রবি আজিয়াটা’র ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ডিজিটাল প্লাটফর্মে বিকাল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রবির বোর্ড চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই। এসময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) রাজীব শেঠী এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার। সভা পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ সাহেদুল আলম।
বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২৩ সালের জন্য অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্টের পুনঃনিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে। এছাড়া, সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন লাভ করে।
কোম্পানি সূত্রে জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৪ পয়সা। সেবছর ৫ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ৫০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল রবি। সেই হিসেবে শেয়ার প্রতি ১ পয়সা করে ইপিএস বেড়েছে। এর সঙ্গে বেড়েছে লভ্যাংশের পরিমাণও। সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১২ দশমিক ৮২ টাকা।