বাংলাদেশে বিনিয়োগে রুশ বিনিয়োগকারীদের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখীকরণে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জন্য রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে গম ও সার সরবরাহের বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানো এবং পণ্যের বৈচিত্র্য আনার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে রুশ বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে স্বাক্ষরের অপেক্ষায় থাকা চুক্তি ও সমঝোতাগুলো দ্রুত চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে দক্ষ জনশক্তি নিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এ ছাড়া শিক্ষাবৃত্তি ও শিক্ষার্থী-শিক্ষক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় রাশিয়ার দূতাবাসে ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে রাশিয়া গুরুত্ব দেয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে তার দেশ আগ্রহী।