ইস্টার্ন ইন্স্যুরেন্সের এজিএমে ২২ শতাংশ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এ এস এম ওয়াহিদুজ্জামান। এ সময় কোম্পানির অন্যান্য পরিচালকসহ ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল মাহমুদ, ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত কোম্পানি সচিব সোহেল মাহমুদ। এ সময় বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা।
সভায় পরিচালক ও বিনিয়োগকারীরা ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোকপাত করেন। এতে দেখা যায়, আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির মোট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৪৯ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের বছর ছিল ৫৯ কোটি ২৮ লাখ টাকা। নিট প্রিমিয়াম দাঁড়িয়েছে ২৬ কোটি ৫৫ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৩১ কোটি ১১ লাখ টাকা। এ ছাড়া অবলিখন মুনাফা হয়েছে ১০ কোটি ৯৮ লাখ টাকা, যা আগের বছর ছিল ১৩ কোটি ৭২ লাখ টাকা।
এ ছাড়া শেয়ারহোল্ডার ইক্যুইটি ও বিনিয়োগ বেড়েছে বহুলাংশে। আলোচ্য বছরে শেয়ারহোল্ডার ইক্যুইটির পরিমাণ দাঁড়িয়েছে ২১৫ কোটি ৩৩ লাখ টাকা, যা আগের বছর ছিল ২০৯ কোটি ৫০ লাখ টাকা এবং বিনিয়োগ দাঁড়িয়েছে ২২২ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের বছর ছিল ২১৭ কোটি ১৫ লাখ টাকা। একইসাথে বেড়েছে মোট সম্পদের পরিমাণ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৪ কোটি ৩৮ লাখ টাকা, যা আগের বছর ছিল ২৭৬ কোটি ৭১ লাখ টাকা।
আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) বৃদ্ধি পেয়েছে। সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এনএভি দাঁড়িয়েছে ৫২ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর ছিল ৫১ টাকা ৫২ পয়সা। তবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কিছুটা কমে গিয়েছে। আলোচ্য বছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩ টাকা ৫৫ পয়সা, যা আগের বছর ছিল ৫ টাকা ১৬ পয়সা। বছর সমাপ্তান্তে বিনিয়োগকারীদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ যা বার্ষিক সাধারণ সভার অন্যান্য কার্যসূচির সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।