আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার। তবে আগের সরকারের সময়ে সংস্থাটির সঙ্গে সম্মত হওয়া শর্তগুলো বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জনগণের স্বার্থ বিবেচনায় সমন্বয় করতে চায় সরকার। এ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে আলোচনা ও সমন্বয় প্রক্রিয়া শেষ হবে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

আইএমএফের কঠোর শর্তযুক্ত ঋণ কর্মসূচি অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের কাজ চলছে। একইভাবে আইএমএফের সঙ্গেও আলোচনা হচ্ছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এসব সমন্বয় সম্পন্ন হলে কর্মসূচি স্বাভাবিক ধারায় ফিরবে।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণ কর্মসূচি বাতিল বা সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই। বরং কর্মসূচির বিভিন্ন শর্ত ও বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তা নিরসনে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। এসব ওয়ার্কিং গ্রুপের আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

আগের সরকারের সঙ্গে আইএমএফের ঋণ চুক্তির প্রসঙ্গ টেনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ওই সময় যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, সেগুলো বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। হঠাৎ করে এসব শর্ত কার্যকর করা হলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে। পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কর্মসূচির মধ্যে সমন্বয় না থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তাই দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য আইএমএফের ঋণ কর্মসূচি বন্ধ করা নয়, বরং দেশের সামর্থ্য ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি বাস্তবায়ন করা। এ জন্য যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে দুটি ওয়ার্কিং গ্রুপের কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।

অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেভট কনফারেন্স বাংলাদেশ – ২০২৬ ’ তথা প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।




কর দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে ভীতি আছে, এটা দূর করবে এনবিআর : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে একটি ভীতি আছে। করদাতাদের অডিট ভীতি ও হয়রানি রোধ করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন শাখাকে আলাদা করা হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নানা কারণে দেশে করের আওতায় আসার ক্ষেত্রে মানুষের মধ্যে একটি ভীতি আছে। এজন্য মানুষ করের আওতায় আসতে চায় না। শুধু অডিটের বিষয় নয়, করদাতাদের ভয়ভীতির পেছনে আরও অনেকগুলো বাধা রয়েছে।’

কর ব্যবস্থাকে সহজ করতে এনবিআরের কাঠামোগত পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা পুরো কর ব্যবস্থাকে বাইফারকেশনে (বিভাজন) নিয়ে যাচ্ছি। এনবিআরে যারা কর নীতি প্রণয়ন করবেন এবং যারা বাস্তবায়ন করবেন, তাদের আলাদা করা হচ্ছে। আগে এই জায়গায় বড় দুর্নীতির সুযোগ এবং প্রভাব খাটানোর অবকাশ ছিল। নীতি প্রণয়ন ও বাস্তবায়ন আলাদা হলে দুর্নীতির সেই সুযোগ অনেকটাই কমে যাবে।’

বাস্তবায়নের ক্ষেত্রে সরকার স্বচ্ছতা আনার চেষ্টা করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চাই প্রত্যেক করদাতা যেন সহজে কর দিতে এগিয়ে আসেন। বাংলাদেশে কর-জিডিপি অনুপাত খুবই কম। বিগত দিনে এ বিষয়ে অব্যাহত চেষ্টা না থাকায় আমরা অনেক পিছিয়ে গেছি। আমরা কর ব্যবস্থা যত সহজ করবো, তত বেশি জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে। সেদিকে আমরা মনোযোগী হয়েছি।’




বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা বলেছেন। আমরা একধরনের সমস্যার মধ্যে আছি। আমাকে স্বীকার করতেই হবে যে, এটাও অতীত থেকে পাওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে কোনো কিছুই ছয় মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এক বছরের মধ্যেও কোনো সমাধান সম্ভব নয়। এর জন্য সর্বনিম্ন দুই বছর সময় লাগবে, সর্বনিম্ন। আমরা বিদ্যুৎ ও গ্যাসের এই সমস্যা নিয়ে লড়াই করছি।’

রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যুৎ ও গ্যাস ছাড়া অর্থনীতি আসলেই সামনে এগিয়ে যেতে পারে না উল্লেখ করে আমির খসরু বলেন, ‘তবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমরা দ্রুততম সময়ের মধ্যে সবকিছু করার চেষ্টা করছি। এ বিষয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করছি না। গ্যাসের ক্ষেত্রে ভাসমান এলএনজি টার্মিনাল, অনশোর (স্থলভাগ) স্টোরেজ সুবিধা- সব বিষয় চূড়ান্ত করা হচ্ছে। যা আপনারা আগামী কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন।’

বিদ্যুৎ খাতে প্রচুর উৎপাদন হলেও সঞ্চালন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমাদের কাছে যে পরিসংখ্যান আসছে, বাস্তবে তা তার চেয়েও অনেক কম। তাই বিদ্যুৎ উৎপাদন এবং পাওয়ার মিক্স বা এনার্জি মিক্স এমন একটি বিষয়, যা নীতির জায়গা থেকে আমরা চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছি। আমাদের নবায়নযোগ্য জ্বালানি থাকবে, গ্যাসভিত্তিক বিদ্যুৎ থাকবে। কয়লা এমন একটি সম্পদ, যা আমাদের রয়েছে। আমরা কয়লাভিত্তিক বিষয়টিও খতিয়ে দেখছি। তাই জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি এবং এই সংমিশ্রণটি মোটামুটিভাবে নির্ধারণ করে ফেলেছি। আশা করি, যথাসময়ে আমরা বিদ্যুৎ ও গ্যাস খাতে একটি বড় পরিবর্তন দেখতে পাবো।’




জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলে মূল্যস্ফীতির চাপ সীমিত রাখা সম্ভব: অর্থমন্ত্রী

সরকার জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে পারলে মূল্যস্ফীতির প্রভাব সীমিত রাখা সম্ভব বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠক শেষে দেশে ফিরে অর্থমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অনেক দেশ আগেই মূল্য সমন্বয় করেছে। বাংলাদেশ দীর্ঘ সময় দাম না বাড়িয়ে জনগণের স্বার্থ রক্ষা করেছে। তবে সরকারের তহবিলের ওপর চাপ বেড়ে যাওয়ায় সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে।

তিনি দাবি করেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির হার তুলনামূলক কম। এ পদক্ষেপকে তিনি প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থাপনার অংশ হিসেবে উল্লেখ করেন।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেই মূল্যস্ফীতি বাড়বে—এমন সরল সমীকরণ সব সময় প্রযোজ্য নয়। এটি সরবরাহ ও চাহিদার ওপর নির্ভর করে। জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা গেলে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আইএমএফের চলমান ঋণ কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের আলোচনা একটি দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক প্রক্রিয়া। আইএমএফ ও বিশ্বব্যাংক ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে।

অর্থমন্ত্রী বলেন, এসব আলোচনা কোনো দাতব্য কার্যক্রম নয়; বরং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আর্থিক লেনদেন। দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত গ্রহণ করা হবে না বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এমন কোনো শর্ত গ্রহণ করা হবে না, যা দেশের জনগণ, অর্থনীতি বা ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে। আমাদের একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার রয়েছে। জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়।

আইএমএফ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময় এ কর্মসূচি নেয়া হয়েছিল এবং এতে বিভিন্ন শর্ত যুক্ত রয়েছে। তবে বর্তমান সরকার সব শর্ত মেনে নিতে বাধ্য নয়। যেসব শর্ত দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো গ্রহণ করা হবে না।

তিনি জানান, কর্মসূচিটির মেয়াদ আরো ছয়-সাত মাস রয়েছে। এরপর ভবিষ্যতে নতুন কোনো কর্মসূচিতে যাওয়া হবে কিনা, সে সিদ্ধান্তও সরকার নিজেই নেবে।

শর্ত সংক্রান্ত বিস্তারিত প্রকাশে অপারগতা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আলোচনা শেষ হওয়ার আগে এসব বিষয় জনসমক্ষে আনা সম্ভব নয়।

সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘‌ফ্যামিলি কার্ড’ একটি গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী উদ্যোগ, যা জনগণের কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্য হয়েছে। বহুপক্কীয় সংস্থাগুলোও সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দেয় এবং এ ধরনের কর্মসূচিকে সমর্থন করে।

তিনি আরো জানান, আইএমএফ, বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদল সামনে বাংলাদেশ সফর করবে এবং আলোচনা অব্যাহত থাকবে। এসব সংস্থা বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী।

সংস্কার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতাহারের সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর অনেক দিকেই সামঞ্জস্য রয়েছে। অতীতে অসম্পূর্ণ থেকে যাওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম সরকার নিজস্ব উপায়ে সম্পন্ন করছে, যাতে সুশাসন নিশ্চিত হয় এবং জনগণ উপকৃত হয়।

অতিরিক্ত বৈদেশিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সংস্থা বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী বলেই আলোচনা চলছে। ভবিষ্যতে কী পরিমাণ সহায়তা পাওয়া যাবে, তা আলোচনা শেষ হওয়ার পরই নির্ধারিত হবে।

তিনি আরো বলেন, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আলোচনা যেখানে গিয়ে দাঁড়াবে, সেখান থেকেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব, এটা সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত।




মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতি এগুতে পারে না: অর্থমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতি চলতে পারে না। যারা অর্থনীতি নিয়ে গভীরভাবে ভাবেন না, তারাই মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে নির্বাচনে জয়ী হওয়ায় অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অর্থমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে চলে গেছে, সাংবাদিকদের এমন কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, গত ১৫ বছরের মধ্যে ৮ থেকে ১০ বছর মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে ছিল। এর থেকে ভালো অবস্থা হতে পারে না।

আপনি আবার নতুন সরকারের অর্থমন্ত্রী হবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা প্রধানমন্ত্রী ঠিক করবেন। তবে, যিনিই অর্থমন্ত্রী হোক না কেন, অর্থনীতিকে আরও গতিশীল করতে কাজ করবে সরকার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে উত্তীর্ণ হয়েছিল, যা সম্প্রতি কমেছে। তবে, আগামীতে ৩০ বিলিয়নের নিচে নামতে দেওয়া হবে না।




শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে : সংসদে অর্থমন্ত্রী

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। লেনদেনে ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রশ্নটি উপস্থাপন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, লেনদেন ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে।

এসময় মন্ত্রী সরকারের বেশকিছু পদক্ষেপের কথা তুলে ধরেন। এর মধ্যে মার্কিন ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার বাজার ভিত্তিক করা; রিজার্ভ পুনর্গঠনের জন্য সঠিক মূল্যে পণ্য আমদানি নিশ্চিত করা; বাণিজ্যিক ব্যাংকে বৈদেশিক মুদ্রা ধারণের সীমা হ্রাস করা; ৫ হাজারের ডলারের বেশি প্রবাস আয়ের উৎস প্রদর্শনের বাধ্যবাধকতা বাতিল করা; পাইপ লাইনে থাকা বৈদেশিক অর্থায়ন ছাড়করণ ত্বরান্বিত করার বিষয়গুলো তুলে ধরেন।

জামালপুর-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, রুগ্‌ণ শিল্পের সমস্যা সমাধানের জন্য ২০০৯ সালে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ২০১০ ও ২০১২ সালে ২৭৯টি রুগ্‌ণ গার্মেন্টস এবং ২০১১ ও ২০১৫ সালে একশটি রুগ্‌ণ টেক্সটাইল শিল্পের ঋণ বিলুপ্তের সার্কুলার জারি করা হয়।

ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে কৃষি এবং পল্লী ঋণ খাতে ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ আকারে বিতরণের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।




জি-২০ বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে অনন্য সুযোগ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জি-২০ প্রক্রিয়ায় অংশ নেওয়া বাংলাদেশের জন্য বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হওয়ার এক অনন্য সুযোগ।

সোমবার (১৭ জুলাই) জি-২০ দেশসমূহের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দুদিনের সম্মেলন ভারতের গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারসহ বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।

জি-২০ জোটে বাংলাদেশ সদস্য নয়। তবে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসাবে অন্তর্ভুক্ত করেছে। এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের শিল্পোন্নত ২০টি দেশের সমন্বয়ে গঠিত জি-২০ হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। বৈশ্বিক অর্থনীতির মূল বিষয়সমূহের ওপর আলোচনার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে একত্রিত করার উদ্দেশ্যেই এই জোট গঠিত হয়।

তিনি বলেন, আয়োজক দেশ ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশকেই ‘গেস্ট কান্ট্রি’ হিসাবে আমন্ত্রণ জানিয়েছে। প্রতিবেশী বন্ধু দেশের কাছ থেকে পাওয়া এ আমন্ত্রণ অবশ্যই আমাদের জন্য অনেক সম্মানের। জি-২০ প্রক্রিয়ায় অংশ নেওয়া বাংলাদেশের জন্য বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হওয়ার এক অনন্য সুযোগ।

অর্থমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতি উল্লেখ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে আমাদের জিডিপি ছিল মাত্র ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার। আমাদের জিডিপি এখন ৪৬০ বিলিয়ন ডলার। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী ও দৃঢ় নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ, ২০৩৬ সালের মধ্যে বাংলাদেশ ২৪তম অর্থনীতির দেশে পরিণত হবে।

তিনি বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য হল ২০৩১ সালের মধ্যে একটি উচ্চমধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট উন্নত দেশে পরিণত হওয়া। আশা করা যায় অচিরেই বাংলাদেশ জি-২০ জোটে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হবে।

এবারের জি-২০ সামিটের স্লোগান করা হয়েছে, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’।




জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারত যাচ্ছেন অর্থমন্ত্রী

জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতের গুজরাটে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শিল্পোন্নত দেশগুলোর জি-২০ জোটে বাংলাদেশ সদস্য না হলেও দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ।

সম্মেলনে অংশ নিতে অর্থমন্ত্রী শনিবার (১৫ জুলাই) সকালে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন বলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে থেকে জানানো হয়েছে।

অর্থমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দুইদিনের সম্মেলন হবে আগামী ১৭-১৮ জুলাই। ভারতের গুজরাটের গান্ধীনগরে এই সম্মেলন হবে।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০’র সদস্য নয় বাংলাদেশ। তবে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’হিসেবে অন্তর্ভুক্ত করেছে বলে অর্থমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়।

অর্থমন্ত্রীর দপ্তর থেকে আরও জানানো হয়েছে, এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন।

অর্থমন্ত্রী আগামী ১৭ এবং ১৮ জুলাই বৈঠকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকট পরিস্থিতে করণীয় বিষয়ে আলোকপাত করবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশগ্রহন করবেন।




মূল্যস্ফীতি স্থিতাবস্থায় আছে, বাড়েনি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মূল্যস্ফীতি স্থিতাবস্থায় আছে, বাড়েনি। শুধু টাকার অঙ্কে বিচার করলে হবে না, সামাজিক সুরক্ষা বিবেচনা করতে হবে।

তিনি বলেছেন, দেশে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে সরকার সামাজিক সুরক্ষার আওতায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। টিসিবি’র মাধ্যমে ১ কোটি দরিদ্র পরিবারের মাঝে সাশ্রয়ী দামে বিভিন্ন পণ্য বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদাসহ ৬ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করতে আসে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের বাইরে না। সঙ্কট বিশ্বব্যাপী। সেই বিবেচনায় দেশ ভালো আছে। বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় রাখতে হবে সব সময়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির ওপর যে প্রভাব পড়েছিল, তা নিয়ে প্রথমদিকে আমরা কিছুটা ভয়ে ছিলাম। বর্তমানে সে ভয় অনেকটা কেটে গেছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে।

জাইকার প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জাইকার প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাদের অর্থায়নে বাংলাদেশে যেসব উন্নয়ন প্রকল্পের কাজ চলছিল, তার অগ্রগতি দেখার জন্যই এই টিমটি বাংলাদেশ সফরে এসেছে। ইতোমধ্যে তারা কয়েকটি প্রকল্প এলাকা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছে। মাতারবাড়ি প্রকল্পের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি ৫ শতাংশের কাজও দ্রুত শেষ হবে।

জাইকা নতুন কোনো প্রকল্পের প্রস্তাব দিয়েছে কি না। এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জাইকা আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। তারা বাংলাদেশে সহায়তা বাড়াতে আগ্রহী। আমরা নতুন কোনো প্রস্তাব দিলে তা তারা বিবেচনা করবে।

বাজেট সহায়তা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ, তারা আমাদের বাজেট সহায়তা দিচ্ছে।

আইএমএফের কাছ নেওয়া ঋণ পরিশোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএমএফ যে লোন দিয়েছে, তা শোধ করা কোনো ব্যাপারই না। তখন বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় লোনটা নিয়েছিলাম। আমাদের দুই মাসের রেমিট্যান্সের সমান তাদের কাছ থেকে নেওয়া ঋণ। কাজেই এটা পরিশোধ করা কোন ব্যাপার না।

মূল্যস্ফীতি এবং কাঁচা মরিচের আকাশছোঁয়া দাম প্রসঙ্গে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, আমরা যখন ক্ষমতায় আসি, তখন দেশে মূল্যস্ফীতি ছিল ১২.৩ শতাংশ। মূল্যস্ফীতি এখন কি তার চেয়ে বেশি? আর মানুষ কি না খেয়ে মারা গেছে? কাঁচামরিচ একটি পচনশীল পণ্য, তার ওপর বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে এর ক্ষতি হয়েছে। বাজার চড়া হওয়ার ভয়ে কাঁচা মরিচ অনেকেই বেশি দামে কিনে রাখছে। কাঁচা মরিচ আমদানি হচ্ছে ধীরে ধীরে, দাম কমে আসবে।




বাজেটে সাত প্রস্তাব পুনর্বিবেচনা দাবি ডিএসইর

নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেটে সাতটি প্রস্তাব পুনর্বিবেচনা দাবি জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। প্রস্তাবগুলো এরই মধ্যে পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনামন্ত্রী, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়ে জানানো হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব দাবি ও তথ্য জানান ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু। এ সময় প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ, রুবাবা দৌলাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, সরকার হয়তো এবার আমাদের পুঁজিবাজারে করারোপ করেননি। তবে, অমাদের কিছু চাহিদা ছিল, সেটার বিষয়ে দৃষ্টি দেননি। এ বিষয়েও পরিকল্পনামন্ত্রী গত রোববার তার বক্তব্যে বলেছেন। আমাদের পুঁজিবাজার অর্থনৈতিক উন্নয়নের মূল উপকরণ। তাই আমাদের সাতটি প্রস্তাব পুনর্বিবেচনা করার জন্য দাবি জানাচ্ছি।

তিনি বলেন, একটি কার্যকরী বন্ড বাজার অর্থনীতিকে বিভিন্নভাবে সহায়তা করতে পারে। যদি সব ধরনের বন্ডের সুদ অব্যাহতির আওতায় আনা যায় তখন একটি শক্তিশালী বন্ড বাজার সৃষ্টিতে উৎসাহিত করবে। কোম্পানিগুলো কর-পরবর্তী মুনাফা থেকে লভ্যাংশ দিচ্ছে। প্রকৃতপক্ষে লভ্যাংশের ওপর কর এক ধরনের দ্বিতীয় ও তৃতীয় স্তরের করারোপ। লভ্যাংশের ওপর উৎসকর চূড়ান্ত কর হিসেবে বিবেচিত হলে বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হবে৷

‘ডিএসইর ট্রেকহোল্ডার কোম্পানির প্রধান আয় (টার্ন-ওভার) হচ্ছে কমিশন। যদি বেশি হারে কর নেওয়া হয় তবে ট্রেকহোল্ডার কোম্পানির পক্ষে টিকে থাকা এবং পুঁজিবাজারে অবদান রাখা কঠিন হবে। তাই ট্রেকহোল্ডারদের লেনদেনের উপর উৎসে কর ০.০৫ থেকে কমিয়ে ০.০১৫ শতাংশ করা যেতে পারে’ বলেন অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু।

তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হারের পার্থক্য ১০ শতাংশ করার প্রস্তাব করছি। এছাড়া এসএমই বোর্ডের অধীনে তালিকাভুক্ত এসএমই কোম্পানির করপোরেট কর হার ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য নূন্যতম ১০ শতাংশ করার প্রস্তাব করছি।

‘এতে অ-তালিকাভুক্ত কোম্পানি স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে। তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট হার হ্রাস করতে হবে। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত উভয় কোম্পানির ভ্যাট হার ১৫ শতাংশ। তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট হার হ্রাস করে ১০ শতাংশ করার সুপারিশ করছি’- যোগ করেন ডিএসইর চেয়ারম্যান।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতসহ অন্যান্য উন্নত দেশের পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানিকে তাদের মোট শেয়ারের নূন্যতম ১০ শতাংশ তালিকাভুক্ত করা বাধ্যতামূলক। অন্যথায় সেই সকল কোম্পানি সেই দেশে ব্যবসা করার অনুমতি পায় না। তাই আমাদের দেশেও পুঁজিবাজারের উন্নয়নকল্পে এইরূপ আইন প্রণয়ন করা এবং তার প্রয়োগ জরুরি।

পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, ডিএসই হবে অত্যন্ত টেকনোলজি নির্ভর। ডিএসই হওয়া দরকার সম্পূর্ণ পেপার লেস। আমি অল্প কিছুদিন হলো দায়িত্ব পেয়েছি তাই সব কাজ শুরু করতে পারিনি। তবে খুব শীঘ্রই আমরা কাজ শুরু করবো। ডিএসইকে আমরা আইটি খাতে সমৃদ্ধ করবো। এটাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিব। পুঁজিবাজার সাধারণ মানুষের বাজার। এটা গণ মানুষের বাজার। যেখানে তাদের রুজির জায়গা। এই বাজারে সরকারের সুদৃষ্টি অত্যন্ত প্রয়োজন বলে মনে করছি। এর মাধ্যমে এই বাজেট জনগণের বাজেট হয়ে উঠবে।

তিনি আরও বলেন, বর্তমানে মানুষ পুঁজিবাজার বিমুখ হয়ে যাচ্ছে। তবে অনেকে পরিবেশের অপেক্ষায় আছে, আবার এই বাজারে ফিরে আসতে। বিশ্বে পুঁজিবাজারকে অর্থনীতির গতি বাড়ানোর ওপর কাজে লাগাচ্ছে। কিন্তু বাংলাদেশের শেয়ারবাজার ব্যাংক নির্ভরতায় পড়ে আছে।

তিনি আরও বলেন, পুঁজিবাজারের বর্তমানের যে অবস্থা সেটা বেশি দিন থাকবে না। এই সমস্যা পার হয়ে যাবে। এই পুঁজিবাজার হবে সরকারের অর্থ সংগ্রহের অন্যতম মাধ্যম। তাই আমাদের সবাইকে এক হয় কাজ করতে হবে। তবেই এই বাজারের সফলতা সম্ভব।

ডিএসই চেয়ারম্যান বলেন, আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে। এই পরিকল্পনার মধ্যে অন্যতম হলো আমরা জাপানি বিনিয়োগ আনতে কাজ করছি। আপনারা আশাহত হবেন না। কাজগুলো অগ্রগতিতে দেরি হচ্ছে তবে অপেক্ষা করলে আমরা ভালো কিছু পেতে যাচ্ছি। সবার সহযোগিতা পেলে আমরা সুন্দর একটা পুঁজিবাজার পাবো। এছাড়াও এ বাজারের উন্নয়নে সরকারের ভূমিকা অনেক। যা পেতে সাধারণ মানুষ মুখিয়ে আছে।

তিনি বলেন, পুঁজিবাজারের বর্তমানের যে অবস্থা সেটা বেশি দিন থাকবে না। এই সমস্যা পার হয়ে যাবে। এই পুঁজিবাজার হবে সরকারের অর্থ সংগ্রহের অন্যতম মাধ্যম। তাই আমাদের সবাইকে এক হয় কাজ করতে হবে। তবেই এই বাজারের সফলতা সম্ভব।

ডিএসইর সাত প্রস্তাব
>> বন্ড থেকে সুদের আয়ের ওপর কর অব্যাহতি দেওয়া।
>> কোম্পানির লভ্যাংশ আয়ের ওপর উৎসে কর সম্পূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তিমূলক কর হিসেবে বিবেচনা করা।
>> স্টক এক্সচেঞ্জের লেনদেনের ওপর অর্পিত উৎসে কর হার হ্রাস।
>> এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত কোম্পানির কর হার হ্রাস করা।
>> এক্সচেঞ্জের এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য হ্রাসকৃত হারে কর আরোপ।
>> তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট হার হ্রাস করা।
>> বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত করতে উৎসাহিত করা।