মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হবে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড
শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকে ক্লোজড-এন্ড (মেয়াদি) থেকে ওপেন-এন্ডে (বেমেয়াদি) রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফান্ডটির ইউনিটধারীদের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) উপস্থিত সদস্যদের ৯৯ দশমিক ৯৯ শতাংশ এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে ফান্ডটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফান্ডটিকে ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে রূপান্তরের প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে ফান্ডটির এই রূপান্তর কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন।
সভায় উপস্থিত ইউনিটধারীদের মধ্যে ৯৯ দশমিক ৯৯ শতাংশ প্রস্তাবটির পক্ষে সম্মতি দেন। এর মাধ্যমে ফান্ডটির ধরন পরিবর্তনের বিষয়ে ইউনিটধারীদের অনুমোদন পাওয়া গেছে।
বিএসইসির মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫-এর ৬৩ বিধি অনুযায়ী বে-মেয়াদিতে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইউনিটধারীদের সম্মতি পেলেও কমিশনের অনুমোদন ছাড়া রূপান্তর কার্যকর হবে না।
উল্লেখ্য, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আর ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।