অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা

অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা খুঁজে পেতে মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’। এবারের আয়োজনে তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জা সামগ্রীসহ বিভিন্ন রপ্তানিমুখী পণ্য নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রদর্শনীর মাধ্যমে নতুন ব্যবসায়িক যোগাযোগ, রপ্তানি আদেশ ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এই প্রদর্শনী শুরু হয়েছে, যা চলবে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত। এতে ২০টি দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন।

বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় অংশগ্রহণ করছে।

মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক, বস্ত্র, গৃহসজ্জা সামগ্রীসহ বিভিন্ন সম্ভাবনাময় পণ্য প্রদর্শন করছে। পাশাপাশি ইপিবির পৃথক স্টলে বাংলাদেশের রপ্তানি খাতের বিভিন্ন প্রকাশনা, সাময়িকী, জার্নাল ও তথ্য-উপাত্তভিত্তিক দলিল প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে দেশের রপ্তানি সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সামর্থ্য তুলে ধরা হচ্ছে।

প্রদর্শনীতে অংশগ্রহণের অন্যতম লক্ষ্য হলো অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ ও পরিচিতি বাড়ানো, নতুন আমদানিকারক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলা। এ ছাড়া আন্তর্জাতিক ক্রেতা, উৎপাদক, সরবরাহকারী ও ডিজাইনারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ কাজে লাগিয়ে নতুন রপ্তানি বাজার অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, ইপিবির সচিব মো. বজলুর রশীদ এবং বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা উপস্থিত ছিলেন। এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও মেলার আয়োজকেরা অনুষ্ঠানে যোগ দেন।

প্রদর্শনীর ‘লার্নিং ল্যাব’-এ আয়োজিত বিশেষ সেমিনারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা, পণ্যের বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তুলে ধরেন বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা। এতে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা বাংলাদেশের রপ্তানি খাত সম্পর্কে ধারণা পান।

খাতসংশ্লিষ্টদের প্রত্যাশা, গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ নতুন ক্রেতা সৃষ্টি, রপ্তানি আদেশ অর্জন এবং অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান ও বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণে ইপিবির সহযোগিতা ও সমন্বয় অব্যাহত থাকবে।




মার্চের শেষে ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার

চলতি মার্চ মাসের শেষের দিকে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সিনিয়র সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র সচিব বলেন, অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারটা বাংলাদেশের বাইরে ছিল। বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস এতদিন নয়াদিল্লি থেকে হয়ে আসছিল। তারা এই মাসের শেষ থেকে ঢাকায় কার্যক্রম শুরু করবে। ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে।




অস্ট্রেলিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার রাখার আহ্বান বিজিএমইএ’র

অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ারকে বাংলাদেশের জন্য দেশটির শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় হাইকমিশনার ও বিজিএমইএ সভাপতির মধ্যে বাণিজ্য সুযোগ নিয়ে আলোচনা হয়। বিজিএমইএর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান, অস্ট্রেলিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক) জোশুয়া গাকুটান এবং ট্রেড অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ম্যানেজার নিটোল দেওয়ান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থ এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিরাজমান বাণিজ্যের সুযোগগুলো কাজে লাগাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয়পক্ষই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা অংশীদারিত্ব জোরদারকরণের এবং উচ্চ সম্ভাবনার ক্ষেত্রগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায়গুলোও চিহ্নিত করেন।

বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল এলডিসি-পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখা। বিজিএমইএ সভাপতি এ ব্যাপারে কৃতজ্ঞতা জানান।

অস্ট্রেলিয়ার বাজারে বিশেষ করে হাই-অ্যান্ড ফ্যাশন আইটেম রপ্তানিতে বাংলাদেশের গভীর আগ্রহ এবং বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য অস্ট্রেলিয়া থেকে তুলা ও উলের আমদানি বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য একটি প্রতিশ্রুতিশীল বাজার হিসেবে অস্ট্রেলিয়ার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

তিনি অস্ট্রেলিয়ার তুলা এবং উলের মতো কাঁচামালের সরবরাহকারী এবং বাংলাদেশের পোশাকখাতের মধ্যে সংযোগ বাড়ানোর গুরুত্বও তুলে ধরেন। ফারুক হাসান চলতি বছরের ১৮ জুলাই মেলবোর্নে প্রথমবারের মতো বাংলাদেশ অ্যাপারেল সামিট আয়োজনে সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, পরিচালক নীলা হোসনে আরা, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটির চেয়ারম্যান শোভন ইসলাম, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন আরএসসির চেয়ারম্যান নাফিস-উদ-দৌলা এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন।