ফটিকছড়িতে পাঁচ বাসকে জরিমানা, ১০ হাইড্রোলিক হর্ন জব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে পাঁচ বাস থেকে ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার গাউছিয়া মার্কেট ও আন্ডা মার্কেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এতে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়। প্রতিটি বাসকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
বিজ্ঞাপন

তিনি বলেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়েছে। এ সময় ১০টি হর্ন জব্দ করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উচ্চ শব্দের হাইড্রোলিক হর্নের ব্যবহার শব্দদূষণ বাড়ানোর পাশাপাশি পথচারী ও আশপাশের মানুষের ভোগান্তির কারণ হয়। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় অবৈধ হর্নের ব্যবহার বন্ধে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।ৃ