ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’র খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৪ আগস্ট) বিএসইসির ৮৮০তম কমিশন সভায় এ এ অনুমোদন দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, আজকের সভায় কমিশন মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। উক্ত ফান্ডটির লক্ষ্যমাত্রা হচ্ছে ২০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা হিসেবে গ্রামীণ ব্যাংক ১০০ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ১০০ কোটি টাকা সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ‘ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।




মূলধন বাড়ানোর অনুমোদন পেল ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডকে ২ হাজার কোটি টাকা থেকে মূলধন ৫ হাজার কোটি টাকায় উন্নীত করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ২০০৭ সালে তালিকাভুক্ত ব্যাংকটির বর্তমান অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৮ কোটি ৮৩ লাখ টাকা।

কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে ৫ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। এরপর এই প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠায় ব্যাংকটি। প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এটি অনুমোদন দিয়েছে।

কোম্পানির শেয়ার আজ লেনদেন হয়েছে ৩৫ টাকা ৮০ পয়সায়। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭টি। কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ আর সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।