লাফার্জ হোলসিমের মুনাফায় উন্নতি

চলতি বছরের এপ্রিল থেকে জুন সময়ের ব্যবসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ হোলসিম বাংলাদেশের মুনাফায় উন্নতি হয়েছে। এতে অর্ধবার্ষিক (জানুয়ারি থেকে জুন) হিসাবেও কোম্পানিটির মুনাফায় উন্নতি হয়েছে। সেই সঙ্গে বেড়েছে সম্পদের পরিমাণ। পাশাপাশি ক্যাশ ফ্লো ভালো অবস্থানে রয়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ টাকা ৬ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা ৪১ পয়সা বেড়েছে।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৭ পয়সা। সমন্বিত বিক্রি বেশি হওয়া এবং সিমেন্টের দাম বাড়ায় মুনাফায় এই উন্নতি হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।

কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৭ পয়সা, যা ২০২২ সালের ডিসেম্বর শেষে ছিল ১৫ টাকা ২৫ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৪৬ পয়সা।