হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টি করে রাজস্ব বাড়ানোই মূল লক্ষ্য : এনবিআর চেয়ারম্যান

হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টি করে দেশের রাজস্ব আদায় বাড়ানোই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব। একই সঙ্গে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের শতভাগ সততা, পেশাদারিত্ব ও সেবামুখী মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর এনবিআর ভবনের মাল্টিপারপাস হলে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কর কমিশনারদের যোগদান উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেস) অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আপনাদের হাতে সরকার যে ক্ষমতা ও কাজের সুযোগ দিয়েছে, সেটিকে টেকসই ও চিরস্থায়ী করতে হবে। যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করাই জীবনের সবচেয়ে বড় সাহসের পরিচয়। এনবিআরের প্রতিটি সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয়, এটি প্রাতিষ্ঠানিক ও সম্মিলিত সিদ্ধান্ত। তাই সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে সুশৃঙ্খলভাবে নিজের দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আরও বলেন, করদাতাদের অটোমেশন ও অনলাইন সেবার আওতায় আনার ফলে হয়রানি ও অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমেছে। গত অর্থবছরে প্রায় ৫০ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। চলতি অর্থবছরে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নবীন কর্মকর্তাদের সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।