ইসলামী ব্যাংক থেকে অতিরিক্ত এমডির পদত্যাগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ওমর ফারুক খান পদত্যাগ করেছেন। তিনি ব্যাংকটির আন্তর্জাতিক ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। তার পদত্যাগের পর ব্যাংকটির ডিএমডি আলতাফ হোসেনকে এএমডি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। নতুন ডিএমডি হয়েছেন আকিজ উদ্দিন, যিনি এর আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ছিলেন।

বুধবার (২৯ মার্চ) ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান নাজমুল হাসান। সভায় ব্যাংকটির মনোনীত ও স্বতন্ত্র পরিচালকেরা অংশ নেন।

জানা গেছে, পদত্যাগ করা ওমর ফারুক খান ব্যাংকটির চুক্তিভিত্তিক কর্মকর্তা ছিলেন। তবে তার মেয়াদ শেষ হতে আরও প্রায় ছয় মাস বাকি ছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে যে জমি ইসলামী ব্যাংক বিক্রি করেছিল, ব্যাংকের পক্ষে ওমর ফারুক খান তার দলিল গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছে হস্তান্তর করেছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক ব্যবসা দেখভালের কারণে আমদানি, রফতানি, প্রবাসী আয় সংগ্রহ তার কাজের অংশ ছিল।

এদিকে পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির ডিএমডি আলতাফ হোসেনকে এএমডি হিসেবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিজ উদ্দিনকে ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ছিলেন।




ব্যাংক এশিয়ায় এএমডি এএনএম মাহফুজ

ব্যাংক এশিয়া লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগ দিয়েছেন এএনএম মাহফুজ।

তিনি ১৯৯৮ সালে এএনজেড গ্রীন্ডলেজ ব্যাংকে অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সেখানে তিনি কনজিউমার ব্যাংকিংয়ে কাজ করেন। এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ১৮ বছরেরও বেশি সময় বিভিন্ন পদে কাজ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সেলস টিম ম্যানেজার, ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস ম্যানেজার, ক্লাস্টার হেড, জেনারেল ম্যানেজার অব কনজিউমার ব্যাংকিং, হেড অব প্রায়োরিটি ব্যাংকিং, হেড অব ডিস্ট্রিবিউশন, হেড অব সিইপিজি এবং সবশেষে হেড অব ক্লায়েন্ট অ্যাকুইজিশন। হেড অব ক্লায়েন্ট অ্যাকুইজিশন হিসেবে ব্যাংকের নতুন ব্যবসা, গ্রাহক অধিগ্রহণের লক্ষ্য পূরণ এবং বৃদ্ধির জন্য তিনি রিটেইল ব্যাংকিং ক্লায়েন্ট অ্যাকুইজিশন ইউনিটগুলোর কার্যক্রম সুবিন্যস্তভাবে তুলে ধরেন।

২০১৮ সালের মে মাসে তিনি প্রাইম ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী পণ্য ও পরিষেবার মাধ্যমে কনজিউমার ব্যাংকিং পরিচালনা ও তত্ত্বাবধান করেন। এর মধ্যে ছিল কার্ডস, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল (এডিসি), এজেন্ট ব্যাংকিং, সার্ভিস কোয়ালিটি, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, কনজিউমার প্রডাক্টস অ্যান্ড সেলস ও প্রায়োরিটি ব্যাংকিং। প্রাইম ব্যাংকের শাখা কার্যক্রমের কেন্দ্রীকরণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২০ সালের জানুয়ারিতে তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে পদোন্নতি পান। তার মাহফুজের দুই দশকেরও বেশি সময়ের সফল ব্যাংকিং ক্যারিয়ার রয়েছে। এএনএম মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।