পতেঙ্গায় মিয়ানমার থেকে চোরাই পথে আনা স্ক্র্যাপসহ আটক ৭
চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা লোহার ও পুরোনো ব্যাটারি স্ক্র্যাপসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি বলেন, রোববার সকাল ৭টার দিকে পতেঙ্গা থানার সি বিচ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। এ সময় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ ও ২০ হাজার কেজি পুরোনো ব্যাটারি স্ক্র্যাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে সাতজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, মিয়ানমার থেকে ফিশিং বোটে করে স্ক্র্যাপগুলো অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। পরে কার্গো বোটের মাধ্যমে সেগুলো কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করানো হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা মালামাল, চোরাচালানে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।