। ফিনান্সিয়াল টেকনোলজি (ফিন-টেক) ও ইনফরমেশন টেকনোলজি খাতে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেন তারা।

এসময় আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালক সিড মেহরা, ডিজিটাল ইকোনমি টাস্কফোর্সের কো-চেয়ার এবং এশিয়া প্যাসিফিক, ভিসার ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ গভর্নমেন্ট এনগেজমেন্ট জেরেমি স্টার্চিও, মেটা দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসির পরিচালক এবং ডিজিটাল ইকোনমি টাস্কফোর্সের সহ-সভাপতি সারিম আজিজ।




তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করবে ফিনল্যান্ড

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ড।

বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে বাংলাদেশ ও ভারতে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিতভা কাউক্কু-রুনদি’র নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে আইসিটি বিভাগে তার অফিস কক্ষে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময়ে এই আগ্রহ প্রকাশ করা হয়।

 

এ সময় তারা বাংলাদেশের সাথে ফিনল্যান্ডের ৫জি নেটওয়ার্ক, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রযুক্তি বিনিময়, গবেষণা, উদ্ভাবন এবং স্টার্ট আপ ইকোসিস্টেম বিনির্মাণে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার বিষয়ে অত্যন্ত আন্তরিক পরিবেশে ফলপ্রসূ আলোচনা করেন।

বৈঠককালে প্রতিমন্ত্রী তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি এবং ২০৪১ সালের স্মার্ট সিটিজেন, স্মার্ট গভার্নমেন্ট, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সার্বিক রূপরেখা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। তিনি উভয়দেশের আইসিটি খাতের স্টার্ট আপদের অভিজ্ঞতা বিনিময়, সাইবার সিকিউরিটি বিষয়ে বিটুবি ম্যাচ মেকিং তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় এবং আইসিটি খাত পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে। তিনি ৫জি, স্টার্ট আপ ইকোসিস্টেম, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনগুলোতে বাংলাদেশের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় প্রতিনিধিদলের ফিনল্যান্ডের দূতাবাসের দ্বিতীয় সচিব রাউলি কোস্তামো, কাউন্সেলর কিমো সিরা, সিনিয়র অ্যাডভাইজার রাই চক্রবর্তীসহ আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।