রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলো বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিচ্ছন্ন জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।

সাক্ষাতে দুই দেশের প্রতিনিধিরা কপ৩১ সম্মেলনে উচ্চপর্যায়ের আলোচনার বিষয়গুলো বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার জানান, কপ৩১ সম্মেলনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) একটি নতুন ব্যবস্থায় যুক্তরাজ্য প্রথমবারের মতো ৪০০ মিলিয়ন পাউন্ড অবদান রাখার ঘোষণা দিয়েছে। এ ব্যবস্থার লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো। বাংলাদেশকে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বিবেচনায় নিয়ে এখানে আরও জলবায়ু বিনিয়োগ আনার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়ে দুই পক্ষ সহযোগিতার কথা আলোচনা করেন।

এসময় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করার বিষয়টি উল্লেখ করে তিনি এ রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতারও প্রশংসা করেন শামা ওবায়েদ ইসলাম। এছাড়া রোহিঙ্গাদের পক্ষে সোচ্চার ভূমিকা রাখায় এবং সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করায় এডিনবার্গের ডাচেস সোফির (ব্রিটিশ রাজপরিবারের সদস্য) প্রশংসা করেন তিনি।

জবাবে ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ প্রসঙ্গে যুক্তরাজ্যে নিজের সাম্প্রতিক সফরের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফরে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সঙ্গে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে প্রতিষ্ঠানটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান সোমবার এসব তথ্য জানান।