বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের সাবেক বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) ছুরিকাঘাতে হত্যার দায়ে লিমন মিয়া (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের এইচএম সোলায়মান হোসেনের ছেলে। লিমনকে একই মামলায় পৃথক দুটি ধারায় ১০ বছর করে কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে আবার কারাগারে পাঠানো হয়।
লিমন গাইবান্ধা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ২০১৮ সালে চাকরি ছেড়ে বাড়ি ফিরে তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে তাওসিফ ও তার মা তাসমিন নাহারকে ছুরিকাঘাত করেন লিমন। তাওসিফের বাবা আবদুর রহমান তখন রাজশাহী মহানগর দায়রা জজ ছিলেন। ঘটনার সময় তিনি বাসায় আদালতে ছিলেন।
‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেছিলেন লিমন। সেখানে তাওসিফ ও তার মা ছাড়া অন্য কেউ ছিলেন না। ছুরিকাঘাতের পর তাওসিফের রক্ত শরীরে মেখে নিজেও আহত হওয়ার ভান করে পড়ে থাকেন তিনি। পরে তাওসিফকে পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ। পরদিন বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ৩২ জনকে সাক্ষী করেন। বিচার চলাকালে আদালতে বিচারক আবদুর রহমান ও তার স্ত্রী তাসমিন নাহারসহ ২৯ জন সাক্ষ্য দেন। গত ৯, ১৪ ও ১৫ অক্টোবর মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।
তিনি বলেন, আসামি মানসিকভাবে সুস্থ কি না, তা জানতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানা যায়। পরিকল্পিতভাবে তাওসিফকে ছুরিকাঘাতে হত্যা ও তার মাকে আহত করেন লিমন।
রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশিদ বাবু। তিনি বলেন, আমরা এখনই বিস্তারিত বলছি না। তবে আমরা রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে আপিল করব।