৬০ দিনের মধ্যে মিলবে স্টার্টআপ কোম্পানির নিবন্ধন

স্টার্টআপ কোম্পানির কর অব্যাহতি ও প্রণোদনা সুবিধা নিশ্চিত করতে ‘স্টার্টআপ স্যান্ডবক্স’ নিবন্ধন ও কর পরিপালনের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নির্দেশনা অনুযায়ী, আবেদন পাওয়ার ৬০ দিনের মধ্যে যাচাই-বাছাই শেষে নিবন্ধন সনদ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে।

এনবিআর চেয়ারম্যানের সই করা গত ২৮ অক্টোবরের এক নির্দেশনায় এসব তথ্য জানা গেছে। নির্দেশনা অনুযায়ী, স্যান্ডবক্স সুবিধা নিতে হলে সংশ্লিষ্ট স্টার্টআপকে এনবিআরে নিবন্ধিত হতে হবে। এ জন্য নির্ধারিত শর্ত পূরণ করে এনবিআরের সদস্য (কর আপিল ও অব্যাহতি) বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিলপত্র জমা দিতে হবে।

নিবন্ধনের আবেদনের সঙ্গে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) থেকে পাওয়া ইনকরপোরেশন সার্টিফিকেট ও সংঘস্মারক (এমওএ) জমা দিতে হবে। পাশাপাশি স্টার্টআপের কার্যক্রমের বিস্তারিত বিবরণ দিতে হবে।

এ ছাড়া স্টার্টআপে ব্যবহৃত এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি), অ্যাকাউন্টিং সফটওয়্যার, মূল ডিজিটাল সিস্টেম অথবা হিসাবের খতিয়ানে আয়কর কর্তৃপক্ষকে পাঠযোগ্য বা ‘রিড অনলি’ প্রবেশাধিকার দেওয়ার সম্মতিপত্রও জমা দিতে হবে।

এনবিআর আবেদন পাওয়ার পর ৬০ দিনের মধ্যে তা যাচাই-বাছাই করে ‘স্টার্টআপ স্যান্ডবক্স নিবন্ধন সনদ’ ইস্যু করবে। এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না দেওয়া হলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয়েছে বলে বিবেচিত হবে।

নির্দেশনায় নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও নির্ধারণ করা হয়েছে। যেখানে উপযুক্ত কারণ দেখিয়ে এবং সংশ্লিষ্ট স্টার্টআপকে যুক্তিসংগত শুনানির সুযোগ দিয়ে এনবিআর নিবন্ধন বাতিলের সুযোগ রাখা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে অথবা আয়কর কর্তৃপক্ষকে ডিজিটাল সিস্টেমে প্রবেশাধিকার দিতে বাধা সৃষ্টি করা হলে সংশ্লিষ্ট স্টার্টআপকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাব দিতে ৬০ দিন সময় দেওয়া হবে। পরে স্টার্টআপের প্রতিনিধিকে শুনানির সুযোগ দিয়ে লিখিত আদেশের মাধ্যমে নিবন্ধন বাতিল করা যাবে।




শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শ্রমমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের মধ্যে কারা শ্রমিক আর কারা শ্রমিক না—সেই তথ্য ভিডিওচিত্রের মাধ্যমে সাংবাদিকরা প্রকাশ করতে পারেন। মিরপুরের আন্দোলনের সঙ্গে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত।সরকারকে অস্থিতিশীল করার জন্য ওই রাজনৈতিক মহল এগুলো করছে।

তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। তবে এটাকে আমাদের দুর্বলতা হিসেবে নেওয়ার সুযোগ নেই। সরকার প্রত্যেকটা স্টেপে তার দায়িত্ব পালন করবে।

মন্ত্রী বলেন, গতকাল শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দও শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন। বোর্ডে শ্রমিক প্রতিনিধিও দেওয়া হয়েছে। ফলে এ বিষয়ে আর কোনও বিরোধ থাকার কথা নয়।

তিনি বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে। তারা মালিকদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেবেন।

মন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠন ও বকেয়া বেতন পরিশোধের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় ভাঙচুর বা কারখানা বন্ধ রাখার প্রয়োজন নেই। এতে গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজ করলেও বাইরে থেকে কিছু লোক এসে শ্রমিকদের উত্তেজিত করা চেষ্টা করছে। প্রকৃত শ্রমিক কারা এবং কারা আন্দোলনে অংশ নিচ্ছে, তা গণমাধ্যমকে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, আগামী ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না। ফলে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে।

তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার ও মালিকপক্ষ উদ্যোগ নিয়েছে। তাই গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের সঞ্চলনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। এসময় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিজেএমইএ’র সহসভাপতি মিজানুর রহমান, রেজওয়ান সেলিমসহ অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।




এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বোচ্চ এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে একটি বছর হারিয়ে না ফেলে এবং দ্রুত শিক্ষার মূল ধারায় ফিরতে পারে, সে জন্য সর্বোচ্চ এক মাসের মধ্যে তাদের সম্পূরক পরীক্ষা নেওয়া হবে।

তিনি জানান, সম্পূরক পরীক্ষায়ও যারা উত্তীর্ণ হতে পারবে না কিংবা যারা পরীক্ষায় অংশ নেবে না, তাদের বাদ দেওয়া হবে না। বরং তাদের কারিগরি ও কর্মমুখী শিক্ষার আওতায় এনে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রকল্প ও ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও আগের ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, উত্তরপত্র মূল্যায়নে যাতে কোনো ত্রুটি বা অস্বচ্ছতা না থাকে, সে জন্য এবার প্রতিটি পরীক্ষককে কমসংখ্যক খাতা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। অতীতে খাতা পুনর্মূল্যায়নের পর হাজার হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেছে। এসব দুর্বলতা ও অনিয়মের কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফলাফল কমে যাওয়ার কারণ ও শিক্ষার ঘাটতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছর পাসের হার ও জিপিএ-৫ কিছুটা কমেছে। এটি কোনো একটি বিষয়ের ঘাটতির কারণে হয়নি। বরং সামগ্রিক শিখন পদ্ধতি, পাঠ্যবই ও শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের যে ঘাটতি রয়েছে, তা পুনর্মূল্যায়ন করে দূর করতে হবে।

অতীতে রাজনৈতিক প্রভাবসহ বিভিন্ন উপায়ে উত্তরপত্র মূল্যায়নে কারচুপির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, খাতা মূল্যায়নে শিক্ষকদের দুর্বলতা ও অনিয়মের কারণে অতীতে বড় ধরনের ফল পরিবর্তনের ঘটনা ঘটেছিল। এমনকি একসময় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটেছে। বর্তমান সরকার কঠোর হাতে এসব দমন করেছে।

ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তুলনামূলক খারাপ ফলের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, এ দুই বিষয়ে ফলের অবনতি ঠেকাতে ইতোমধ্যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

যেসব কলেজে শিক্ষার্থীর সংখ্যা কম বা পাসের হার শূন্য, সেগুলো নিয়মতান্ত্রিকভাবে ভালো ফল করা পাশের প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার পরিকল্পনা রয়েছে। তবে এতে কোনো শিক্ষকের চাকরি যাতে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শুধু বড় শহর নয়, গ্রামের শিক্ষকদেরও নিয়মিত ক্লাস নেওয়া নিশ্চিত করতে হবে। এ জন্য পরীক্ষার কেন্দ্রের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষেও সিসি ক্যামেরা স্থাপন ও নিয়মিত নজরদারির ব্যবস্থা করা হচ্ছে, যাতে কেউ দায়িত্বে অবহেলা করতে না পারে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ

আন্দোলন করে কোনোদিন সরকার গঠন করা যায় না উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন। জনগণ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট না হলে পরবর্তী নির্বাচনে তাদের ভোটের মাধ্যমেই নতুন সরকার নির্বাচন করবে।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করার চেষ্টা মেনে নেওয়া হবে না।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ প্রশ্ন তুলে বলেন, আন্দোলন করে কি সরকার গঠন করা সম্ভব? সরকার গঠনের সঠিক পথ একমাত্র নির্বাচন। যারা আন্দোলনের নামে দেশে অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, তাদের অনুধাবন করতে হবে যে দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণই সবার আগে।

দেশে একটি সুদৃঢ় গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভালো কাজ করলে তার সুফল সরাসরি জনগণ পাবে। আর সরকার যদি ভালো কাজ করতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দেশে একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সুস্থ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত।

জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন ও বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনীতিতে ভিন্নমত ও মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। কিন্তু নিজেদের মধ্যে ক্রমাগত বিরোধ ও সংঘাত তৈরি করলে সেই সুযোগ তৃতীয় কোনো পক্ষ নেবে। দুই ভাই যখন নিজেদের মধ্যে ঝগড়া করে, তখন পাশের বাড়ির লোক এসে সালিশ করার সুযোগ পায় এবং একপর্যায়ে সে দুই ভাইয়ের সম্পত্তিই কবজা করতে চায়। যারা আমাদের বিভক্ত দেখতে চায়, নিজেদের কোন্দলের মাধ্যমে তাদের পথই সুগম করা হচ্ছে।

দেশ গড়ার আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, রাজনৈতিক অস্থিরতায় দেশ ধ্বংস হয়ে গেলে আমরা পরবর্তী প্রজন্মের কাছে কোনো জবাব দিতে পারব না। স্বাধীনতা-পরবর্তী ৫৪ বছরে আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে বহু মূল্যবান সময় নষ্ট করেছি। এখন সব বিভেদ ভুলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আসল সময় এসেছে। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সমাজের সব স্তর থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাম্প্রতিক সময়ের জ্বালানি সংকট ও রাজনৈতিক অপতৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির সার্বিক প্রভাব মোকাবিলায় সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ একটি গোষ্ঠী কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে চরম ভোগান্তিতে ফেলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিছু মানুষ এখনো অসৎ উদ্দেশ্যে কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে তথা দেশের ২০ কোটি মানুষকে জিম্মি করতে চায়। এ ধরনের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণকে সজাগ ও সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে চিফ হুইপ বলেন, দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। দক্ষ ও সুশিক্ষিত জনশক্তিকে কাজে লাগিয়ে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে এবং বরিশাল বিভাগের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

প্রকৌশলীদের দেশ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে তিনি আশ্বাস দেন যে, পেশাজীবীদের মেধা, জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতাকে দেশের উন্নয়ন উদ্যোগে যথাযথভাবে কাজে লাগানো হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন যৌক্তিক দাবিদাওয়ার বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে আন্তরিক উদ্যোগ গ্রহণ করবেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।

আইডিইবির ত্রিবার্ষিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ডিপ্লোমা প্রকৌশলী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।




আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, ২০ কারখানায় ছুটি

সাভারের আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন, শ্রমিকদের কালো তালিকা তৈরি বন্ধ এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা গিয়েছে। এতে আশুলিয়ায় অন্তত ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সরেজমিনে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর, কাঠগড়া, জিরাবো ও নরসিংহপুর এলাকায় থমে থমে পরিস্থিতি দেখা গেছে।

জানা যায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর নিউ এইজ অ্যাপারেলস ও নিউ এইজ গামের্ন্টস ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, শ্রমিকদের কালো তালিকা বন্ধ এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে কর্মবিরতি পালন শুরু হয়। পরে আল-মুসলিম, কন্টিনেন্টাল ও কাঠগড়া এলাকার এআর জিন্স, নাঈম সোয়েটার, নরসিংহপুরে এফএনএফ গামের্ন্টস এবং জিরাবো এলাকার টাউজার লাইন পোশাক কারখানা শ্রমিকরাও বিক্ষোভ করেন।

এদিন দুপুরে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়। এসময় পুলিশ পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইটপাটক্ষেল নিক্ষেপ করে। এতে শিল্পপুলিশের অন্তত পাঁচ জন পুলিশ আহত হয়। অপরদিকে পোশাক কারখানার বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে নিউ এইজ অ্যাপারেলসের এক শ্রমিক জানান, বর্তমানে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের বেতন বৃদ্ধি পায়নি। যদি আমাদের বেতন বৃদ্ধি না পায়, তাহলে আমরা পরিবার নিয়ে কীভাবে চলব বলে ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল মজুরি বোর্ড গঠন করবে এবং অক্টোবরের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণা করবে। কিন্তু ৩০ অক্টোবর পর্যন্ত সরকার মজুরি বোর্ড গঠন করেনি। এ কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করে। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশের ওপর হামলা করলে পাঁচ জন পুলিশ আহত হয়। তবে দুপুরে পরিস্থিতি স্বাভাবিক করতে ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) হারুন অর রশিদ ঢাকা পোস্টকে জানান, সকাল থেকে জিরাবো, নিশ্চিতপুর ও কাঠগড়ায় পোশাক শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। তবে দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি।




এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ৬.৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ ২৯ হাজার ১৩ জন কম পেয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

উত্তীর্ণদের মধ্যে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন ছাত্র এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অর্থাৎ, সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রদের চেয়ে ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে।

৯টি সাধারণ বোর্ডের ফলাফলের চিত্র:

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। পাসের হার ৫১.৬২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডেও ছাত্রদের চেয়ে ৮৫ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী পাসের সাফল্য দেখিয়েছে। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২ লাখ ২৭ হাজার ৭৮৯ জন এবং ছাত্রী ৩ লাখ ১৩ হাজার ৪৬০জন।

এ বছর মোট কেন্দ্র সংখ্যা ছিল ২ হাজার ৭৬০টি এবং মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৩৯০টি।

গত বছরের তুলনায় মোট প্রতিষ্ঠান ৮৮টি বাড়লেও কেন্দ্র কমেছে ৪০টি। এছাড়া শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ১৩৯টি এবং শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টি। গত বছরের চেয়ে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৯১টি বেড়েছে।

অন্যদিকে, ৮টি বিদেশ কেন্দ্রে মোট ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৯ জন পাস করেছে। পাসের হার ৯০.৮৭ শতাংশ।




শিক্ষকদের জাতীয়করণের পাশাপাশি মানসম্মত শিক্ষাও জরুরি : সমাজকল্যাণমন্ত্রী

শিক্ষকদের সরকারিকরণ, এমপিওভুক্তি ও জাতীয়করণের পাশাপাশি তাদের যথাযথ সম্মান, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউনহলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সংবর্ধনা ও ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বও গুরুত্বপূর্ণ। শিক্ষকদের শুধু শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং শিশুশ্রম প্রতিরোধেও তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পেয়ে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি বলেন, শিক্ষকদের সরকারিকরণ, এমপিওভুক্তি বা জাতীয়করণ গুরুত্বপূর্ণ। তবে শুধু এগুলো করলেই হবে না। শিক্ষকদের ভালো রাখতে হবে, শিক্ষার্থীদের ভালো পরিবেশ দিতে হবে এবং স্কুল-কলেজ থেকে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের পেছনে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে হবে।

শিক্ষকদের সামাজিক দায়িত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে শিক্ষকেরা সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সাধারণ মানুষ বিভিন্ন সামাজিক সমস্যা ও সিদ্ধান্তের বিষয়ে তাদের পরামর্শ নিতে আসেন। তাই শিক্ষকদের ইতিবাচক পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ, শিশুশ্রম নির্মূল এবং মাদকের বিস্তার রোধে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। এসব সমস্যা সমাধানে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; সামাজিক সচেতনতা ও জনগণের অংশগ্রহণও প্রয়োজন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এসব শিশুর জন্য শুধু শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থা করলেই চলবে না, তাদের অভিভাবকদের প্রয়োজন ও কষ্টের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর যত্নে অনেক ক্ষেত্রে একাধিক সহায়তাকারীর প্রয়োজন হয়। তাই শিক্ষার পরিকল্পনা করতে হবে সামগ্রিক বাস্তবতা বিবেচনায় রেখে।

পাঠ্যপুস্তকে বাংলাদেশের ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পাঠ্যবইয়ের কাজ ইতিহাস ভুলিয়ে দেওয়া নয়, বরং ইতিহাসকে ধারণ করা। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে, যাতে তারা দেশের অতীত, সংগ্রাম ও অর্জন সম্পর্কে জানতে পারে। মহান মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গর্বের অধ্যায় হিসেবে স্মরণ রাখার কথাও বলেন তিনি।

শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, রাষ্ট্র যখন কোনো শিক্ষককে স্বীকৃতি দেয়, তখন সমাজের প্রতি তার দায়িত্বও বেড়ে যায়। শিক্ষকসমাজকে সম্মানিত করা জাতির দায়িত্ব। একই সঙ্গে শিক্ষকদের কাছেও জাতির প্রত্যাশা অনেক। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও সামাজিক অবস্থান কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সরকারি অর্থের যথাযথ ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রের অর্থ জনগণের কর ও ভ্যাট থেকে আসে। তাই শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ এবং তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা নির্বাচিত সরকারের দায়িত্ব। একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গড়তে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যাওয়া হচ্ছে, তা নিয়ে সবাইকে ভাবতে হবে। সরকার, শিক্ষক ও সমাজের অন্য দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান উন্নয়ন এবং সামাজিক সমস্যাগুলো মোকাবিলা করতে হবে।

বাংলাদেশ জাতীয় শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার।

এসময় বাংলাদেশ জাতীয় শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।




খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা জরুরি

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্যের মজুত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি, গুদামগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে খাদ্য অধিদপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি ছিলেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা।

তিনি বলেন, অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে শুধু তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনা না করে আগামী ১০ থেকে ১৫ বছরের চাহিদা মাথায় রেখে টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। খাদ্য গুদামের নকশা প্রণয়নের সময় পর্যাপ্ত বায়ু চলাচল, খাদ্যশস্যের মান অক্ষুণ্ণ রাখা এবং গুদামে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশের যেসব অঞ্চলে খাদ্যশস্যের উৎপাদন বেশি, সেসব এলাকায় সংরক্ষণ অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার দিতে হবে। বিদ্যমান গুদামগুলোর প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের পাশাপাশি নতুন স্থাপনা নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে গণপূর্ত অধিদপ্তরকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক পরিস্থিতি, যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ খাদ্য সংকট মোকাবিলায় পর্যাপ্ত মজুত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ও সুষ্ঠু বিতরণব্যবস্থা দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ভিত্তি। দেশের খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে পরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে ও গুণগতমান বজায় রেখে বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি এ কাজে গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেন, সরকারি স্থাপনার স্থায়িত্ব বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। খাদ্য অধিদপ্তরের অবকাঠামো উন্নয়নে গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমাতে এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণে ড্যাশবোর্ডভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, দুই অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে খাদ্য গুদাম নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে। এর ফলে খাদ্যশস্যের সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি, অপচয় হ্রাস এবং দেশের খাদ্যনিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খান এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তারা প্রধান অতিথি খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় করেন। অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি এবং খাদ্য মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১০ কনটেইনারে ১৫০ মেট্রিক টন কাঁচা তামাকের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের বন্ড সুবিধায় আমদানি করা এসব তামাক দিয়ে প্রায় ৪৯৪ কোটি টাকা মূল্যের সিগারেট উৎপাদন সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে কাস্টমস গোয়েন্দা এসব তথ্য জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা জানায়, আটক করা তামাক দিয়ে আনুমানিক ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন করা সম্ভব। এসব সিগারেটের সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা। প্রাথমিক পর্যালোচনায় চালানটির আমদানি মূল্যেও উল্লেখযোগ্য অসংগতি পাওয়া গেছে। একই এইচএস কোডের পণ্য প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলার দরে শুল্কায়ন করা হলেও এই চালানে প্রতি কেজি কাঁচা তামাকের ঘোষিত মূল্য দেখানো হয়েছে ১ দশমিক ৪৫ মার্কিন ডলার। পূর্ববর্তী আমদানি মূল্য বিবেচনায় চালানটির আমদানি পর্যায়েই প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব জড়িত।

বন্ড সুবিধায় আমদানি করা তামাকের প্রকৃত ব্যবহার এবং তা দিয়ে উৎপাদিত পণ্যের হিসাব যথাযথভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা না হলে আমদানি থেকে শুরু করে উৎপাদন ও বাজারজাতকরণ, সব পর্যায়েই শুল্ক-কর ফাঁকির ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছে কাস্টম গোয়েন্দা। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।




কাজের অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

প্রকল্প পাসের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কারওয়ান বাজার ঢাকা ওয়াসা ভবন সম্মেলন কক্ষে ঢাকা ওয়াসার সার্বিক কার্যক্রম নিয়ে এক পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দাসেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে গুলশান, বনানী ও বারিধারা অঞ্চলের পাইপলাইন সংযোগ প্রকল্প দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া পূর্বাচল এলাকায় পানি নেটওয়ার্ক গড়ে তুলতে দ্রুত ডিপিপি প্রণয়নের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান আইনে ওয়াসাগুলোতে বোর্ড রাখার বিধান থাকলেও সরকার যেকোনো সময় তা গঠন বা ভেঙে দিতে পারে। মন্ত্রণালয়ের পর্যালোচনায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে ওয়াসা বোর্ডগুলো জনসেবামূলক এই গুরুত্বপূর্ণ খাতের কাজে বাধা বা অনাবশ্যক হস্তক্ষেপ তৈরি করছে, যা কাজের গতি কমিয়ে দিচ্ছে। এই প্রেক্ষাপটে সরকার আইন সংশোধন করে সারা বাংলাদেশের সব ওয়াসা থেকে বোর্ড তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

ওয়াসার কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে বর্তমানে পানির দৈনিক চাহিদা ও সরবরাহ উভয়ই ৩১৪ কোটি লিটার। শহরে জনসংখ্যা ও বাসাবাড়ির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পানির চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। কিন্তু গত সাত মাসে ওয়াসার কার্যক্রমে নতুন কোনো উল্লেখযোগ্য উদ্ভাবন বা প্রকল্পের গতি দেখা যায়নি, যা অত্যন্ত দুঃখজনক। পানির কোনো সংকট তৈরি হলে তার দায় সরকারের ওপরই বর্তায়, তাই ঢাকা নগরবাসীর এই চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

পানির উৎসের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বর্তমানে সরবরাহকৃত পানির ৭৪ শতাংশ ভূগর্ভস্থ এবং ২৬ শতাংশ উপরিভাগের পানি। ভূমিকম্পের ঝুঁকি কমানোর লক্ষ্যে ভূগর্ভস্থ পানি উত্তোলনের হার কমিয়ে ২০-২৫ শতাংশে নামিয়ে আনতে সারফেস ওয়াটারভিত্তিক প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়।

ওয়াসার অর্থনৈতিক সক্ষমতা ও আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে সার্ভিস ঠিক রেখে নিজস্ব রাজস্ব আয় আরও বাড়াতে হবে, যাতে বিদেশি ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নিজস্ব তহবিল থেকে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা যায়। সেই সঙ্গে মিটার রিডিং ও বিলিংয়ে অটোমেশন কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি ২০৫০ সালের চাহিদাকে লক্ষ্য রেখে প্রতিষ্ঠানটির আধুনিকায়নে নতুন ও পূর্ণাঙ্গ জনবল কাঠামোর অর্গানগ্রাম তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী শহরের অবৈধ ও চোরা পানির লাইন চিহ্নিত করে তা দমনের নির্দেশ দেন এবং এসব অপকর্মে প্রভাবশালী বা রাজনৈতিক দুর্বৃত্তরা জড়িত থাকলে তাদের বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেন। সেবাধর্মী প্রতিষ্ঠানে দলীয় বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের সেবা ব্যাহত করা যাবে না মর্মে সিবিএ ও কর্মচারী সংগঠনগুলোকে সতর্ক করেন তিনি। একই সঙ্গে ব্রাশ বা শেভ করার সময় অহেতুক ট্যাপ খোলা না রেখে সচেতনভাবে পানি ব্যবহার এবং পানির অপচয় রোধে সচেতনতামূলক প্রচার চালাতে নির্দেশনা দেন।

এসময় তিনি জানান, আগামী দুই মাস পর তিনি পুনরায় ওয়াসার কার্যক্রম পর্যালোচনায় আসবেন এবং এর মধ্যে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান যাতে নগরবাসীকে পানির বিষয়ে একটি স্বস্তির জায়গায় নিয়ে আসা সম্ভব হয়।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী সমিতি, ডিপ্লোমা অ্যাসোসিয়েশন ও সিবিএর নেতারা অংশ নেন।




রমজানে বাজার স্থিতিশীল থাকবে, ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই :বাণিজ্যমন্ত্রী

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, রমজান ঘিরে বাজারে পণ্যের সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই। একই সঙ্গে তিনি এ-ও স্পষ্ট করেছেন, এ মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

বুধবার (২৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল, ছোলা, ডাল ও চিনিসহ আমদানিনির্ভর পণ্যের সরবরাহ এবং আসন্ন রমজানের সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়ে সরকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পণ্য আমদানির পাইপলাইনে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। রমজানে পণ্যের ঘাটতির আশঙ্কা নেই।

তিনি বলেন, আমাদের পাইপলাইনে যে পরিমাণ পণ্য রয়েছে, তা বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। রমজান কিংবা তার আগে-পরে বাজারে পণ্যের কোনো ঘাটতি তৈরি হবে না।

তবে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য এবং জাহাজ ভাড়ার ওঠানামা আমদানি ব্যয় ও দেশের বাজারে পণ্যের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন তিনি।

ভোজ্যতেলের দাম সমন্বয় নিয়ে ব্যবসায়ীদের কোনো প্রস্তাব রয়েছে কি না এবং রমজানের আগে তেলের দাম বাড়ানো হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, এ মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

আন্তর্জাতিক বাজারে ছোলার দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আমদানিকারকদের সঙ্গে আলোচনা চলছে। পণ্যের সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সতর্ক রয়েছে।

পণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে ব্যবসায়ীরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতার অভিযোগ পাওয়া যায়নি। এলসি খোলায় সমস্যা হলে সরকার ব্যবস্থা নেবে।

তবে কোনো আমদানিকারক এলসি মার্জিন কিংবা অন্য কোনো ব্যাংকিং জটিলতায় পড়লে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার

দেশের নারী ও শিশুদের সুরক্ষা, কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে চায় সরকার। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকারগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে নারীর ক্ষমতায়ন, নারী অধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ নিরসন, মিড-ডে মিল, কিশোর-কিশোরী ক্লাব, মনোসামাজিক সহায়তা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশু-সংশ্লিষ্ট বিভিন্ন আইন নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে সংস্থাটির উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে সরকার নারী ও শিশুদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নে কাজ করছে। বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিতভাবে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মানুষের মৌলিক অধিকার ও সার্বিক কল্যাণে সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার হবে। একই সঙ্গে সব শিশুর জন্য বাসযোগ্য, উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপ বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।

এদিকে, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ত্যাগের মধ্য দিয়ে কর্মজীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিতে যাচ্ছেন জিলিয়ান মেলসপ। তাঁর দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে আন্তরিক অভিনন্দন জানিয়ে অবসরোত্তর জীবনের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন মন্ত্রী।




রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার। আগামী অর্থবছরের মধ্যে এ জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ যাতে সহজে ও সময়মতো স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যে সরকার উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। রোগীদের হাসপাতালে যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। আগামী অর্থবছরের মধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।’

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার বিকাশ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপজেলা পর্যায়ে ১৯ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালগুলোকে ৩১ ও ৫০ শয্যায় উন্নীত করেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা পর্যায়ে ১৫১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।’

তিনি বলেন, হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানো এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নারী ও শিশু স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত ১৫১ শয্যার হাসপাতালগুলোতে ১০টি ডায়ালাইসিস বেড, প্রসূতি নারীর জন্য ২০ শয্যার একটি ওয়ার্ড এবং শিশুদের জন্য ২০টি বেড রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারী ও পুরুষদের জন্য ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টারও থাকবে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় মন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করে বলেন, হাসপাতালের পরিবেশ আগের তুলনায় ভালো মনে হয়েছে। তবে কিছু অনিয়ম ও ত্রুটি রয়েছে, যেগুলো সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।




ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ

রাজধানীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বুধবার (২৮ অক্টোবর) ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদ কর্মী এবং ৬ প্লাটুন পুলিশের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার পর উচ্ছেদ করা মালামাল ও সরঞ্জামাদি জব্দ করা হয়।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম সরাসরি উপস্থিত থেকে এ উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ও ফুটপাত পরিষ্কার এবং দখলমুক্ত রাখা হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারা কেবল সেখানেই বসতে পারবেন। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে এবং মূল রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।

হকারদের সতর্ক করার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার জন্য বিভিন্ন মাধ্যমে সতর্ক করার পাশাপাশি হকার সংগঠনের নেতাদের সঙ্গেও একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু উচ্ছেদের পরও পুনরায় বসে পড়ায় এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। এই উচ্ছেদ ও দখলমুক্তকরণ অভিযান একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে।

অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবা খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।




বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

আজ জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে জেটরোর ভূমিকার প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানী বিনিয়োগ চায় বাংলাদেশ।’

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ একমত হয়।

এ ছাড়া বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য জাপানের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে ইতোমধ্যে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ তৈরি হয়েছে।

বৈঠক শেষে জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর আমন্ত্রণে তাঁর আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান কাতাওকা সুসুমুকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্য অর্জনে সড়ক নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালককে দায়ী করলে হবে না। চালকের বেতন, কর্মঘণ্টা, শারীরিক সক্ষমতা, যানবাহনের ফিটনেস এবং পরিবহন খাতে হয়রানির বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক, চালক, প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু সড়ক নির্মাণ নয়, এমন একটি সড়কব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। এ জন্য সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা, নিরাপদ অবকাঠামো, নিরাপদ যানবাহন, সড়ক ব্যবহারকারীদের সচেতনতা এবং দুর্ঘটনার পর জরুরি সেবা নিশ্চিত করার বিষয়গুলো সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে।

পরিবহন মালিকদের উদ্দেশে হাবিবুর রশিদ বলেন, অতিরিক্ত লাভের আশায় ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানো যাবে না। একটি দুর্ঘটনায় যেমন বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে, তেমনি সংশ্লিষ্ট পরিবহন কোম্পানি ও মালিকও ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে গাড়ির কাগজপত্র ও ফিটনেস নিশ্চিত করতে গিয়ে মালিকেরা যাতে অযথা হয়রানি বা আর্থিক ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও সরকারকে দায়িত্ব পালন করতে হবে।

প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক ও চালকেরা যাতে অন্যায় আচরণ বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। বিআরটিএসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে সেবা নিতে এসে কেউ হয়রানির শিকার না হন।

তিনি আরও বলেন, পেশাদার চালকদের স্বাস্থ্য ও চোখ পরীক্ষা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো প্রতিরোধ, মানসম্মত প্রশিক্ষণ, দক্ষতা যাচাই করে লাইসেন্স দেওয়া এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করার উদ্যোগ জোরদার করতে হবে। পাশাপাশি, বেপরোয়া গতি, অতিরিক্ত যাত্রী বহন ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মহাসড়কে গতিসীমা নিয়ন্ত্রণ, পথচারীবান্ধব অবকাঠামো, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেন তিনি।

সড়ক দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখানে কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়, কেউ কারও শত্রু নয়। আমরা সবাই এই দেশকে ভালোবাসি। আমাদের সবারই নিজের, পরিবারের এবং দেশের মানুষের প্রতি দায়িত্ব রয়েছে।




পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : আইসিটি মন্ত্রী

আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ জন্য আধুনিক টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও দেশীয় উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং হুয়াওয়ের যৌথ আয়োজনে ‘বাংলাদেশ টেক কানেক্ট ২০২৬’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য, নিরাপদ, উচ্চগতির ও সাশ্রয়ী ডিজিটাল সংযোগ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে একই সঙ্গে সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামান বলেন, বাংলাদেশ টেক কানেক্ট এখন জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সরকার, শিল্পখাত, শিক্ষাপ্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণ নীতিনির্ধারক ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি করেছে। ডিজিটাল অবকাঠামো সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার অন্যতম প্রধান ভিত্তি।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, দেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে সরকার পাঁচটি কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করেছে। এগুলো হলো—শক্তিশালী আইনি ও নীতিগত কাঠামো, নির্ভরযোগ্য সংযোগ ব্যবস্থা, ডিজিটাল পাবলিক অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা এবং দেশীয় উৎপাদন। জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়নের কাজ শুরু হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এটি সম্পন্ন করার আশা করা হচ্ছে।

হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জেসন উ বলেন, বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সরকার এবং শিল্পখাতের অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে। সংযোগব্যবস্থা, ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রতিষ্ঠানের সক্ষমতা কাজে লাগিয়ে স্থানীয় শিল্পের দক্ষতা বৃদ্ধি, নতুন সেবা উদ্ভাবন এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি ডিজিটাল প্রবৃদ্ধিতে অবদান রাখতে চায় প্রতিষ্ঠানটি।

 

সম্মেলনে ‘ভবিষ্যৎ প্রযুক্তি ও কানেক্টিভিটি’, ‘শিল্পখাতে দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তির ভূমিকা’ এবং ‘কৃত্রিম বুদ্ধিমত্তা : বৈশ্বিক প্রবণতা, প্রভাব ও বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা ফাইভজি, সংযোগব্যবস্থার উন্নয়ন, শিল্পখাতের দক্ষতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

তৈরি পোশাকশিল্প, বন্দর, কৃষি ও স্বাস্থ্যসেবায় ফাইভজি, ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সংযোগসেবার বাণিজ্যিক সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিরাপত্তাব্যবস্থা ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো, পরিচালন ব্যয় কমানো এবং সরকারি সেবার মান উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন বক্তারা।

সম্মেলনের প্রযুক্তি প্রদর্শনীতে ডিজিটাল রূপান্তর, স্মার্ট সরকার, স্মার্ট শিক্ষা, ডিজিটাল বিদ্যুৎব্যবস্থা, স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সমাধান প্রদর্শন করা হয়। এ ছাড়া ডিজিটাল বিদ্যুৎব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি এবং ডিজিটাল অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।




নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: মাহ্দী আমিন

সরকারের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুতগতিতে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, চলতি অর্থবছরে ৪১ লাখ নারীর কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে। তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের নারীদের সচ্ছলতা ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে ‘ন্যাশনাল সামিট অন ইয়াং উইমেনস এমপাওয়ারমেন্ট’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারীর ক্ষমতায়ন ও শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রয়োজন ও প্রেক্ষাপট ভিন্ন। তাই তৃণমূল পর্যায়ের নারীদের ক্ষমতায়নের পাশাপাশি অন্যান্য স্তরের নারীদেরও মানসম্মত শিক্ষা ও আধুনিক দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে হবে।

বর্তমান সরকারের রাজনৈতিক দায়বদ্ধতা ও রূপকল্প তুলে ধরে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে তাদের সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে। সরকারের স্পষ্ট নীতিগত পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর একটি নির্দিষ্ট রূপকল্প রয়েছে। একই সঙ্গে এই সরকারের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারিগরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
বাংলাদেশে নারীর উন্নয়নে অতীতের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, নারীদের সার্বিক উন্নয়নে পৃথক মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং অর্থনীতিতে নারীর ক্ষমতায়নের অন্যতম ক্ষেত্র তৈরি পোশাকশিল্পের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তী সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দ্বাদশ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের জন্য অবৈতনিক শিক্ষা সম্প্রসারণের ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন শুরু করেছে বলে জানান তিনি।

খেলাধুলা ও শিক্ষায় সরকারের উদ্যোগ

খেলাধুলা ও শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মাহ্দী আমিন বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশব্যাপী খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগের অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির জন্য নতুন বই চালু করা হচ্ছে।

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে উৎসাহিত করতে এ বছর প্রায় ১৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পাশাপাশি বিতর্ক, শিল্প-সাহিত্য ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মননশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্য রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সম্প্রতি প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ১১ লাখ ছাত্র ও সমানসংখ্যক ১১ লাখ ছাত্রী অংশ নিয়েছে, যা বিশ্বের বুকে বিরল দৃষ্টান্ত। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না; এটি পারস্পরিক যোগাযোগের দক্ষতা বৃদ্ধি, সাম্য প্রতিষ্ঠা ও সমাজে বৈষম্যহীন পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখে।

নারীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ

নারীদের কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র হিসেবে সরকারি ও বেসরকারি চাকরি, উদ্যোক্তা হওয়া এবং আন্তর্জাতিক শ্রমবাজারের কথা উল্লেখ করেন মাহ্দী আমিন। তিনি বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন—এটাই সরকারের প্রত্যাশা।

এ জন্য তারুণ্য ও নারীদের অগ্রাধিকার দিয়ে সহজ শর্তে জামানতবিহীন স্বল্প সুদের ঋণ, উদ্ভাবনী ধারণার জন্য প্রাথমিক তহবিল এবং সরকারি অনুদানের সুযোগ তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

জনগণের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, জনগণের ক্ষমতায়নই রাষ্ট্রের শক্তির মূল ভিত্তি। এ ক্ষমতায়ন নিশ্চিত করতে তরুণ প্রজন্ম ও নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সক্ষম করে তুলতে হবে। তরুণ ও নারীদের আধুনিক বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার অভিভাবকের ভূমিকা পালন করে সার্বক্ষণিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজের প্রত্যয়

বাংলাদেশে সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফের দীর্ঘমেয়াদি ভূমিকার প্রশংসা করে মাহ্দী আমিন বলেন, এসব সংস্থা ও উন্নয়ন সহযোগী বছরের পর বছর ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশে তাদের প্রাতিষ্ঠানিক উপস্থিতি ও কার্যক্রম বর্তমান সরকারকে অনুপ্রাণিত করে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে সব উন্নয়ন অংশীদারকে একটি যৌথ প্ল্যাটফর্মে এনে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে বাংলাদেশকে সাফল্যের সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের শিক্ষা বিভাগের প্রধান দীপা শংকর, ‘আর্ন’ প্রকল্পের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খানসহ অন্যরা।




জমি কিনতে যাওয়ার পথে অটোরিকশা থামিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীর কাছ থেকে জমি কেনার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর নতুনহাট সংযোগ সড়কের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জমি নিবন্ধন করতে সাবরেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে শামসুন নাহার নামের ওই নারী ছিনতাইয়ের শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। ওই অটোরিকশায় ছিলেন কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুন নাহার। তার ব্যাগে জমি কেনার জন্য রাখা নগদ ২৫ লাখ টাকা ছিল।

ঘটনার বর্ণনা দিয়ে ছিনতাইয়ের শিকার শামসুন নাহার জানান, সাবরেজিস্ট্রি অফিসের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার সামনে এসে পথ রোধ করে। পাশেই আরেকটি মোটরসাইকেল থেকে দুজন নেমে অটোরিকশার চাবি ও চালকের মোবাইল ফোন কেড়ে নেয়। চালক বাধা দিলে একজন কোমর থেকে পিস্তল বের করেন। এরপর আরেকটি মোটরসাইকেল থেকে আরও দুজন এসে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তার টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

শামসুন নাহার বলেন, ‘আমি তাদের বলছিলাম, আমাকে মেরে ফেল, তবুও আমার টাকা নিস না। কিন্তু আমার টাকাগুলো নিয়ে গেছে তারা।’ তিনি আরও বলেন, ‘আমার ছোট ছেলের অনেক কষ্টের জমানো টাকা। তার টাকা দিয়ে জমি কিনতে যাচ্ছিলাম। এখন আমি কী করব, জানি না।’

এদিকে প্রকাশ্য দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনায় রাউজানজুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটির নিন্দা জানিয়ে খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। রাউজানের মতো নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের আর কোনো উপজেলায় নেই। এত হত্যাকাণ্ড কোথাও হয়নি। তিনি অবিলম্বে প্রশাসনের কাছে রাউজানের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী নারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’

এর আগে গত ১১ সেপ্টেম্বর কদলপুরের ব্যবসায়ী এনাম হোসেন চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। মদুনাঘাট সেতুর সামনে জিয়াবাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছিল। এনাম হোসেন চৌধুরীর অভিযোগ- ইয়াবা ব্যবসায়ী বরকত আলী তার কাছে চাঁদা দাবি করেছিলেন। ঘটনার দিন দুপুরে গ্রামের বাড়ি থেকে শহরে ফেরার পথে মদুনাঘাট সেতু এলাকায় পৌঁছালে বরকত ও মামুনের নেতৃত্বে তার চাচার ওপর এ হামলা চালানো হয়।

উল্লেখ্য, রাউজানে সাম্প্রতিক সময়ে একের পর এক সহিংসতা ও হত্যাকাণ্ডে জনমনে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের শুরু পর্যন্ত এ উপজেলায় ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।




লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৭১ জন অনিয়মিত বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৫টা ৪০ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে ত্রিমুখী এই প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

জানা গেছে, প্রত্যাবাসিত এই বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে পৌঁছানোর পর তাদের অনেকেই বিভিন্ন সময়ে স্থানীয় অপরাধ চক্রের হাতে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মর্মে গুরুতর অভিযোগ রয়েছে।

সকালে বিমানবন্দর পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিবিয়ার এই দুর্বিষহ অভিজ্ঞতা ও ভয়াবহতার কথা নিজ নিজ এলাকার মানুষের সাথে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেক নাগরিককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের সুব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।




এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়।

পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।




ঋণ প্রতিশ্রুতি বেড়ে ১২৭ কোটি ডলার, অর্থছাড়ের শীর্ষে আইডিএ-এডিবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়ে ১২৭ দশমিক ৩ কোটি ডলার হয়েছে।

একই সময়ে গত বছর যা ছিল মাত্র ৯১ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার। ফলে বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে এডিবি ও আইডিএ অর্থছাড়ের শীর্ষে রয়েছে বলেও জানিয়েছে ইআরডি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে এই তথ্য জানা গেছে।

বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বাড়ানোর পাশাপাশি দেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নেও বড় অঙ্কের বৈদেশিক অর্থায়নের উদ্যোগ রয়েছে। দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) প্রায় ১০০ কোটি ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এ ধরনের অর্থায়ন বাস্তবায়ন হলে দেশের জ্বালানি পরিশোধন সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।

ইআরডি জানায়, এই সময়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, কর্ডোনেশন অ্যান্ড নরডিকের কাছ থেকে নতুন ঋণ-অনুদান প্রতিশ্রুতি নেই। তবে জাপান ৩ দশমিক ৫১ মিলিয়ন, জাতিসংঘ ১৪ মিলিয়ন, ইউরোপ ৬৬ দশমিক ২৫ মিলিয়ন, এশীয়া ৪১ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুদান প্রতিশ্রুতি দিয়েছে।

গত অর্থবছরের একই সময়ে এ প্রতিশ্রুতির পরিমাণ ছিল। সেই হিসেবে এক বছরের ব্যবধানে নতুন বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৩৯ দশমিক ৮ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পাওয়া নতুন প্রতিশ্রুতির মধ্যে ঋণ ছিল ১১৪ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার এবং অনুদান ছিল ১২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোট ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলারের বিদেশি সহায়তা ছাড় হয়েছে। সব থেকে বেশি ঋণ অনুদান ছাড় করেছে বিশ্বব্যাংক ১৯৬ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া এডিবি ১৬২, ভারত ১০৪, চীন ১৪, রাশিয়া ২০ মিলিয়ন মার্কিন ডলার ছাড় করেছে।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ছাড় হওয়া সহায়তার মধ্যে প্রকল্প সহায়তা ছিল ৬৫ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার। এর মধ্যে ঋণ ছিল ৫৪ কোটি ১৭ লাখ ৪০ হাজার ডলার এবং অনুদান ছিল ১১ কোটি ৫ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া খাদ্য সহায়তা হিসেবে ১ কোটি ডলারের অনুদান ছাড় হয়েছে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে বাংলাদেশের ব্যয় হয়েছে ১৩৫ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১২৭ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ডলার। সে হিসাবে এক বছরে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

ইআরডির হিসাবে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিদেশি ঋণের আসল হিসেবে ৮৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে এ বাবদ ব্যয় হয়েছিল ৮১ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ডলার। একই সময়ে সুদ পরিশোধের পরিমাণ ৪৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার থেকে বেড়ে ৪৯ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলারে দাঁড়িয়েছে।




ইসলামী ব্যাংকের ৬৪ কোটি টাকা আত্মসাৎ: জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে আরামিট সিমেন্ট পিএলসির নামে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসামিদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও আরামিট সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রুকমিলা জামান, প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, ২০১৬ সালের ২৪ জানুয়ারি ইসলামী ব্যাংকের বহদ্দারহাট শাখায় আরামিট সিমেন্টের নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরবর্তী সময়ে ২০১৭ সালের ১৫ মে হিসাবটি জুবিলি রোড শাখায় স্থানান্তর করা হয়।

এরপর ২০১৭ সালের ১৫ অক্টোবর আরামিট সিমেন্টের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান ওই শাখায় ৫০০ কোটি টাকা কার্যকরী মূলধন ঋণের আবেদন করেন। একই বছরের ৮ নভেম্বর অনুষ্ঠিত ব্যাংকের ক্রেডিট কমিটির ৫১তম সভায় ৩৫০ কোটি টাকা ঋণ দেওয়ার সুপারিশ করা হয়। পরে ব্যাংকটির নির্বাহী কমিটি তা অনুমোদন করে।

দুদকের অভিযোগ, ঋণের অর্থ বিতরণের জন্য ভুয়া বাই-মুরাবাহা ডিল তৈরি করা হয়। এ প্রক্রিয়ায় আরামিট সিমেন্টের হিসাব বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ব্যবসায়ী ও সরবরাহকারী হিসেবে দেখানো হয়। তার নামে ‘ক্লাসিক ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানকে সরবরাহকারী হিসেবে উপস্থাপন করা হয়।

এজাহারে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির নামে ট্রেড লাইসেন্স সংগ্রহ, ব্যাংক হিসাব খোলা এবং বিভিন্ন কাগজপত্র তৈরির মাধ্যমে প্রকৃতপক্ষে পণ্য সরবরাহ না করেই সরবরাহের ভুয়া তথ্য ব্যাংকে দাখিল করা হয়। এসব নথির ভিত্তিতে বাই-মুরাবাহা ডিল অনুমোদন ও ঋণের অর্থ বিতরণ করা হয় বলে অভিযোগ করেছে দুদক।

এজাহারের তথ্য অনুযায়ী, আরামিট সিমেন্টের নামে মোট ৫৪টি বাই-মুরাবাহা ডিলের মাধ্যমে ২০৫ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা ঋণের অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে ২৭টি ডিলের মাধ্যমে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন ও স্থানান্তর করা হয়।

দুদকের অভিযোগ, ঋণের অর্থ আরামিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের নামে থাকা ব্যাংক হিসাবে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে আত্মসাৎ করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- আরামিট সিমেন্টের চিফ ফাইন্যান্সশিয়াল অফিসার ও ইউসিবির সাবেক পরিচালক মোহাম্মদ শাহ্ আলম, আরামিট সিমেন্ট পিএলসির এজিএম একেএম মারুফ, ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিটের এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মহিউদ্দীন, মোহাম্মদ আখতার হোসেন, মোহাম্মদ আব্দুল হক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবদুল কাদের, ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আবদুল করিম, মো. শহিদুল্লাহ, এফএভিপি মুহাম্মদ নিজাম উদ্দীন, এসভিপি আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহসীন আলী ও এসপিও রিদওয়ানুল হক।

সাইফুজ্জামান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদকের একটি যৌথ দল। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের তার বিরুদ্ধে অনুসন্ধান ‍শুরু করে দুদক। অর্থপাচার, অর্থ আত্মসাৎ, দুর্নীতির বিভিন্ন অভিযোগে সাইফুজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক।

এছাড়া ২০২৫ সালের মার্চে তার ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং ২৩টি কোম্পানির শেয়ার জব্দের আদেশ দেওয়া হয়। একই অনুসন্ধানের বিভিন্ন পর্যায়ে তার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের আরও ব্যাংক হিসাব ও বিও হিসাবও অবরুদ্ধ করা হয়।

চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের আবেদনে সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপিন্স, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেয় আদালত।

দুদকের হিসাবে, এসব সম্পদ এবং যুক্তরাষ্ট্রের দুটি কোম্পানিতে তার বিনিয়োগের মূল্য প্রায় ২ হাজার ৩২১ কোটি টাকা। আর ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে তার নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেওয়া হয়।

দুদকের আবেদনে এসব সম্পদের মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড দেখানো হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণের নামে ২৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এক মামলায় চলতি বছরের মার্চে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।




বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্তে প্রথম দফার আলোচনা শুরু

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। উভয় দেশ ২০২৭ সালের মধ্যে একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থসম্মত চুক্তি চূড়ান্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী প্রথম দফার আলোচনা উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বাণিজ্য সচিব বলেন, ঐতিহাসিক বন্ধুত্ব, অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক সুদৃঢ় হয়েছে। দুই দেশের বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আশাব্যঞ্জক হলেও বিনিয়োগ ও বাণিজ্য বহুমুখীকরণের বিপুল সম্ভাবনা এখনো কাজে লাগানো সম্ভব হয়নি।

তিনি জানান, গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকালে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর সাথে ২০২৭ সালের মধ্যে একটি টেকসই ও পারস্পরিক স্বার্থরক্ষাকারী মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

বাণিজ্য সচিব আরও বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এফটিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে বাংলাদেশ মালয়েশীয় বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় বাজার। হালাল শিল্প, সেমিকন্ডাক্টর খাতে দক্ষতা উন্নয়ন, ডিজিটাল বাণিজ্য, লজিস্টিকস এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় আঞ্চলিক অর্থনৈতিক জোট ‘রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ’ (আরসিইপি)-এ বাংলাদেশের যোগদানের আকাঙ্ক্ষার প্রতি মালয়েশিয়ার সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

মালয়েশিয়ার চিফ নেগোশিয়েটর ড. রশিদি সাইদ বলেন, প্রস্তাবিত এফটিএ কেবল শুল্ক হ্রাসের চুক্তি নয়; বরং দুই দেশের দীর্ঘমেয়াদি ও সুষম অর্থনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার কৌশলগত উদ্যোগ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার। চুক্তি কার্যকর হলে বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন ও বিনিয়োগে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

তিনি পারস্পরিক সমঝোতা, নমনীয়তা ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনার মাধ্যমে ২০২৭ সালের মধ্যে আলোচনা সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর এ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশের চিফ নেগোশিয়েটর খাদিজা নাজনীন বলেন, এফটিএ কার্যকর হলে উভয় দেশের বাজারে প্রবেশাধিকার সহজ হবে, বাণিজ্য বাধা কমবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাণিজ্য কার্যক্রম আরও স্বচ্ছ, সহজ ও পূর্বানুমানযোগ্য হবে।

তিনি জানান, আলোচনায় পণ্য ও সেবা বাণিজ্য, রুলস অব অরিজিন (পণ্যের উৎপত্তিবিধি) এবং শুল্ক প্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে ঐকমত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার ৩১ সদস্যের প্রতিনিধিদলের প্রধান ও দেশটির চিফ নেগোশিয়েটর ড. রশিদি সাইদ এবং বাংলাদেশের চিফ নেগোশিয়েটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অধিবেশনে আলোচনার রূপরেখা ও কার্যপরিধি নির্ধারণে ‘টার্মস অব রেফারেন্স’ (টিওআর) স্বাক্ষরিত হয়।

উভয় দেশের প্রতিনিধিরা গঠনমূলক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও নমনীয়তার ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম দফার আলোচনা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।




স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন সৌজন্য সাক্ষাৎ করেছেন৷

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যকার এ সুসম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।

সাক্ষাৎকালে ড. লিউ ইউইন বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ এবং সামগ্রিক সামর্থ্য বৃদ্ধিতে চীন সরকারের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঢাকাস্থ চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, রেলপথ, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও জাপানের অংশীদারত্ব কয়েক দশকের বন্ধুত্ব, আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে। আজ এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ এসেছে। বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগের সুযোগগুলো অনুসন্ধান করতে এবং আমাদের উন্নয়নের পরবর্তী ধাপে অংশীদার হতে আমি জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘উৎপাদনশীল বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং পারস্পরিকভাবে লাভজনক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে তার সরকার জাপানি অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একসঙ্গে কাজ করলে আমাদের দুই মহান দেশের জন্য আরও সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দেশের নেতারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন এবং দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), রেলপথ ও অবকাঠামো, গভীর সমুদ্রবন্দর এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ অভিন্ন অঙ্গীকার ব্যক্ত করেছে।’

প্রধানমন্ত্রী জানান, সফরকালে বাংলাদেশ ও জাপান গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় করেছে।

দুই দেশের আলোচনার ফলাফল ও অভিন্ন অগ্রাধিকারগুলো একটি যৌথ বিবৃতিতে তুলে ধরা হবে।

উন্নয়ন অংশীদার হিসেবে জাপানের দীর্ঘদিনের ভূমিকার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের একটি বিশেষ স্থান রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে আমাদের বন্ধুত্ব গড়ে উঠেছে।’

তিনি বলেন, ‘শান্তিপ্রিয় দেশ জাপান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম দিকেই বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর অন্যতম।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে জাপান বাংলাদেশের অন্যতম মূল্যবান উন্নয়ন অংশীদার হিসেবে আর্থ-সামাজিক অগ্রগতি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আমরা এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’

সরকারি সফরে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং দেশটির জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সুস্পষ্ট-দুই দেশের বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী চালিকা শক্তিতে রূপান্তর করা।’

জাপান সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আসুন, আমরা এমন একটি অংশীদারত্ব গড়ে তুলি, যা আমাদের জনগণের কল্যাণে কাজ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক স্থায়ী উত্তরাধিকার রেখে যাবে।’

এর আগে বেলা ১১টা ৩২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সানায়ে তাকাইচি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুই নেতা দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসেন।

বৈঠকে যোগ দেওয়ার আগে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।

সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন। এ ছাড়া গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক সফর করেন।




অপরিচ্ছন্ন ড্রামে খোলা তেল, তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ এবং লেবেলবিহীন সয়াবিন ও পাম তেল বিক্রির দায়ে রাজধানীর তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকার বিভিন্ন বাজারে খোলা ভোজ্যতেল বিক্রয় কার্যক্রম তদারকির সময় এসব অনিয়ম শনাক্ত করা হয়। অভিযানে তিন প্রতিষ্ঠানকেই তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে শাহ আলী মার্কেটের মেসার্স নিউ আহমেদ ট্রেডার্সকে নোংরা ও অস্বাস্থ্যকর ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই মার্কেটের নিউ হাওলাদার ট্রেডার্সকে অস্বাস্থ্যকর ড্রামে লেবেলবিহীন খোলা সয়াবিন ও পাম তেল সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে কল্যাণপুরের নতুন বাজারে মেসার্স হাসেম জেনারেল স্টোরকে একই ধরনের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের অস্বাস্থ্যকর ও অনিরাপদ পাত্রে খোলা ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তেল সংরক্ষণের পাত্রে প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেল প্রদর্শন নিশ্চিত করতে বলা হয়।

এ সময় উপস্থিত ভোক্তাদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করতে লিফলেট ও প্যামফ্লেট বিতরণ করা হয়। কোনো পণ্য বা সেবা কিনে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বানও জানানো হয়।

বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।




মঈন খানকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে যান তিনি। এ সময় মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রতিমন্ত্রীকে মঈন খানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন।

শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।




তুরস্কে প্রদর্শিত হবে বাংলাদেশের পাটপণ্য

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট ও পাটজাত পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে তুরস্কে প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশের পাটজাত পণ্যের বিশেষ প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটশিল্পের বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে পাটজাত পণ্য প্রদর্শনের বিষয়টি নিয়ে কাজ চলছে। সম্মেলনস্থলে বাংলাদেশের প্যাভিলিয়নে পাটের তৈরি বিভিন্ন পণ্য, সংশ্লিষ্ট প্রযুক্তি এবং এসব পণ্যের বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। তুরস্কে পাট পণ্যের প্রদর্শনীর ডিসপ্লে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থাপিত হয়েছে। পাটের তৈরি ব্যাগ, ঘর সাজানোর সামগ্রী, হস্তশিল্পসহ বহুমুখী পণ্য আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে এ উদ্যোগের মাধ্যমে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বজুড়ে পরিবেশদূষণ কমানো এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়ায় পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে। পাট প্রাকৃতিক, নবায়নযোগ্য ও জীবাণু বিয়োজ্য আঁশ হওয়ায় পরিবেশবান্ধব উৎপাদন ও ভোগের ক্ষেত্রে এর ব্যবহার গুরুত্বপূর্ণ।

গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কপ-৩১-এর প্রস্তুতি নিয়ে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের পাটশিল্পের সম্ভাবনা তুলে ধরেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে, গত ২১ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পাট খাতের রপ্তানি সম্প্রসারণ নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটপণ্যের পরিচিতি বাড়ানো এবং অর্থনৈতিক কূটনীতিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের পাটশিল্পের বহুমুখী ব্যবহার, নতুন বাজার অনুসন্ধান এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী ‘সোনালি আঁশ’ খাতকে নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।




পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা বা ৩০০ ডলার নির্ধারণের দাবি জানিয়েছে চারটি জোটের ৩৫টি শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে ২০২৬-২০২৯ মেয়াদে তিন বছরের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং সেখানে প্রকৃত শ্রমিক প্রতিনিধিকে সদস্য করার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জোট ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) শীর্ষ নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর। লিখিত বক্তব্য পাঠ করেন জোটের নেতা খালেকুজ্জামান লিপন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন নাহিদুল ইসলাম নয়ন। সূচনা বক্তব্য দেন আবুল হোসেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে জাতীয় ও আন্তর্জাতিক আইন রয়েছে। বাংলাদেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদেও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। এছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৪১ ধারায় মজুরি নির্ধারণের ক্ষেত্রে ১১টি বিষয় বিবেচনার কথা বলা হয়েছে।

এসব বিষয়ের মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় ও মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত পণ্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরন ও ঝুঁকি, কাজের মান, ব্যবসায়িক সক্ষমতা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়। এসব মানদণ্ড বিশ্লেষণ করেই ৩৭ হাজার ১২৫ টাকা ন্যূনতম মজুরির দাবি জানানো হয়েছে বলে জানান নেতারা।

তারা বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্প। ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় হয়েছে ৪৮ বিলিয়ন ডলার। এর মধ্যে তৈরি পোশাক খাত থেকে এসেছে ৩৮ দশমিক ৭০ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ।

শ্রমিক নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। এর মধ্যে তৈরি পোশাক খাত থেকে আয় হয়েছিল ২৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। গত ১০ বছরে এ খাতের রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ২১ বিলিয়ন ডলার।

তাদের দাবি, এ সময়ে তৈরি পোশাক কারখানা ও শ্রমিকের সংখ্যা কমলেও রপ্তানি আয় বেড়েছে। ফলে দেশের রপ্তানি আয়ের প্রধান খাতের উৎপাদনে সরাসরি যুক্ত শ্রমিকদের মজুরি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা আরও বলেন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও সংস্থার হিসাব, মাথাপিছু আয় এবং দারিদ্র্যসীমার ওপরে জীবনযাপনের ব্যয় বিবেচনায় নিলে একজন শ্রমিকের পরিবারের মাসিক ব্যয় অনেক বেশি দাঁড়ায়। বিভিন্ন হিসাবে এ ব্যয় ৫৭ হাজার থেকে ৭০ হাজার টাকার বেশি হতে পারে।

নেতারা বলেন, একটি পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি যদি পরিবারের মোট ব্যয়ের ৬০ শতাংশ বহন করেন, তাহলেও তার মাসিক আয় ৩৭ থেকে ৩৮ হাজার টাকা হওয়া প্রয়োজন। অথচ বাবা-মায়ের দায়িত্ব পালন, বিনোদন, আকস্মিক অসুস্থতা, ঈদ-পূজার খরচ এবং বাড়িতে যাতায়াতের ব্যয় এসব হিসাবের মধ্যে ধরা হয়নি।

নেতারা আরও বলেন, অনেক অর্থনীতিবিদ পরিবারের খাদ্য ব্যয় ও খাদ্যবহির্ভূত ব্যয় সমান ধরে ন্যূনতম মজুরি নির্ধারণের হিসাব করেন। চার সদস্যের একটি পরিবারের খাবারের খরচ ৩৫ হাজার ৮০ টাকা হলে মোট মাসিক ব্যয় দাঁড়ায় প্রায় ৭০ হাজার টাকা। এ বাস্তবতায় শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করা জরুরি।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা সরকারি বেতনকাঠামো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৫ সালের বিশেষ জরিপ, বাজারদর, জীবনযাত্রার ব্যয়, মাথাপিছু আয়, উৎপাদনশীলতা, মূল্য সংযোজন, প্রতিযোগী দেশগুলোর ন্যূনতম মজুরি এবং বিভিন্ন গবেষণা প্রতিবেদন বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

তারা বলেন, মালিকদের আর্থিক সক্ষমতা ও শিল্পের বাস্তবতা বিবেচনায় নিয়ে পোশাকশ্রমিকদের সহকারী অপারেটর পদে বা চাকরির শুরুতে ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণ করা প্রয়োজন। এ জন্য দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন এবং সেখানে প্রকৃত শ্রমিক প্রতিনিধিকে মনোনয়ন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে নঈমুল আহসান জুয়েল, লাভলী ইয়াসমীন, বাচ্চু মিয়া, রফিকুল ইসলাম সুজন, আসাদ চৌধুরী, সালেহা ইসলাম সান্ত্বনা, সুমাইয়া ইসলাম, শামীমা আক্তার ও বাপ্পী দেব বর্মণসহ চারটি জোটের নেতারা উপস্থিত ছিলেন।




‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সরকার আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের চেহারা বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি, ক্যানসার চিকিৎসার সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনীয় জনবল নিয়োগসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’

সোমবার (২৬ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে আয়োজিত ‘মেডিকেল ফিজিক্স কার্যক্রমের উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন থেকে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি। শুধু উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উঁচু ভবন করা হবে। এখানেই আমরা থেমে থাকিনি। ইউনিয়নের প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে। আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্যসেবা খাতের চেহারা পরিবর্তন হবে ইনশাআল্লাহ।’

দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে সরকার ১৭টি রেডিওথেরাপি মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ১৭টি লিনিয়ার এক্সিলারেটর বা রেডিওথেরাপি মেশিন আনতে যাচ্ছি। এসব মেশিন স্থাপনের জন্য প্রয়োজনীয় বাংকার প্রস্তুত ও সংস্কারের কাজ চলছে। আগামী অর্থবছরে আরও বাংকার নির্মাণ করা হবে। এছাড়া আট বিভাগে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি জেলা পর্যায়েও এ সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।’




নিরাপদ খাদ্যের সব কার্যালয় ধূমপানমুক্ত ঘোষণা

পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অধীন সব কার্যালয়কে শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে তামাক নিয়ন্ত্রণসংক্রান্ত জাতীয় নির্দেশিকা অনুসরণ করে এসব কার্যালয় ধূমপানমুক্ত রাখতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যালয়কে শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘কর্তৃপক্ষের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও আগত অতিথিদের পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে আমরা শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধে উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম। তিনি জানান, তামাকের ধোঁয়ায় প্রায় ৭০০০ ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যার মধ্যে প্রায় ২৫০ ধরনের রাসায়নিক পদার্থ মানবদেহের জন্য ক্ষতিকর এবং মারাত্মক রোগ সৃষ্টি করে ও মৃত্যু ঘটায়। বাংলাদেশে প্রতিবছর তামাকের কারণে প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারায় এবং আচ্ছাদিত কর্মক্ষেত্রে ৪২.৭ শতাংশ ও সরকারি কার্যালয়ে ২১.৬ শতাংশ অধূমপায়ী নারী-পুরুষ পরোক্ষ ধূমপানজনিত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

বক্তারা জানান, দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করে, এর মধ্যে ধূমপান করে ১ কোটি ৯২ লাখ মানুষ এবং প্রায় ৪ কোটি মানুষ ধূমপান না করেও পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। কর্মক্ষেত্রের পাশাপাশি, ৪২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের শিকার হন। তাই পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সবাইকে রক্ষায় সব পাবলিক প্লেসকে শতভাগ ধূমপানমুক্ত রাখতে হবে।

এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতি থেকে সবাইকে রক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ এর বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন কর্মকর্তা ফেরদৌস আরাফাতের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত পরিচালক কাউছারুল ইসলাম সিকদার, ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সহকারী ডা. নায়লা পারভিন, আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সদস্যসহ বিভিন্ন বিভাগের পরিচালকরা।




আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা ২০২৬’ এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করলেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্ব প্রতিষ্ঠানটির ৭ম থেকে ৯ম শ্রেণির বাছাই করা সেরা শিক্ষার্থী এবং শিক্ষকরা পরিদর্শনে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। নতুন প্রজন্মকে বঙ্গভবন ও রাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্য বিষয়ে আগ্রহী করে তুলতে অভিনব এ আয়োজনে পরিদর্শনে আসা শিক্ষার্থীরা এই প্রথম রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে গুরুজন ও শিক্ষকদের যথাযথ সম্মান করার পাশাপাশি সন্তানের জন্য বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণে রেখে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, বাবা-মা, শিক্ষক, মুরব্বিদের সবসময় সম্মান করতে হবে। নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, তেমনি জাতির প্রত্যাশাও পূরণ হবে।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়, এটি রাষ্ট্রের প্রতীক, ইতিহাসের স্বাক্ষী। ভবিষ্যতে পালাক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনে নিয়ে আসা হবে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গভবন নিয়ে, রাষ্ট্র নিয়ে, ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে যেন তোমাদের আগ্রহ সৃষ্টি হয়, সেজন্যই আজ তোমাদের এই পরিদর্শন।

এ সময় রাষ্ট্রপতি বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ হয়ে নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো

জাপানে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে সহযোগিতা চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসো। তিনি বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বিনিয়োগে অত্যন্ত আগ্রহী।

সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তারো আসোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের নেতৃত্বে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অব্যাহত অবদানের জন্য তারো আসোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে ২০০৬ সালে জাপান সফরকালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে নিজের সাক্ষাতের কথাও স্মরণ করেন জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী।

জাপান-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে তারো আসো বলেন, বাংলাদেশের জনগণের একটি বড় অংশই তরুণ। দেশে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছে, যা বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে তারো আসো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকভাবে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পৃক্ততা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উভয়পক্ষ।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে তার সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কিছু আইনি পরিবর্তনও আনা হচ্ছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে তার সরকারের নেওয়া উদ্যোগগুলোও প্রধানমন্ত্রী বৈঠকে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর জোরদারে তারো আসোর সহযোগিতা প্রত্যাশা করেন। একইসঙ্গে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানের অব্যাহত সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারী এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসোর সঙ্গে উপস্থিত ছিলেন জাপানের সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশি সহ দেশটির সংসদের সিনিয়র সংসদ সদস্যরা৷




ঘূর্ণিঝড় ‘অর্ণব’ প্রবল হওয়ার শঙ্কা, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে প্রবল এবং পরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এর।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত নাগাদ পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বুধবার অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এই গতি ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশে আঘাতের আশঙ্কা কম

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ঘূর্ণিঝড়টির বাংলাদেশের দিকে আসার আশঙ্কা খুব কম। এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে বাংলাদেশের ওপর এর প্রভাব একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর বাংলাদেশের আবহাওয়াগত পরিস্থিতি নির্ভর করবে। তাই সমুদ্রবন্দরগুলোর সতর্কসংকেত এবং আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের প্রস্তাবিত নাম ‘অর্ণব’

বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর নাম নির্ধারণ করে এ অঞ্চলের ১৩টি দেশ। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক প্যানেলের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

এসব দেশের প্রস্তাবিত নামের তালিকা থেকে পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করা হয়। সেই তালিকা অনুযায়ী, বর্তমান ঘূর্ণিঝড়টির নাম ‘অর্ণব’, যা বাংলাদেশের প্রস্তাবিত। শব্দটির অর্থ সাগর।

তবে বঙ্গোপসাগর ও আরব সাগরে সক্রিয় দুটি লঘুচাপের মধ্যে যেটি আগে ঘূর্ণিঝড়ে রূপ নেবে, সেটিই এই নাম পাবে। পরবর্তী নাম ‘মুরাসু’, যা ভারতের প্রস্তাবিত। তামিল ভাষায় মুরাসু বলতে ঐতিহ্যবাহী ঢোল বা ডঙ্কাকে বোঝায়।

ঘূর্ণিঝড়ের নামকরণের মূল উদ্দেশ্য হলো পূর্বাভাস, সতর্কবার্তা ও জনসাধারণের মধ্যে তথ্য আদান-প্রদান সহজ করা। একই সময়ে একাধিক ঘূর্ণিঝড় সক্রিয় থাকলে নামের মাধ্যমে সেগুলো সহজে আলাদা করে শনাক্ত করা যায়।




কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে, দুপুর ১২টা ৩২ মিনিটে প্রথম তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। কারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।




ঢাকার রাজপথে আর বসতে পারবেন না হকার, নিউমার্কেটে উচ্ছেদে বিশেষ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেছেন, রাজপথে কোনো হকার বসতে পারবেন না। বিশেষ করে নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত থেকে হকারদের সরাতে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগানের স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা অন্যতম প্রধান সমস্যা। এ সমস্যা সমাধানে কাজ চলছে। অন্যদিকে, নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে। এ কারণে অনেকে ওই এলাকায় যেতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না। পরিস্থিতি বদলাতে দ্রুত বিশেষ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করতে হবে। রাজপথে হকার বসতে পারবেন না। তবে নিয়মের আওতায় ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হলে হকারদের সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণ তুলে ধরেন তিনি।

নাগরিক সেবা নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব

নগরবাসীকে প্রয়োজনীয় সেবা দেওয়া সিটি করপোরেশনের অন্যতম প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন প্রশাসক আব্দুস সালাম। তাঁর ভাষ্য, নগরবাসীর চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে কোনো অবহেলা বা সমস্যা থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, নগরীর সমস্যা সমাধান ও নাগরিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ প্রয়োজন।

সীমিত সক্ষমতায় সাড়ে তিন কোটি মানুষের সেবা বড় চ্যালেঞ্জ

একই অনুষ্ঠানে রাজধানীর সার্বিক উন্নয়ন, নাগরিক স্বস্তি এবং নগরজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, সিটি করপোরেশনের সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি আগের সরকারের সময়ে আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাধাগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, রাজধানীর কোন সড়ক বেশি গুরুত্বপূর্ণ এবং কোন এলাকায় উন্নয়ন বেশি প্রয়োজন, তা বিবেচনা করে কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ব্যক্তি বা এলাকার পরিচয় নয়, বরং প্রয়োজন ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হবে।

ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিত, বাড়বে কাজের গতি

রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করা হয়েছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সিটি করপোরেশন এসব সমস্যা সমাধানে কাজ করছে। তবে এখন পর্যন্ত নেওয়া উদ্যোগ যথেষ্ট নয়। কাজের গতি ও পরিধি বাড়ানোর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলো সম্পর্কে কর্তৃপক্ষ অবগত।

রাজধানীকে আরও বাসযোগ্য করে তুলতে সব শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মান উন্নয়নের উদ্যোগের মধ্য দিয়ে রাজধানীর দৈনন্দিন ভোগান্তি কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে সিটি করপোরেশন। তবে এসব উদ্যোগের কার্যকারিতা নির্ভর করবে পরিকল্পনার বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং নগরবাসীর সহযোগিতার ওপর।




ইরানের সঙ্গে আজ বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক সমন্বয় নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরানে বৈঠকে বসতে যাচ্ছেন মক্কা চুক্তিভুক্ত দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা।

আজ সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠেয় এ বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, তুরস্কের গোয়েন্দাপ্রধানও বৈঠকে যোগ দেবেন।

এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর, পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

পরিকল্পনা অনুযায়ী, ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলা বেড়ে সৌদি আরব আক্রান্ত হওয়ার পর এই প্রথম ইরান ও তিন দেশের জোটের সব সদস্যের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ হতে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জোরালো হামলা চলছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত এবং বিশ্বজুড়ে তেলের বাজারও অস্থিতিশীল। এ প্রেক্ষাপটে তেহরানের এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব নিজেদের নিরাপত্তা নিশ্চিত ও ইয়েমেন সংকটের লাগাম টানতে চায়, অন্যদিকে পাকিস্তান ও তুরস্ক সীমান্ত নিরাপত্তা বজায় রেখে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়া রোধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

এ অবস্থায় মক্কা চুক্তিভুক্ত এই তিন দেশের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব তেহরানে গিয়ে আলোচনার মাধ্যমে আঞ্চলিক ও অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর চেষ্টা করতে পারেন বলেই আশা।




ট্রাম্পের নির্দেশের ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলায় প্রস্তুত মার্কিন বাহিনী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বাহিনী। দেশটির সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় সামরিক শক্তি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এবার হামলা হলে তা শুধু ইরানের রাডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ও সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে দেশটির জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা ও পারমাণবিক কেন্দ্র।

এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘এটি বড় ধরনের অভিযান হবে।’ সংশ্লিষ্ট বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার ধারণা, ট্রাম্প সামরিক অভিযানের অনুমোদন দেবেন কি না, তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—কবে তিনি সেই নির্দেশ দেবেন। তাদের ধারণা, চলতি বছরের শেষ হওয়ার আগেই অভিযান শুরুর নির্দেশ আসতে পারে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ সম্ভাবনা বেশি।

পাল্টা হামলার আশঙ্কা:

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের সামরিক বাহিনী এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধকৌশল সম্পর্কে আগের চেয়ে বেশি জানে। ফলে সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো পুরোপুরি ধ্বংস করা মার্কিন বাহিনীর জন্য কঠিন হতে পারে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও পেন্টাগন বিস্তৃত লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করছে।

ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তিনি বড় ধরনের সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও অতীতেও তাকে কোনো পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে পরে শেষ মুহূর্তে সরে আসতে দেখা গেছে।

এদিকে সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে ইরান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পাল্টা আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও স্থাপনা ছাড়াও অন্য অঞ্চলে হামলার আশঙ্কা রয়েছে।

মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী, ইরান মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে হামলার পরিকল্পনা উন্নত পর্যায়ে পৌঁছেছে বলেও জানানো হয়েছে।

সম্ভাব্য উত্তেজনা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন দূতাবাস থেকে কর্মী সরিয়ে নেওয়ার প্রস্তুতিও চলছে। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দূতাবাসগুলোতেও একই ধরনের নির্দেশ আসতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন করে পাঠানোর কথা ছিল, এমন কিছু অপ্রয়োজনীয় মার্কিন সামরিক কর্মীর মোতায়েনও স্থগিত করা হয়েছে।